গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে পশ্চিম শৈলডুবি এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। এর ১১ মিনিট পর, সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরবর্তী সময়ে আরও ইউনিট যুক্ত করা হয়। সব মিলিয়ে বর্তমানে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৭ অক্টোবর বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।












