ঢাকার ফুটপাত দখলমুক্ত করতে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, অবৈধ দখলদারদের সরিয়ে সব ফুটপাত চলাচলের উপযোগী না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর মিরপুরের সেকশন-১ এলাকায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদে পরিচালিত অভিযানের সময় তিনি এ কথা বলেন। সকাল ও বিকেলে দুই ধাপে এই অভিযান চালানো হয়।
ডিএনসিসি প্রশাসক বলেন, মিরপুরের শাহ আলী, দারুস সালামসহ আশপাশের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ফুটপাত দখলমুক্ত করা। নগরবাসীর কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, একে একে প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে। চলমান অভিযান সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেরই অংশ।
তিনি বলেন, অসাধু হকার ও দখলদারেরা দীর্ঘদিন ধরে ব্যবসার নামে সড়ক ও ফুটপাত দখল করে রেখেছেন। এতে নগরবাসী নির্বিঘ্নে হেঁটে চলার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ সমস্যা নিয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন বাজার কমিটির নেতারা একাধিকবার তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন।
শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখা নৈতিক দায়িত্ব। পরিচ্ছন্ন ঢাকা, সবুজ ঢাকার যে লক্ষ্য নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে কোনো বাধা সফল হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, জনগণের রায়কে খাটো করা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাশ কাটিয়ে কোনো কর্মকাণ্ড চালানোর ষড়যন্ত্রও সফল হবে না।
ডিএনসিসি প্রশাসক জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী। পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
ডিএনসিসি প্রশাসন জানিয়েছে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ফুটপাতের জনসাধারণের ব্যবহারাধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ উদ্যোগ সফল করতে নগরবাসীর সহযোগিতাও চেয়েছে সংস্থাটি।












