মানিকগঞ্জে বাসের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় ধলেশ্বরী সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম বর্ষা। তার বয়স ৩৫ বছর। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার কালিয়াকৈর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গোলড়া এলাকায় হিজড়া সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে বসবাস করতেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতুব্বর জানান, সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী একটি রিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘সেলফি পরিবহনের’ একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি ঢাকা থেকে পাটুরিয়ার দিকে যাচ্ছিল।
সংঘর্ষের পর বর্ষা রিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় বাসটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান ওসি।
দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে বাসটি সেখানে রেখে যাওয়া হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে বর্ষার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।












