দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু, দুটিই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী ৬ হাজার ১৭ জন।
নভেম্বরের প্রথম দুই দিনেই ডেঙ্গুতে প্রাণ গেছে ১৪ জনের। চলতি বছর এ রোগে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৩৩ জনে। বছরের শেষ দিকেও সংক্রমণ কমছে না, এতে জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ বাড়ছে।
সোমবার প্রকাশিত অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। দেশের আটটি বিভাগেই নতুন রোগী ভর্তি হয়েছেন।
অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন।
মৃত্যুর হিসাবে অক্টোবর ছিল চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী মাস। ওই মাসে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে মারা গেছেন ১৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুর তথ্য সংরক্ষণ করছে। ২০২৩ সালে দেশে সবচেয়ে বড় প্রাদুর্ভাব দেখা যায়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। তখন হাসপাতালে ভর্তি রোগী ছিলেন ১ লাখ ২ হাজারের বেশি। চলতি বছর ভর্তি রোগীর সংখ্যা ইতিমধ্যে গত বছরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। মৃত্যুও ৪০০ ছাড়িয়েছে।










