দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৪৯২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
তাঁদের মধ্যে ১ হাজার ৩৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী, চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৫২ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৫ জনের।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে, ৫১১ জন। এরপর সিলেটে ২০২, চট্টগ্রামে ১১২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৯, খুলনায় ৫৭ এবং রংপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের, ৪৭৬ জন। চট্টগ্রামে ৩১১, বরিশালে ১৫০, সিলেটে ১৪১, খুলনায় ১২৫, ময়মনসিংহে ১০০, রাজশাহীতে ৪৩ এবং রংপুরে ৩৯ জন ভর্তি হয়েছেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।
এ হিসাবের কিছু সীমাবদ্ধতা আছে। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা করা হয় না। ফলে কতজন হামে আক্রান্ত হয়েছেন, তা নির্দিষ্ট করে জানা কঠিন।
অধিদপ্তরের হিসাবে মূলত হাসপাতালে আসা ও ভর্তি রোগীদের তথ্যই থাকে। তাই প্রকাশিত পরিসংখ্যান সামগ্রিক আক্রান্তের পূর্ণ চিত্র তুলে ধরে না।










