পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে আগামী বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব উদ্যাপনের অনুমতি দিতে যাচ্ছে প্রাদেশিক সরকার। উৎসবকে ঘিরে ঘুড়ি তৈরি, দাম নিয়ন্ত্রণ এবং ঘুড়ি ওড়ানোর নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে। বুধবার, ২১ অক্টোবর সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত স্থানে ঘুড়ি তৈরির অনুমতি দেওয়া হবে। পাশাপাশি ঘুড়ি ও সুতা বা নাটাইয়ের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ কৌশল তৈরি করা হয়েছে। উৎসব চলাকালে ঘুড়ি ওড়ানোর নিয়মকানুন এবং নিরাপত্তাব্যবস্থা আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। কোথায় কোথায় উৎসব অনুষ্ঠিত হবে এবং কী কী নিয়ম মানতে হবে, তা শিগগিরই ঘোষণা করা হতে পারে।
এর আগে গত মাসে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ লাহোরে ২০২৭ সালের ২৯ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ দিনব্যাপী বসন্ত উৎসব আয়োজনের অনুমোদন দেন। তবে ৫ ফেব্রুয়ারি কাশ্মীর দিবস পালনের জন্য এক দিনের বিরতি থাকবে বলে মুখ্যমন্ত্রীর একজন মুখপাত্র জানিয়েছিলেন।
মরিয়ম নওয়াজ বলেছেন, বসন্ত উৎসব পাঞ্জাবের ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিতে সহায়তা করবে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উৎসবের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।
দুই দশকেরও বেশি সময় পর চলতি বছরের ফেব্রুয়ারিতে লাহোরে প্রথমবারের মতো বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। ঘুড়ি ওড়ানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর তিন দিনব্যাপী এ আয়োজন করা হয়েছিল। কঠোর বিধিনিষেধের মধ্যে অনুষ্ঠিত উৎসবে শহরের সড়ক ও গলিগুলো আলো ও সাজসজ্জায় বর্ণিল হয়ে ওঠে। রাত গভীর হওয়া পর্যন্ত বিভিন্ন ভবনের ছাদে চলতে থাকে ঘুড়ি ওড়ানো ও মানুষের জমায়েত।
উৎসবে মানুষের যাতায়াত সহজ করতে বিনা মূল্যে পরিবহনসেবাও চালু করেছিল কর্তৃপক্ষ। আয়োজনটি সফল হওয়ায় পাঞ্জাবের জ্যেষ্ঠ প্রাদেশিক মন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব একে লাহোর ও পাকিস্তানের জন্য বিজয় হিসেবে বর্ণনা করেন। তিনি আশা প্রকাশ করেন, পরের বছর আরও জাঁকজমকপূর্ণভাবে বসন্ত উৎসব উদ্যাপন করা সম্ভব হবে।
আগামী বছর পাঞ্জাজুড়ে উৎসব আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে লাহোরের বাইরেও বসন্ত উদ্যাপনের সুযোগ তৈরি হবে। তবে উৎসবের বিস্তৃতি বাড়ানোর পাশাপাশি ঘুড়ি ওড়ানোর নিরাপত্তা, সুতা ব্যবহারের ঝুঁকি এবং বাজারদর নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা কতটা কার্যকর হয়, সেটিই হবে গুরুত্বপূর্ণ বিষয়।












