পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের বিল ভাদুরিয়া গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে সুমন হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন হোসেন ওই গ্রামের রাবিউল ইসলামের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সুমনের ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হলে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে তিনি মারা যান।
পুলিশের এই কর্মকর্তা পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সুমন মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে তাকে হত্যার কারণ কী এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।












