কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য জানান, বিকেল ৫টার দিকে মেরিনা রিসোর্ট জাদুঘর-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
তিনি জানান, পর্যটকদের দুটি দল সাগরে গোসল করতে নেমেছিল। একটি দল চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে এবং অন্যটি ঢাকার উত্তরার বাসিন্দা বলে জানা গেছে।
উদ্ধার হওয়া পর্যটককে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিখোঁজ তিন পর্যটককে খুঁজে বের করতে সাগরে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।












