ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির অন্যান্য শহরে আরও ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনে অবস্থানরত বিদেশি নাগরিক ও কূটনীতিকদের দেশটি ছেড়ে যাওয়ার এবং নতুন করে ইউক্রেনে না যাওয়ার সতর্কবার্তা দিয়েছে মস্কো।
শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর রাশিয়ার বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর কথিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাবে রুশ বাহিনী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে সামরিক স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে বিদেশি নাগরিকদের উদ্দেশে বলা হয়, ইউক্রেনে অবস্থান করা বা দেশটিতে ভ্রমণ না করাই নিরাপদ। বিশেষ করে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কর্মীদেরও দেশটি থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা এই সতর্কবার্তা উপেক্ষা করবেন, তাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে তার সম্পূর্ণ দায় তাদের নিজেদের ওপর বর্তাবে।
সাম্প্রতিক সময়ে কিয়েভের অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা আরও তীব্র হয়েছে। শনিবারের বিমান হামলায় দনিপ্রো নদীর ওপর থাকা রাজধানীর একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। শীতের কঠিন সময় সামনে রেখে এসব হামলা কিয়েভের প্রায় ৩০ লাখ বাসিন্দার দৈনন্দিন জীবনকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে বলেছেন, রাশিয়ার ওপর ইউক্রেনের হামলার মূল্য ইউক্রেনকেই দিতে হচ্ছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রুশ বাহিনীর ধারাবাহিক হামলা অব্যাহত থাকবে।

এদিকে কৃষ্ণসাগরেও দুই দেশের হামলা-পাল্টা হামলা বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন একে অপরের শস্যবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। পাশাপাশি রাশিয়ার তেল শোধনাগার ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানে ইউক্রেনের হামলা অব্যাহত রয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতেও ইউক্রেনীয় ড্রোন হামলায় বেসামরিক মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
তবে বেসামরিক মানুষ বা বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করার অভিযোগ উভয় পক্ষই অস্বীকার করে আসছে।
রাশিয়ার নতুন সতর্কবার্তা এমন এক সময়ে এলো, যখন কিয়েভে অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়ছে এবং শীতের আগে রাজধানীর নিরাপত্তা ও নাগরিক জীবন নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে। কূটনীতিক ও বিদেশি নাগরিকদের শহর ছাড়ার আহ্বান পরিস্থিতির নতুন মাত্রার ইঙ্গিত দিচ্ছে।












