ভারতের রাজধানী দিল্লিতে গ্রীষ্মের তাপমাত্রা এখন আর সূর্য ডোবার সঙ্গে কমছে না। দিনের প্রচণ্ড গরম রাতেও ঘরের ভেতর আটকে থাকছে। ফলে ঘুম, স্বাস্থ্য ও কাজের সক্ষমতা—সবকিছুর ওপর পড়ছে চাপ। বিশেষ করে ঘনবসতিপূর্ণ বস্তি ও নিম্ন আয়ের মানুষের বসতিতে রাতের গরম জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে।
দিল্লির বাসিন্দা মধু কমল ভার্মার অভিজ্ঞতা এই পরিস্থিতির একটি উদাহরণ। পেশায় দর্জি ও রাঁধুনি ৩৮ বছর বয়সী এই নারী পরিবারের সঙ্গে এক কক্ষের ঘরে থাকেন। আগে দিনের গরম রাতের দিকে কিছুটা কমে আসত। কিন্তু এখন সূর্য ডোবার পরও ঘর ঠান্ডা হয় না। এক রাতে গরমে তাঁর দুই সন্তান ঘুমাতে না পারায় তিনি ঘরের দুই দিকের দরজা খুলে দেন। এতে কিছুটা বাতাস চলাচল শুরু হলে শিশুরা ঘুমাতে পারে।
তবে খোলা দরজা নিরাপত্তার ঝুঁকিও তৈরি করে। তাঁদের এলাকায় চুরির ঘটনা থাকায় মধু ও তাঁর স্বামী কামাল পালা করে রাত জেগে পাহারা দেন। একজন রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত ঘুমান, অন্যজন জেগে থাকেন। এরপর তাঁরা দায়িত্ব বদল করেন। গত পাঁচটি গ্রীষ্ম ধরে এভাবেই ঘুম ও নিরাপত্তার মধ্যে সমঝোতা করে চলেছে পরিবারটি।
রাতের তাপমাত্রা বাড়ছে দ্রুত
ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বিস্তীর্ণ অঞ্চলে দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসছে। চলতি বছরের আগস্টে দেশজুড়ে গড় রাতের তাপমাত্রা গত ১২৫ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।
অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, কোনো দিনের সর্বোচ্চ তাপমাত্রা অন্তত ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৪ ডিগ্রি বেশি থাকলে সেটিকে উষ্ণ রাত বলা হয়। এর চেয়ে বেশি হলে তা অতি উষ্ণ রাত হিসেবে বিবেচিত হয়। সংস্থাটির পর্যবেক্ষণ বলছে, গরম দিনের তুলনায় উষ্ণ রাতের সংখ্যা দ্রুত বাড়ছে।
জলবায়ু পরিবর্তন পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা বাড়াচ্ছে। এ বছর এল নিনোর প্রভাবও ভারতে তাপপ্রবাহকে তীব্র করেছে। তবে নগরায়ণ রাতের গরম বাড়ানোর আরেকটি বড় কারণ।
নগরায়ণের তাপে তৈরি হচ্ছে হিট আইল্যান্ড
শহরে কংক্রিটের ভবন, ইট, পিচঢালা সড়ক ও অন্যান্য অবকাঠামো দিনের তাপ শোষণ করে রাতে ধীরে ধীরে তা ছাড়ে। যানবাহন ও শিল্পকারখানাও তাপ উৎপন্ন করে। অন্যদিকে গাছপালা ও বনভূমি কমে যাওয়ায় পরিবেশের স্বাভাবিক শীতল হওয়ার সুযোগ সংকুচিত হচ্ছে। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ঘরের ভেতর ঠান্ডা তৈরি করলেও বাইরে তাপ ছড়িয়ে দেয়।
এই পরিস্থিতিকে বিজ্ঞানীরা ‘আরবান হিট আইল্যান্ড’ বা নগর তাপদ্বীপ প্রভাব বলেন। স্থপতি ও ভবনবিজ্ঞান বিশেষজ্ঞ রাজন রাওয়ালের মতে, সাধারণত সূর্যাস্তের প্রায় চার ঘণ্টা পর বাতাসের তাপমাত্রা ভূপৃষ্ঠের তাপমাত্রার নিচে নেমে আসে। কিন্তু নগরায়ণ ও মানুষের কর্মকাণ্ড থেকে উৎপন্ন অতিরিক্ত তাপ এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
দিল্লিতে প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষের বসবাস। আশপাশের এলাকার তুলনায় শহরটির তাপমাত্রা কয়েক ডিগ্রি বেশি থাকতে পারে। শহরের নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। তাঁদের অনেকের ঘর ইট ও সিমেন্টের তৈরি, ছাদ টিনের, জানালা ছোট কিংবা একেবারেই নেই। ফলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয় এবং রাতেও ঘরের ভেতর গরম জমে থাকে।
ঘুমের অভাব, স্বাস্থ্যঝুঁকি ও কাজের ক্ষতি
শাহবাদ ডেইরি এলাকার বিদ্যুৎকর্মী ও রংমিস্ত্রি সুদর্শন একটি জানালাবিহীন ছোট ঘরে থাকেন। গ্রীষ্মের রাতে ঘুমানোর পর মাঝরাতে গরমে তাঁর ঘুম ভেঙে যায়। কখনো ভোর পর্যন্ত বাইরে বসে থাকতে হয়। একই এলাকার নূরজাহান সন্তানদের নিয়ে ঘুমানোর জন্য রাতে ঘরের দরজা খোলা রাখেন। দিনে একাধিকবার গোসল করেন, শরীরে ও শিশুদের গায়ে ট্যালকম পাউডার ব্যবহার করেন। এমনকি পুরোনো ফ্রিজটিও রাতে বন্ধ রাখেন, কারণ সেটি থেকে বের হওয়া তাপ ঘরকে আরও অসহনীয় করে তোলে।
রাতের গরমে শরীর দিনের তাপ থেকে পর্যাপ্ত বিশ্রাম পায় না। ভারতের আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, উষ্ণ রাত পরদিনের সর্বোচ্চ তাপমাত্রাও বাড়িয়ে দিতে পারে। এতে মানুষের ওপর তাপজনিত চাপ আরও তীব্র হয়। দীর্ঘদিন ঘুমের ঘাটতি ও ক্লান্তি অসুস্থতা বাড়াতে পারে, কাজের সময় কমিয়ে দিতে পারে এবং দৈনিক আয়ের ওপর প্রভাব ফেলতে পারে।
নারীরা এ পরিস্থিতিতে বিশেষভাবে ঝুঁকিতে। জলবায়ু অভিযোজন নিয়ে কাজ করা সংস্থা হেরা-এর প্রধান ক্যাথি বগম্যানের মতে, পরিবারের যত্ন, রান্না ও পরিষ্কারের মতো দায়িত্বের পাশাপাশি অনেক নারী বাইরে কাজও করেন। অতিরিক্ত গরম তাঁদের শারীরিক ও মানসিক চাপ বাড়ায়। গবেষণায় অতিরিক্ত তাপের সঙ্গে পারিবারিক সহিংসতার সম্পর্কও পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
শীতল শহর গড়ার চ্যালেঞ্জ
নিউ দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের এক গবেষণায় বলা হয়েছে, রাতে দিল্লির ঠান্ডা হওয়ার সক্ষমতা ৯ শতাংশ কমেছে। শহরের কেন্দ্রীয় অংশ আশপাশের এলাকার তুলনায় ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস কম ঠান্ডা হতে পারে।
তাপ থেকে বাঁচতে ভারতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদাও বাড়ছে। জাপানি প্রতিষ্ঠান প্যানাসনিক জানিয়েছে, চলতি বছরের জুলাইয়ে ভারতে আবাসিক শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে। কিন্তু এসব যন্ত্রের ব্যবহার বাইরে আরও তাপ ছড়িয়ে দেয়।
তাপ মোকাবিলায় কিছু উদ্যোগও নেওয়া হচ্ছে। চেন্নাইয়ের উপকণ্ঠে ঘরের তাপ কমাতে ছাদে তাপ প্রতিফলক টাইলস বসানোর প্রকল্প চলছে। দিল্লি সরকার গ্রীষ্মে কয়েকটি এলাকায় পাখা ও পানির ব্যবস্থা রেখে অস্থায়ী তাঁবু তৈরি করেছে, যাতে মানুষ বিশ্রাম নিতে পারে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ভারতের ১৪০ কোটি মানুষের মধ্যে প্রায় ৬০ কোটি শহর ও নগরে বাস করেন। ২০৫০ সাল নাগাদ নগরবাসীর সংখ্যা আরও প্রায় ২০ কোটি বাড়তে পারে। ফলে রাতের তাপ মোকাবিলা শুধু আবহাওয়াগত সমস্যা নয়; নগর পরিকল্পনা, আবাসন ও জনস্বাস্থ্যের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
দিল্লির বাসিন্দাদের অভিজ্ঞতা দেখাচ্ছে, শহরের উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণের সঙ্গে তাপ নিয়ন্ত্রণের বিষয়টি যুক্ত না থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নিম্ন আয়ের মানুষ, যাঁদের ঘর ও জীবিকা গরম থেকে সুরক্ষার জন্য প্রস্তুত নয়।












