ওয়েন ম্যাথিউজের বিশ্লেষণে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা হলো বিশ্বের প্রধান শক্তিগুলোকে নিয়ে এমন একটি সমঝোতায় পৌঁছানো, যেখানে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তাব্যবস্থা নির্ধারিত হবে কয়েকটি পরাশক্তির সিদ্ধান্তে। ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের মতো একটি ব্যবস্থা, যেখানে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেনের নেতারা যুদ্ধোত্তর ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করেছিলেন। কিন্তু ২০২৬ সালের বিশ্ব বাস্তবতা ১৯৪৫ সালের মতো নয়। আর বর্তমান রাশিয়াও স্টালিনের সোভিয়েত ইউনিয়ন নয়। ফলে চীনের শেনঝেনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে মস্কোর যে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবতার চেয়ে রাজনৈতিক কল্পনার কাছাকাছি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন, চলতি মাসের শেষ দিকে চীনের শেনঝেনে সম্ভাব্য সম্মেলনটি নতুন ইয়াল্টা সম্মেলনে পরিণত হতে পারে। তাঁর মতে, ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে এমন একটি বড় শক্তির বৈঠক রাশিয়াই সবচেয়ে বেশি চায়। জেলেনস্কির এই আশঙ্কার পেছনে যুক্তি রয়েছে। কারণ, তিন দেশের নেতাদের নিয়ে আলোচনার প্রস্তাবটি মূলত ক্রেমলিন থেকেই সামনে এসেছে।
রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি-সংক্রান্ত সহযোগী ইউরি উশাকভ প্রথম যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের ত্রিপক্ষীয় বৈঠকের ধারণা প্রকাশ করেন। তাঁর দাবি ছিল, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আগ্রহ থেকেই বিষয়টি সামনে এসেছে। পরে ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় পুতিনও তিন দেশের বৈঠকের বিষয়টি তোলেন। ওই আলোচনায় রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টিও ছিল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এমন বৈঠককে আন্তর্জাতিক অস্থিরতা থেকে স্থিতিশীলতার দিকে ফেরার সম্ভাব্য সূচনা হিসেবে তুলে ধরেন। রাশিয়ার জাতীয়তাবাদী রাজনৈতিক ও গণমাধ্যম মহলেও বিষয়টি নিয়ে উচ্ছ্বাস দেখা যায়। তাদের কেউ কেউ প্রকাশ্যেই বিশ্বের বিভিন্ন অঞ্চলকে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রভাববলয়ে ভাগ করে নেওয়ার স্বপ্ন দেখাতে শুরু করেন।
কিন্তু ওয়াশিংটন ও বেইজিংয়ের অবস্থান মস্কোর প্রত্যাশার সঙ্গে মিলছে না।
ট্রাম্প ও সি চিন পিংয়ের হিসাব আলাদা
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিন দেশের মধ্যে কোনো বৈঠক হলে তার আলোচ্য বিষয় হতে পারে অস্ত্র নিয়ন্ত্রণ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ। অর্থাৎ ইউক্রেনের ভবিষ্যৎ কিংবা বিশ্বকে নতুন করে প্রভাববলয়ে ভাগ করার বিষয়ে রাশিয়ার প্রত্যাশাকে তিনি সমর্থন করেননি।
চীনের অবস্থানও মস্কোর জন্য স্বস্তিদায়ক নয়। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে আলোচনায় সি চিন পিং স্পষ্ট করেছেন, ইউরোপকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন মিলে ইউক্রেন যুদ্ধের নিষ্পত্তির শর্ত নির্ধারণ করুক, এমন কাঠামো বেইজিং সমর্থন করে না।
চীনের এই অবস্থানের পেছনে কৌশলগত হিসাব রয়েছে। ইউরোপ চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বাজার। ইউক্রেন যুদ্ধের সমাধান নির্ধারণে রাশিয়ার পাশে দাঁড়িয়ে ইউরোপকে বিচ্ছিন্ন করা বেইজিংয়ের জন্য লাভজনক নয়। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক সামলানোও চীনের বড় কূটনৈতিক অগ্রাধিকার।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউক্রেন যুদ্ধের সঙ্গে চীনের বর্তমান সম্পর্ক বেইজিংকে সুবিধা দিচ্ছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়িয়ে দেশটি একদিকে নতুন বাজার ও কাঁচামালের সরবরাহ নিশ্চিত করছে, অন্যদিকে যুদ্ধের দায় সরাসরি নিজের কাঁধে নিচ্ছে না। রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতায় সহায়তা করলেও আনুষ্ঠানিকভাবে নিজেকে নিরপেক্ষ শক্তি হিসেবে উপস্থাপনের সুযোগ পাচ্ছে চীন। কোনো শান্তি চুক্তিতে সরাসরি যুক্ত হলে সেই চুক্তির ব্যর্থতার দায়ও বেইজিংয়ের ওপর আসতে পারে। ফলে রাশিয়ার প্রস্তাবিত ত্রিপক্ষীয় সম্মেলনে চীনের বিশেষ আগ্রহ থাকার কারণ সীমিত।
পুতিনের পরাশক্তি হওয়ার আকাঙ্ক্ষা বনাম রাশিয়ার বাস্তবতা
পুতিনের কূটনৈতিক চিন্তায় ইয়াল্টা সম্মেলনের গুরুত্ব নতুন নয়। ২০২০ সালের জুনে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর প্রায় দুই বছর আগে তিনি ইয়াল্টা চুক্তির প্রশংসা করেছিলেন। তাঁর যুক্তি ছিল, ওই সমঝোতা বড় শক্তিগুলোর মধ্যে বিরোধ থাকা সত্ত্বেও কূটনৈতিক যোগাযোগের একটি কাঠামো তৈরি করেছিল।
একই সময়ে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে নিয়ে সম্মেলনের প্রস্তাব দেন। তাঁর লক্ষ্য ছিল ইউরেশিয়ায় এমন একটি নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা, যেখানে মহাদেশের সব দেশের স্বার্থ বিবেচনায় নেওয়া হবে।
পরবর্তী সময়ে পুতিন বারবার ইউরোপকেন্দ্রিক ও ন্যাটোনির্ভর নিরাপত্তাকাঠামোর সমালোচনা করেছেন। তাঁর বক্তব্যে নতুন, সমতাভিত্তিক ও অবিভাজ্য নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠার দাবি উঠে এসেছে।
কিন্তু এসব বক্তব্যের বাস্তব রাজনৈতিক অর্থ হলো, রাশিয়ার প্রতিবেশী অঞ্চলে ন্যাটোর প্রভাব সীমিত রাখা, বিশেষ করে ইউক্রেন ও ককেশাসে মস্কোর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। সমস্যা হলো, এই দাবি মেনে নেওয়ার মতো আন্তর্জাতিক ক্ষমতা রাশিয়ার হাতে আগের মতো নেই।
অর্থনৈতিক শক্তির বিচারে রাশিয়ার নামমাত্র মোট দেশজ উৎপাদন ইতালির কাছাকাছি। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে প্রায় পাঁচ বছর ধরে যুদ্ধ চালিয়েও মস্কো দেশটির ভূখণ্ডের ২২ শতাংশের বেশি নিয়ন্ত্রণে নিতে পারেনি। রুশ সামরিক বাহিনী বিপুলসংখ্যক সেনা হারিয়েছে এবং রাষ্ট্রীয় বাজেটের ৪১ শতাংশের বেশি সামরিক খাতে ব্যয় করেও প্রত্যাশিত বিজয় অর্জন করতে পারেনি।
১৯৪৫ সালে ইয়াল্টায় জোসেফ স্টালিন বসেছিলেন বিজয়ী শক্তির নেতা হিসেবে। স্টালিনগ্রাদ ও কুরস্কের যুদ্ধে জার্মান বাহিনীকে পরাজিত করার পর তাঁর নেতৃত্বাধীন সোভিয়েত সেনাবাহিনী পূর্ব ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করছিল। সেই সামরিক ও রাজনৈতিক বাস্তবতা তাঁকে বিশ্বব্যবস্থা নির্ধারণের আলোচনায় সমান অংশীদার করেছিল।
পুতিনের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। ইউক্রেনের তুলনায় রাশিয়ার অর্থনীতি ও জনসংখ্যা অনেক বড় হলেও প্রতিবেশী দেশটিকে নিজের রাজনৈতিক শর্তে পরিচালিত করতে তিনি ব্যর্থ হয়েছেন। ফলে স্টালিনের ঐতিহাসিক অবস্থানের সঙ্গে পুতিনের বর্তমান অবস্থানের তুলনা টেকে না।
পারমাণবিক অস্ত্র থাকলেই বিশ্বনেতৃত্ব আসে না
রাশিয়ার হাতে এখনো দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ রয়েছে—পারমাণবিক অস্ত্র এবং জ্বালানি সম্পদ। কিন্তু এই দুই সম্পদও পুতিনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের নিশ্চয়তা দিতে পারছে না।
বিশ্ব ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্রের মজুত থাকলেও প্রচলিত যুদ্ধে তা সরাসরি সামরিক বিজয় নিশ্চিত করে না। কূটনীতিতেও এর ব্যবহার সীমিত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অভিজ্ঞতা দেখিয়েছে, পারমাণবিক শক্তি প্রতিপক্ষকে ভয় দেখাতে পারলেও সব রাজনৈতিক লক্ষ্য অর্জনের কার্যকর বিকল্প নয়।
জ্বালানি সম্পদের ক্ষেত্রেও রাশিয়ার অবস্থান পরিবর্তনশীল। মধ্যপ্রাচ্যে সংঘাত এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর রুশ তেল ও গ্যাসের কৌশলগত গুরুত্ব বেড়েছে। কিন্তু উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ স্বাভাবিক হলে এই সুবিধা কমে যেতে পারে। তেলের দাম কমলে রাশিয়ার রাষ্ট্রীয় রাজস্বও চাপে পড়বে।
অন্যদিকে ট্রাম্প নিজেও এমন অবস্থানে নেই, যেখান থেকে তিনি এককভাবে নতুন বিশ্বব্যবস্থা নির্ধারণ করতে পারেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা এবং মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তাঁর নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দেশের ভেতরেও তাঁর জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থান নিয়ে চাপ তৈরি হয়েছে।
চীনের কাছে ইউক্রেন যুদ্ধ আঞ্চলিক সংকট
বেইজিংয়ের দৃষ্টিতে ইউক্রেন যুদ্ধ গুরুত্বপূর্ণ হলেও এটি চীনের বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু নয়। দোনেৎস্কের কোন শহর রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে, আর কোনটি ইউক্রেনের হাতে থাকবে—এটি চীনের প্রধান বিবেচ্য বিষয় নয়। ইউক্রেনের সাংবিধানিক কাঠামো কিংবা ইউরোপের জ্বালানি সংকটের সমাধানও বেইজিংয়ের মূল লক্ষ্য নয়।
চীনের কাছে গুরুত্বপূর্ণ হলো ইউরোপের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা সামলানো এবং রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা থেকে সুবিধা নেওয়া। এই তিনটি লক্ষ্য একসঙ্গে ধরে রাখার জন্যই বেইজিং ইউক্রেন যুদ্ধ নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে।
এখানেই পুতিনের কূটনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সীমাবদ্ধতা স্পষ্ট হয়। তিনি এমন একটি আন্তর্জাতিক সমঝোতা চান, যেখানে রাশিয়াকে যুক্তরাষ্ট্র ও চীনের সমপর্যায়ের শক্তি হিসেবে বিবেচনা করা হবে। কিন্তু বর্তমান বিশ্বে কেবল সামরিক ইতিহাস, পারমাণবিক অস্ত্র কিংবা রাজনৈতিক বক্তব্য দিয়ে সেই অবস্থান অর্জন করা সম্ভব নয়। অর্থনৈতিক সক্ষমতা, সামরিক কার্যকারিতা এবং আন্তর্জাতিক অংশীদারদের আস্থা—সবকিছুর সমন্বয় প্রয়োজন।
শেনঝেনে সম্ভাব্য বৈঠক শেষ পর্যন্ত যেভাবেই হোক, সেটি ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থানই দেখিয়ে দিচ্ছে, বিশ্বকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার আলোচনায় রাশিয়ার অংশগ্রহণের সীমা রয়েছে। পুতিন হয়তো এখনো পরাশক্তির সমমর্যাদা চান, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে সেই মর্যাদা দাবি করে নয়, বাস্তব ক্ষমতা দিয়েই অর্জন করতে হয়।












