রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মেডিক্যালের পাশে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে যায়।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান রাত ২টার দিকে ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পায়।
খাবার খেতে যাওয়ার সময় বাসে আগুন
পুলিশ জানায়, বাসটির চালক ও সহকারী রাত ১১টা ২০ মিনিটের দিকে মাতুয়াইল মেডিক্যালের পাশে সেটি পার্কিং করে খাবার খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তাঁরা বাসটিতে আগুন জ্বলতে দেখেন।
পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কদমতলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কারা আগুন দিয়েছে, জানা যায়নি
প্রাথমিকভাবে বাসটিতে কারা বা কী কারণে আগুন দিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদেরও শনাক্ত করতে পারেনি পুলিশ।












