নেপালের রাসুয়া জেলার বিপর্যয়কে বোঝার জন্য শুধু একটি নাটকীয় নাম যথেষ্ট নয়। ভোতে কোসি–ত্রিশূলী নদীব্যবস্থায় ভয়াবহ ধ্বংসযজ্ঞকে ‘হিমালয়ান সুনামি’ বলে বর্ণনা করলে বিপর্যয়টির প্রকৃত কারণ আড়ালে থেকে যায়। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিও ভুল পথে পরিচালিত হতে পারে। এই ঘটনার মূল শিক্ষা শুধু এই নয় যে পাহাড়ি উপত্যকায় ভয়াবহ বন্যা হয়েছে; বরং হিমালয়ের উঁচু ঢালে ভূমিধসের মতো একটি বিপর্যয় কীভাবে ধারাবাহিক ঘটনাপ্রবাহের মাধ্যমে নিচের বিস্তীর্ণ এলাকাকে বিপর্যস্ত করেছে, সেটিই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নীতি নির্ধারণ, বৈজ্ঞানিক অনুসন্ধান ও জননিরাপত্তার জন্য এই পার্থক্য বোঝা জরুরি। সাধারণত সমুদ্রের বিপুল পরিমাণ পানি আকস্মিকভাবে স্থানচ্যুত হলে সুনামি সৃষ্টি হয়। কিন্তু রাসুয়ার বিপর্যয়ের সূচনা হয়েছিল স্থলভাগে, লাংটাং লিরুং পর্বতের উত্তর ঢালে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে শিলাস্তর ও হিমবাহের বরফের একটি বিশাল অংশ ভেঙে নিচে নেমে আসে। পাথর, বরফ ও গলিত পানি মিশে তৈরি হয় দ্রুতগতির ধ্বংসাত্মক প্রবাহ, যা পরবর্তী সময়ে নদীব্যবস্থাকে বিপর্যস্ত করে।
মানবিক ক্ষয়ক্ষতিও ভয়াবহ। নদীর তীরবর্তী এলাকা থেকে এখনও মরদেহ উদ্ধার করা হচ্ছে। ধ্বংসাবশেষ ভেসে গেছে আরও দূরে, আর নিখোঁজ স্বজনদের খোঁজে অপেক্ষা করছেন বহু পরিবারের সদস্য। এমন পরিস্থিতিতে বিপর্যয়টির জটিল বাস্তবতাকে আড়াল করে দেয়—এমন কোনো নামের ওপর নির্ভর করা উচিত নয়।
একটি পাহাড়ি বিপর্যয় যেভাবে বন্যায় রূপ নিল
ঘটনার ধারাবাহিকতা বিশ্লেষণ করা জরুরি। প্রাথমিক হিসাব অনুযায়ী, ভেঙে পড়া বিশাল অংশটি প্রায় ১ হাজার ২০০ মিটার নিচে লহেন্দে খোলা উপত্যকায় আছড়ে পড়ে। সেখানে পাথর, বরফ ও পানি ছড়িয়ে পড়ে এবং দ্রুতগতির ধ্বংসাবশেষের প্রবাহ তৈরি করে। একটি হিসাব বলছে, এই প্রবাহের অগ্রভাগ প্রথম ২২ কিলোমিটার পথ অতিক্রম করেছিল ঘণ্টায় প্রায় ১৯০ কিলোমিটার গতিতে। তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, গতির এই হিসাব নিয়ে এখনও পর্যালোচনা চলছে।
ধারণা করা হচ্ছে, তুষার ও পাথরের এই ধস এবং ধ্বংসাবশেষের প্রবাহ নদীর গতিপথে বাধা সৃষ্টি করে। বাধার পেছনে পানি ও পলিমাটি জমতে থাকে। একপর্যায়ে অস্থিতিশীল সেই বাধা ভেঙে গেলে ভোতে কোসি ও ত্রিশূলী নদীব্যবস্থায় প্রচণ্ড বেগে পানি, কাদা, পাথর ও পলি নেমে আসে।

অর্থাৎ, এটি ছিল একাধিক ঘটনার ধারাবাহিক প্রতিক্রিয়া—পাহাড়ের ঢাল ভেঙে পড়া, বরফ ও পাথরের ধস, নদীর প্রবাহ বাধাগ্রস্ত হওয়া, সেই বাধা ভেঙে যাওয়া এবং পরবর্তী বন্যা। এটি প্রচলিত অর্থে হিমবাহ-হ্রদ ভেঙে সৃষ্ট বন্যা ছিল না। আবার সাধারণ বর্ষাকালীন বন্যাও ছিল না।
এই পার্থক্য দুর্যোগ মোকাবিলার কৌশল বদলে দেয়। নদীর পানির উচ্চতা পর্যবেক্ষণ, সতর্কসংকেত, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পথ এবং উদ্ধার তৎপরতা অত্যন্ত জরুরি। কিন্তু এসব ব্যবস্থা মূলত বিপর্যয় শুরু হওয়ার পর নদীপথে ছড়িয়ে পড়া বিপদের দিকে নজর দেয়। বিপর্যয়ের সূচনা যদি নদী থেকে অনেক ওপরে কোনো অস্থিতিশীল ঢালে হয়, তাহলে শুধু নদী পর্যবেক্ষণ করে ভয়াবহ ক্ষতি ঠেকানোর মতো আগাম সতর্কতা পাওয়া কঠিন হতে পারে।
তাই নেপালের প্রয়োজন পাহাড়ি দুর্যোগ মোকাবিলায় আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গি। প্রতিটি বন্যাকে আলাদা ঘটনা হিসেবে বিবেচনা না করে পুরো পাহাড়ি ঢাল, নদী উপত্যকা ও আশপাশের অবকাঠামোকে একটি সমন্বিত ঝুঁকিব্যবস্থার অংশ হিসেবে দেখতে হবে।
হিমালয়ের বদলে যাওয়া ঝুঁকির ভিত্তি
বহু বছর ধরে হিমবাহ-হ্রদ এবং সেগুলোর পানি আকস্মিকভাবে বেরিয়ে আসার ঝুঁকি নিয়ে যথার্থভাবেই গবেষণা ও নীতিগত মনোযোগ দেওয়া হয়েছে। কিন্তু রাসুয়ার ঘটনা দেখিয়ে দিয়েছে, উষ্ণ হয়ে ওঠা পাহাড়ি পরিবেশের বিপদ শুধু হিমবাহ-হ্রদের আয়তন বৃদ্ধি বা সেগুলোর বাঁধ ভেঙে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়।
হিমবাহ পিছু হটলে অনেক ক্ষেত্রে আশপাশের উপত্যকার দেয়াল বা ঢালের ওপর থেকে তার সমর্থন সরে যেতে পারে। পারমাফ্রস্ট বা দীর্ঘ সময় হিমায়িত থাকা ভূমি গলতে শুরু করলে পাথরের ফাটলগুলোকে ধরে রাখা জমির শক্তি কমে যেতে পারে। গলিত পানি শিলার ফাটলে প্রবেশ করতে পারে, আর প্রবল বৃষ্টিপাত অস্থিতিশীল ঢালের ভেতরে চাপ বাড়াতে পারে। তুষার ও বরফের দ্রুত পরিবর্তনও আগে থেকেই দুর্বল পাহাড়ি ভূখণ্ডের ভারসাম্য নষ্ট করতে পারে।
এসব প্রক্রিয়া আলাদাভাবে কাজ করে না। কোনো পাহাড়ের ভূতাত্ত্বিক গঠন, ঢালের কোণ, ভূমিকম্পের তৎপরতা, পানির চাপ, আবহাওয়া এবং মাধ্যাকর্ষণ—সবকিছুই নির্ধারণ করে কখন ও কীভাবে ধস নামতে পারে। উচ্চ হিমালয়ের বর্তমান পরিস্থিতি তৈরিতে জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ধারণা করা হয়। তবে পর্যাপ্ত প্রমাণ ছাড়া কোনো একটি দুর্যোগের জন্য একক কারণকে দায়ী করা যথাযথ হবে না।

তারপরও বৃহত্তর পরিবর্তন উপেক্ষা করার সুযোগ নেই। মানুষের কর্মকাণ্ডজনিত বৈশ্বিক উষ্ণতা হিমবাহ, হিমায়িত ভূমি ও পাহাড়ি ঢালের পারস্পরিক সম্পর্ক বদলে দিচ্ছে। এর ফলে কিছু এলাকায় ভূমির স্থিতিশীলতা কমতে পারে এবং অতীতের পরিস্থিতি ধরে তৈরি করা পদ্ধতিতে বিপদের পূর্বাভাস দেওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে।
রাসুয়ার ঘটনা নেপালের জন্য একটি সতর্কবার্তা। ভবিষ্যতে এমন ধারাবাহিক বিপর্যয় আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, যেখানে হিমবাহের পরিবর্তন, বরফাবৃত ভূমি গলে যাওয়া, অস্থিতিশীল পাথর, নদীর প্রবাহে বাধা এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো একসঙ্গে একটি বড় সংকট তৈরি করে। পাহাড়ের একটি ঢাল ভেঙে পড়ার ঘটনা পুরো উপত্যকাকে বিপর্যস্ত করতে পারে। একই সঙ্গে সড়ক, বসতি, জলবিদ্যুৎকেন্দ্র ও বাণিজ্যপথও ঝুঁকিতে পড়তে পারে।
এই ঝুঁকি নেপালের সীমানায় আটকে নেই। হিন্দুকুশ হিমালয় অঞ্চলে আনুমানিক ৫৪ হাজার হিমবাহ রয়েছে, যেগুলোর মোট আয়তন প্রায় ৬০ হাজার বর্গকিলোমিটার। এই অঞ্চলের তুষার ও বরফের পানি এশিয়ার দশটিরও বেশি প্রধান নদীব্যবস্থাকে সচল রাখে। এসব নদীর পানির ওপর নির্ভরশীল ভাটির অঞ্চলের দুইশ কোটিরও বেশি মানুষ। একই সঙ্গে প্রায় ২৪ কোটি মানুষ বসবাস করেন এই পাহাড়ি অঞ্চলে।
এই পরিসংখ্যান স্পষ্ট করে যে হিমালয়ের ঝুঁকি কোনো দূরবর্তী পরিবেশগত সমস্যা নয়। এখানকার ভূপ্রকৃতির অস্থিতিশীলতা পানির নিরাপত্তা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন দেশের মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত করতে পারে।
হিমবাহ ও পারমাফ্রস্ট ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক কেন্দ্র
এই জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় একটি আন্তর্জাতিক হিমবাহ ও পারমাফ্রস্ট কেন্দ্র প্রতিষ্ঠার যুক্তি আরও জোরালো হয়েছে। এর লক্ষ্য হওয়া উচিত হিমবাহ ও হিমায়িত ভূমিসংক্রান্ত বিপদ সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান বাড়ানো এবং সেই জ্ঞানকে ঝুঁকি কমানোর বাস্তব পদক্ষেপে রূপান্তর করতে দেশগুলোকে সহায়তা করা।
এটি এমন কোনো প্রতিষ্ঠান হওয়া উচিত নয়, যা বিপর্যয়ের পরে প্রতিবেদন প্রকাশ করেই দায়িত্ব শেষ করবে। বরং স্যাটেলাইট পর্যবেক্ষণ, মাঠপর্যায়ের গবেষণা, পারমাফ্রস্টের অবস্থা পর্যবেক্ষণ, পাহাড়ি ঢালের স্থিতিশীলতা বিশ্লেষণ, হিমবাহসংক্রান্ত ঝুঁকি নিরূপণ এবং আগাম সতর্কব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোয় যুক্ত করতে হবে।
কোনো হিমবাহ-আচ্ছাদিত ঢাল ভেঙে পড়লে কোথায় নদীর প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে, কোথায় সেই বাধা ভেঙে আকস্মিক বন্যা তৈরি হতে পারে এবং কোন বসতি বা অবকাঠামো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে—এসব বিষয়ে আগেভাগে ধারণা দেওয়ার সক্ষমতা থাকতে হবে কেন্দ্রটির।
এ ধরনের গবেষণার ফল ভূমি ব্যবহার, অবকাঠামো নির্মাণ ও দুর্যোগ প্রস্তুতির পরিকল্পনায় কাজে লাগাতে হবে। সংকীর্ণ পাহাড়ি উপত্যকায় নির্মিত সড়ক, জলবিদ্যুৎ প্রকল্প, বসতি ও বাণিজ্যপথের ঝুঁকি মূল্যায়নের সময় শুধু বন্যা, ভূমিধস বা হিমবাহের পরিবর্তনকে আলাদা করে দেখলে চলবে না। একাধিক বিপদ ধারাবাহিকভাবে ঘটলে তার সম্মিলিত প্রভাবও বিবেচনায় নিতে হবে।
কেন্দ্রটি বিভিন্ন দেশের মধ্যে বৈজ্ঞানিক তথ্য বিনিময় এবং আন্তসীমান্ত সহযোগিতাও বাড়াতে পারে। বরফ, পাথর ও পানি রাজনৈতিক সীমানা মেনে চলে না। এক দেশে শুরু হওয়া বিপর্যয় অন্য দেশের মানুষ ও অবকাঠামোর ওপরও প্রভাব ফেলতে পারে। তাই পর্যবেক্ষণ, পূর্বাভাস ও জরুরি সাড়াদানের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
এই প্রয়োজন শুধু হিমালয় অঞ্চলের নয়। আন্দিজ, আল্পস, ককেশাস, মধ্য এশিয়া ও আর্কটিক অঞ্চলেও হিমবাহ এবং হিমায়িত ভূমির পরিবর্তন ঘটছে। একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসব অঞ্চলের দেশগুলোর মধ্যে গবেষণা বিনিময়, পর্যবেক্ষণ পদ্ধতির উন্নয়ন এবং স্থানীয় বাস্তবতার উপযোগী অভিযোজননীতি তৈরিতে সহায়তা করতে পারে।
তবে হিন্দুকুশ হিমালয় বিশেষ মনোযোগের দাবি রাখে। কারণ, দ্রুত পরিবর্তনশীল উচ্চ পার্বত্য পরিবেশের নিচেই রয়েছে ঘনবসতিপূর্ণ নদী অববাহিকা। এখানে বৈজ্ঞানিক জ্ঞানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ধারাবাহিক বিনিয়োগ এবং বিপর্যয়ের আগেই পদক্ষেপ নেওয়ার রাজনৈতিক সদিচ্ছার সমন্বয় প্রয়োজন।

বিপর্যয়ের পর পুনর্গঠন নয়, আগেই ঝুঁকি কমানো
শুধু একটি নতুন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করলেই পাহাড়ি জনপদ নিরাপদ হয়ে উঠবে না। কার্যকর অভিযোজনের জন্য সরকারগুলোকে বৈজ্ঞানিক তথ্য ব্যবহার করে অবকাঠামো নির্মাণ, বসতির সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ ঢালগুলোর অগ্রাধিকারভিত্তিক পর্যবেক্ষণ সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। আগাম সতর্কব্যবস্থায় বিপদের ধারাবাহিকতা বিবেচনা করা জরুরি—বিশেষ করে ভূমিধস বা তুষার-পাথরের ধসের কারণে নদীর প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা।
এর জন্য হিমবাহ, নদী, আবহাওয়া, ভূতত্ত্ব, অবকাঠামো ও জরুরি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। বিচ্ছিন্ন তথ্যভান্ডার ও পরস্পরবিচ্ছিন্ন দায়িত্বব্যবস্থা একই পাহাড়ি এলাকার ঝুঁকি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যের ঘাটতি তৈরি করতে পারে। তাই বৈজ্ঞানিক সহযোগিতার পাশাপাশি তথ্য বিনিময় এবং সেই তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কার্যকর কাঠামো গড়ে তুলতে হবে।
হিমালয় অঞ্চলে অভিযোজনের সাফল্য আর শুধু বন্যার পরে কত দ্রুত সড়ক মেরামত করা হলো বা ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হলো, তা দিয়ে বিচার করা যাবে না। বিপজ্জনক ঢাল আগে থেকে শনাক্ত করা গেছে কি না, ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষিত করা হয়েছে কি না এবং সময় থাকতে মানুষকে সতর্ক করা গেছে কি না—এসবও সাফল্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি হওয়া উচিত।
রাসুয়ার ঘটনা প্রচলিত বন্যা পর্যবেক্ষণব্যবস্থা পরিত্যাগ করার শিক্ষা দেয় না। বরং এই ব্যবস্থাকে এমন একটি বিস্তৃত কাঠামোর অংশ করার প্রয়োজনীয়তা তুলে ধরে, যা বিপর্যয়ের সূচনাকারী প্রক্রিয়াগুলোও শনাক্ত করতে পারে। বন্যা এবং সেই বন্যা সৃষ্টিকারী পাহাড়ি ধসের মধ্যে পার্থক্য বোঝাই কার্যকর প্রস্তুতির ভিত্তি।
নেপাল, তার প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এখন দুটি পথ। প্রতিটি বিপর্যয়ের পরে আলাদা জরুরি পরিস্থিতি হিসেবে প্রতিক্রিয়া জানানো, অথবা পরিবর্তনশীল পাহাড়ি পরিবেশে পরস্পরসংযুক্ত ঝুঁকি আগেভাগে শনাক্ত করার বৈজ্ঞানিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা।
পরবর্তী বিপর্যয়ের সূচনা হতে পারে নদী থেকে বহু ওপরে, এমন কোনো ঢালে, যা নিচের উপত্যকায় বসবাসকারী মানুষের চোখে পড়বে না। কিন্তু তার পরিণতি বহন করতে হবে সেই মানুষদেরই। তাই বিপর্যয় ঘটার পর প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি বিপদের উৎস শনাক্ত করে আগেই প্রস্তুতি নেওয়ার সময় এখনই।












