একটি ভুল এমআরআই রিপোর্ট বদলে দিতে পারে একজন মানুষের পুরো জীবন। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গার্নার হেলথের প্রতিষ্ঠাতা নিক রেবারের জীবনে ঘটেছে তেমনই ঘটনা। ২০১৩ সালে তাঁর মেরুদণ্ডের এমআরআই পরীক্ষা ভুলভাবে বিশ্লেষণ করেছিলেন একজন রেডিওলজিস্ট। সেই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসক তাঁর বক্ষদেশের মেরুদণ্ডে অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু অস্ত্রোপচার সফল না হওয়ায় একের পর এক জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত তাঁকে একাধিকবার পুনরায় অস্ত্রোপচার করাতে হয়। এক দশকের বেশি সময় পার হলেও এখনো সেই চিকিৎসার পরিণতি তাঁকে ভোগ করতে হচ্ছে।
এই অভিজ্ঞতা থেকেই নিক রেবার উপলব্ধি করেছেন, স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বড় সম্ভাবনা থাকলেও তা রোগীদের প্রকৃত উপকারে আসছে না। তাঁর মতে, প্রযুক্তির অভাব নয়, বরং স্বাস্থ্যসেবা ব্যবস্থার আর্থিক কাঠামোই এ ক্ষেত্রে প্রধান বাধা।
রোগীর চেয়ে আয় বাড়াতে এআইয়ের ব্যবহার বেশি
নিক রেবারের প্রতিষ্ঠিত গার্নার হেলথ ৩২ কোটির বেশি রোগীর তথ্য বিশ্লেষণ করে চিকিৎসকদের কার্যকারিতা ও চিকিৎসার মান মূল্যায়ন করে। প্রতিষ্ঠানটির কাজের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, স্বাস্থ্য খাতে এআই দ্রুত ছড়িয়ে পড়লেও এর বড় অংশ ব্যবহৃত হচ্ছে হাসপাতাল ও বিমা প্রতিষ্ঠানের আয় বাড়ানো কিংবা ব্যয় নিয়ন্ত্রণের কাজে।
তাঁর মতে, অন্য যেকোনো শিল্পের মতো স্বাস্থ্য খাতেও নতুন প্রযুক্তির ব্যবহার নির্ভর করে আর্থিক লাভের ওপর। যে প্রযুক্তি প্রতিষ্ঠানের আয় বাড়ায়, সেটি দ্রুত গ্রহণ করা হয়। কিন্তু যে প্রযুক্তি রোগীর চিকিৎসার খরচ কমিয়ে দেয় বা অপ্রয়োজনীয় চিকিৎসা বন্ধ করে, সেটি ব্যবহারে আগ্রহ তুলনামূলক কম।
২০১৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার পথিকৃৎ জিওফ্রে হিন্টন বলেছিলেন, পাঁচ বছরের মধ্যে এআই রেডিওলজিস্টদের চেয়ে ভালো কাজ করতে পারবে। প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে তাঁর ধারণা অনেকটাই সঠিক প্রমাণিত হয়েছে।
সুইডেনে ৮০ হাজারের বেশি নারীর ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, এআইয়ের সহায়তায় স্তন ক্যানসার শনাক্তকরণে প্রচলিত পদ্ধতির তুলনায় বেশি ক্যানসার ধরা পড়েছে। একই সঙ্গে ভুল সতর্কবার্তার সংখ্যা না বাড়িয়েই রেডিওলজিস্টদের কাজের চাপ ৪৪ শতাংশ কমানো সম্ভব হয়েছে।
কিন্তু এত সাফল্যের পরও চিকিৎসা ব্যবস্থায় এআইয়ের ব্যবহার প্রত্যাশিত মাত্রায় বাড়েনি।
প্রযুক্তি আছে, কিন্তু ব্যবহার বাড়ছে না
যুক্তরাষ্ট্রে রেডিওলজিস্টের সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সাধারণ ধারণা হলো, এআই চিকিৎসকদের কাজের গতি বাড়িয়ে দিয়েছে। কিন্তু ৪ কোটি ৬০ লাখ চিকিৎসা পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে করা এক গবেষণায় দেখা গেছে, একজন রেডিওলজিস্ট প্রতিদিন গড়ে প্রায় ৪৯টি পরীক্ষা বিশ্লেষণ করেন। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই সংখ্যা প্রায় অপরিবর্তিত ছিল।
অর্থাৎ, এআই আসার পরও চিকিৎসকদের কাজের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেনি। বরং হাসপাতালগুলো আরও রেডিওলজিস্ট নিয়োগ দিয়েছে।
নিক রেবারের মতে, এআই ব্যবহার করে এমন বিশেষায়িত ইমেজিং সেন্টার গড়ে তোলা সম্ভব, যেখানে অল্পসংখ্যক দক্ষ রেডিওলজিস্টের সঙ্গে উন্নত এআই প্রযুক্তি কাজ করবে। এতে দ্রুত পরীক্ষা বিশ্লেষণ, ভুল শনাক্তকরণের ঝুঁকি কমানো এবং তুলনামূলক কম খরচে সেবা দেওয়া সম্ভব।
কিন্তু এমন প্রতিষ্ঠান খুব বেশি গড়ে উঠছে না। কারণ, হাসপাতালগুলোর আগে থেকেই ব্যয়বহুল ইমেজিং অবকাঠামো রয়েছে। অন্যদিকে, রোগীদেরও কম খরচের বিকল্প বেছে নেওয়ার যথেষ্ট আর্থিক প্রণোদনা নেই।
অনেক রোগী বছরের মধ্যেই স্বাস্থ্যবিমার নির্ধারিত নিজস্ব ব্যয়ের সীমা পূরণ করে ফেলেন। ফলে কম খরচের এমআরআই কিংবা হাসপাতালের ব্যয়বহুল এমআরআই—দুটির জন্য তাঁদের ব্যক্তিগত খরচ প্রায় একই হতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁরা সাধারণত হাসপাতালেই পরীক্ষা করান।
এতে উন্নত ও কম খরচের সেবা চালু করার জন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি হয় না।
বিল বাড়াতে এআইয়ের ব্যবহার
স্বাস্থ্য খাতে এআইয়ের আরেকটি ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গার্নার হেলথের প্রতিষ্ঠাতা। তাঁর মতে, হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এআই ব্যবহার করে চিকিৎসার বিলকে আরও জটিল ও ব্যয়বহুল হিসেবে উপস্থাপন করছে। অন্যদিকে, বিমা প্রতিষ্ঠানগুলো এআই ব্যবহার করছে বিভিন্ন দাবি যাচাই ও প্রত্যাখ্যানের কাজে।
তাঁর প্রতিষ্ঠানের গবেষণার হিসাবে, এআইয়ের সহায়তায় চিকিৎসা বিলের কোডিংয়ে পরিবর্তনের কারণে ২০২৬ সালে নিয়োগদাতাদের স্বাস্থ্যসেবা ব্যয় বৃদ্ধিতে প্রায় ১ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট যোগ হয়েছে। ওই বছর স্বাস্থ্যসেবা ব্যয় প্রায় ৯ শতাংশ বেড়েছে। অর্থাৎ, মোট ব্যয় বৃদ্ধির প্রায় এক-পঞ্চমাংশের সঙ্গে এ ধরনের পরিবর্তনের সম্পর্ক রয়েছে বলে তাঁর বিশ্লেষণে উঠে এসেছে।
এতে একটি বৈপরীত্য তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য খাত দ্রুত এআই গ্রহণ করছে, অথচ একই সময়ে স্বাস্থ্যসেবার ব্যয়ও দ্রুত বাড়ছে।
মেরুদণ্ডের চিকিৎসায় এআই কীভাবে কাজে আসতে পারে
নিক রেবার নিজের অভিজ্ঞতার উদাহরণ দিয়ে বলেছেন, পিঠের ব্যথার চিকিৎসায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চিকিৎসা নির্দেশিকা অনুযায়ী, সাধারণত পিঠের ব্যথার ক্ষেত্রে প্রথমেই এমআরআই বা অস্ত্রোপচারের পথে না গিয়ে ফিজিওথেরাপির মতো সাধারণ চিকিৎসা দিয়ে শুরু করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু বাস্তবে অনেক রোগী শুরুতেই এমআরআই করান।
গার্নার হেলথের তথ্য অনুযায়ী, যেসব রোগী প্রথমেই এমআরআই করান, তাঁদের পরবর্তী সময়ে অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় দ্বিগুণের বেশি।
নিক রেবারের মতে, চিকিৎসকরা অনেক সময় সতর্কতার জন্য পরীক্ষা করানোর পরামর্শ দেন। কিন্তু পরীক্ষা, অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসার প্রতিটি ধাপ থেকেই স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান আয় করে। অন্যদিকে, এসব ব্যয়ের চাপ বহন করতে হয় রোগী ও নিয়োগদাতাদের।
এখানেই এআইয়ের বড় সম্ভাবনা রয়েছে। রোগীর পরীক্ষা বা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার আগে লাখ লাখ একই ধরনের রোগীর চিকিৎসার ফলাফল বিশ্লেষণ করে এআই জানাতে পারে, কোন ক্ষেত্রে এমআরআই বা অস্ত্রোপচার প্রয়োজনীয় নয়।
এমনকি রোগীকে এমন ইমেজিং সেন্টারে পাঠানোর পরামর্শও দিতে পারে, যেখানে এআইয়ের সহায়তায় দ্রুত, নির্ভুল ও কম খরচে পরীক্ষা করা সম্ভব।
তবে এ ধরনের প্রযুক্তি অপ্রয়োজনীয় পরীক্ষা ও অস্ত্রোপচার কমিয়ে দিলে চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আয়ও কমতে পারে। ফলে আর্থিক স্বার্থের কারণেই এর ব্যবহার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্বাস্থ্যসেবার আর্থিক কাঠামো বদলানোর প্রয়োজন
নিক রেবারের মতে, এআইয়ের প্রকৃত সম্ভাবনা কাজে লাগাতে হলে স্বাস্থ্যসেবার অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করতে হবে। যুক্তরাষ্ট্রে নিয়োগদাতা ও সরকারি কর্মসূচিগুলো প্রতিবছর বিপুল অর্থ স্বাস্থ্যসেবায় ব্যয় করে। তাই চিকিৎসার মান ও খরচের বিষয়ে তারা বড় ধরনের পরিবর্তন আনার ক্ষমতা রাখে।
রোগীদের সামনে চিকিৎসার মান, সম্ভাব্য ফলাফল ও খরচের স্পষ্ট তথ্য তুলে ধরতে হবে। একই সঙ্গে কম খরচে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ তৈরি করতে হবে।
তাহলে হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোকে অন্য ব্যবসাপ্রতিষ্ঠানের মতোই রোগী আকৃষ্ট করতে প্রতিযোগিতা করতে হবে। এতে যারা এআই ব্যবহার করে রোগ নির্ণয়ের নির্ভুলতা বাড়াবে, সঠিক চিকিৎসা নিশ্চিত করবে এবং ব্যয় কমাবে, তারাই বেশি সুবিধা পাবে।
নিক রেবারের বক্তব্য, তাঁর ভুল এমআরআই শনাক্ত করতে পারত এমন প্রযুক্তি আজই রয়েছে। কিন্তু সেই প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার মতো আর্থিক ব্যবস্থা এখনো তৈরি হয়নি।












