কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪৪৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৩৫৪ জনই কিশোর।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত জেলার ১৭টি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আটক কিশোরদের মধ্যে ২৯৩ জনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া যায়নি। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়।
তবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ৬১ কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে কিশোরদের বাইরে আরও ৯১ জনকে মাদকসংক্রান্ত ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কিশোরদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ আরও বলেছে, কোনো কিশোর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে বা এ বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে অভিভাবকরা প্রয়োজন অনুযায়ী পুলিশের সহায়তা নিতে পারেন।
চট্টগ্রামে কিশোর গ্যাং সংস্কৃতি নিয়ে উদ্বেগের মধ্যে পুলিশের এই অভিযানকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।












