ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে আট বছর আগের একটি মানহানির মামলা থেকে খালাস দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা কথিত আপত্তিকর মন্তব্যের জেরে মামলাটি করা হয়েছিল। সোমবার, ২৬ অক্টোবর, উত্তর প্রদেশের সুলতানপুরের এমপি/এমএলএ আদালত এ রায় দেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। ২০১৮ সালে ভারতের কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে একটি নির্বাচনী সমাবেশে অমিত শাহকে নিয়ে তিনি কথিত আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। ওই সময় শাহ ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি।
এ ঘটনায় ২০১৮ সালের ৪ আগস্ট রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেন সুলতানপুরের স্থানীয় বিজেপি নেতা বিজয় মিশ্র। তিনি জেলা সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যানও ছিলেন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাহুল গান্ধী আদালতে হাজির হয়ে জামিন পান। সে সময় তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন।
রাহুলের আইনজীবী কাশী প্রসাদ শুক্লা মামলাটিকে ভিত্তিহীন বলে দাবি করেন এবং তা খারিজের আবেদন জানান। শেষ পর্যন্ত বিশেষ আদালত তাঁকে এ মামলা থেকে খালাস দেন।












