ভাইরাসের জিনগত পরিবর্তন পর্যবেক্ষণ ও বিশ্লেষণের জন্য আর সব সময় প্রয়োজন হবে না শক্তিশালী কম্পিউটার, বিশেষজ্ঞের দীর্ঘ সময়ের শ্রম কিংবা ইন্টারনেট সংযোগ। সাধারণ ল্যাপটপেই অফলাইনে ভাইরাসের জিনোম বিশ্লেষণের কাজ সহজ করতে নতুন একটি সফটওয়্যার তৈরি করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ—আইসিডিডিআরবি’র গবেষকেরা।
‘ডিজেনরিজলভ’ (DeGenRESOLVE) নামের মুক্ত উৎসের এই ডেস্কটপ সফটওয়্যারটি ন্যানোপোর সিকোয়েন্সার থেকে পাওয়া প্রাথমিক তথ্যকে ব্যবহারযোগ্য ভাইরাসের জিনোম সিকোয়েন্সে রূপান্তর করতে পারে। একই সঙ্গে এটি বিশ্লেষণের বেশ কয়েকটি ধাপ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে। ফলে সীমিত প্রযুক্তিগত সুবিধা থাকা গবেষণাগারেও ভাইরাসের জিনগত পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে।
বিশেষ করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর মতো রোগসৃষ্টিকারী ভাইরাসের নতুন ধরন শনাক্ত ও সময়ের সঙ্গে তাদের জিনগত পরিবর্তন অনুসরণে সফটওয়্যারটি কাজে আসতে পারে।
সাধারণ ল্যাপটপেই চলবে, ইন্টারনেটের প্রয়োজন নেই
আইসিডিডিআরবি’র ওয়ান হেলথ ল্যাবরেটরিতে সফটওয়্যারটি তৈরি করেছেন গবেষক শোয়েব তাসকিন। গবেষণাটির কার্যকারিতা মূল্যায়নে প্রতিষ্ঠানটির ওয়ান হেলথ ল্যাবরেটরি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যুক্ত ছিলেন।
একবার ইনস্টল করার পর ডিজেনরিজলভ সাধারণ মানের ল্যাপটপে চালানো সম্ভব। সফটওয়্যারটির জন্য প্রয়োজন কোয়াড-কোর প্রসেসর ও ৮ গিগাবাইট মেমোরি। এটি সম্পূর্ণ অফলাইনে কাজ করতে পারে।
এ কারণে যেসব গবেষণাগারে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নেই, অথবা তথ্য সুরক্ষার নীতির কারণে সিকোয়েন্সিংয়ের তথ্য ইন্টারনেটের মাধ্যমে প্রক্রিয়াকরণ করা যায় না, সেখানেও সফটওয়্যারটি ব্যবহার করা যাবে।
ইলুমিনার ফলাফলের সঙ্গে ৯৯.৯৮ শতাংশ মিল
সফটওয়্যারটির কার্যকারিতা যাচাই করতে গবেষকেরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য ব্যবহার করেন। ডিজেনরিজলভের মাধ্যমে পাওয়া ফলাফল তুলনা করা হয় ইলুমিনা প্ল্যাটফর্মে স্বতন্ত্রভাবে তৈরি করা সিকোয়েন্সের সঙ্গে।
তুলনামূলক পরীক্ষায় দুই পদ্ধতির ফলাফলের মধ্যে ৯৯ দশমিক ৯৮ শতাংশের বেশি মিল পাওয়া গেছে। এ ক্ষেত্রে উন্মুক্ত ডেটাবেসে থাকা সবচেয়ে কাছাকাছি জিনোম সিকোয়েন্সগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়।
জিনোম সিকোয়েন্স হলো জীবের জিনগত উপাদানের ধারাবাহিক বিন্যাস। ভাইরাসের ক্ষেত্রে এই বিন্যাস বিশ্লেষণ করে তার বিভিন্ন ধরন শনাক্ত করা এবং সময়ের সঙ্গে জিনগত পরিবর্তন বোঝা সম্ভব। রোগের বিস্তার পর্যবেক্ষণ ও প্রাদুর্ভাব মোকাবিলায় এ ধরনের তথ্য গুরুত্বপূর্ণ।
এক ক্লিকেই একাধিক নমুনা বিশ্লেষণ
ডিজেনরিজলভ ব্যবহারের প্রক্রিয়াও সহজ রাখা হয়েছে। গবেষণাগারের কর্মীরা সফটওয়্যারে একটি ফোল্ডার এবং রেফারেন্স জিনোম যুক্ত করেই বিশ্লেষণ শুরু করতে পারবেন। একাধিক নমুনার তথ্য একসঙ্গে প্রক্রিয়াকরণের পাশাপাশি সফটওয়্যারটি জিনোম সিকোয়েন্স ও তার গুণগত মানসংক্রান্ত প্রতিবেদন তৈরি করে।
এ জন্য আলাদা করে কোনো কোড লেখার প্রয়োজন হয় না। এক বা একাধিক খণ্ডে বিভক্ত জিনোম রয়েছে—এমন ভাইরাসের ক্ষেত্রেও এটি কাজ করতে পারে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপধরন শনাক্ত করার ব্যবস্থাও এতে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা হয়েছে।
জিনোম সিকোয়েন্সের অনিশ্চিত অংশ যাচাইয়ের ক্ষেত্রে অভিজ্ঞ বিজ্ঞানীরা সাধারণত যেসব নিয়ম অনুসরণ করেন, সফটওয়্যারটি সেগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করে। এতে ম্যানুয়াল যাচাইয়ের প্রয়োজন কমে। তবে প্রয়োজনে বিশেষজ্ঞরা সফটওয়্যারের সেটিংস পরিবর্তন করে বিশ্লেষণ নিয়ন্ত্রণ করতে পারবেন।
বিশেষজ্ঞদের সময় ও শ্রম কমানোর লক্ষ্য
আইসিডিডিআরবি’র ওয়ান হেলথ ল্যাবরেটরির সহযোগী বিজ্ঞানী ও গবেষণার সঙ্গে যুক্ত গবেষক ড. মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, জিনোম সিকোয়েন্সের অনিশ্চিত অবস্থানগুলো হাতে ধরে যাচাই করা ছিল তথ্য বিশ্লেষণের সবচেয়ে ধীর এবং ব্যক্তিভেদে পরিবর্তনশীল ধাপগুলোর একটি। ডিজেনরিজলভ প্রতিবার একই নিয়ম অনুসরণ করে এবং প্রতিটি সিদ্ধান্তের কারণ সংরক্ষণ করে।
গবেষণাটির পরিকল্পনাকারী ও তত্ত্বাবধায়ক আইসিডিডিআরবি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর অনেক গবেষণাগারে ন্যানোপোর সিকোয়েন্সার থাকলেও তথ্য বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল ও পর্যাপ্ত সম্পদ নেই। এসব গবেষণাগারের প্রয়োজন বিবেচনায় রেখেই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।
প্রধান গবেষক শোয়েব তাসকিনের আশা, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশেও ভাইরাসের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণে ডিজেনরিজলভ ভূমিকা রাখবে। এর মাধ্যমে আরও বেশি গবেষণাগার এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মতো রোগসৃষ্টিকারী ভাইরাসের জিনগত পরিবর্তন সহজে অনুসরণ করতে পারবে।
গবেষণাটি সম্প্রতি ‘ফ্রন্টিয়ার্স ওপেন বায়ো’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
ইন্টারনেট ছাড়াই সাধারণ ল্যাপটপে ভাইরাসের জিনোম বিশ্লেষণের সফটওয়্যার তৈরি করেছে আইসিডিডিআরবি। পরীক্ষায় ইলুমিনার ফলাফলের সঙ্গে মিল ৯৯.৯৮ শতাংশের বেশি।












