প্রবাসে যাওয়ার আগে লিখিত কর্মচুক্তি হাতে পাওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক বাংলাদেশি কর্মীর ভাগ্যে তা জোটে না। অভিবাসী কর্মীদের অভিযোগ নিয়ে ওভিবাসী কর্মী উন্নয়ন কর্মসূচির (ওকাপ) করা এক সমীক্ষায় অংশ নেওয়া ৮৫ জনের ৯১ শতাংশই লিখিত চুক্তি ছাড়া বিদেশে গিয়েছেন। বুধবার ঢাকার একটি হোটেলে সমীক্ষার ফল উপস্থাপন করা হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সালিসি ব্যবস্থা কতটা কাজ করছে, তা যাচাই করাই ছিল গবেষণার লক্ষ্য। এতে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৫০ জন পুরুষ ও ৩৫ জন নারীর অভিযোগ অনুসরণ করা হয়েছে। সঙ্গে ২০টি ঘটনার গভীর বিশ্লেষণও আছে।
সমীক্ষায় অংশ নেওয়া ৫০ জন পুরুষের সবাই সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি অভিবাসন ফি দিয়েছেন। ওকাপের চেয়ারপারসন ও প্রধান গবেষক শাকিরুল ইসলাম জানান, এই খরচ একজন কর্মীর বিদেশের প্রায় ১৫ মাসের আয়ের সমান। গন্তব্যভেদে বাড়তি ফির হারও আলাদা। মালয়েশিয়াগামী কর্মীরা নির্ধারিত ফির ৫.৮ গুণ, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানগামীরা ৪.২ গুণ, সৌদি আরবগামীরা ২.৮ গুণ এবং সিঙ্গাপুরগামীরা ২.৭ গুণ দিয়েছেন। শাকিরুল প্রশ্ন তোলেন, কর্মীদের হাতে বাধ্যতামূলক চুক্তি ও প্রশিক্ষণ পৌঁছেছে কি না, তা না দেখেই বিএমইটি কীভাবে বিদেশ যাওয়ার ছাড়পত্র দিচ্ছে। দেশে ফিরে অভিযোগ করতে গেলে আবার সেই চুক্তিই দেখাতে বলা হয় বলেও তিনি জানান।
নারী কর্মীদের চিত্র আরও কঠিন। সমীক্ষায় অংশ নেওয়া ৩৫ নারীর সবাই মজুরি বঞ্চনার কথা জানিয়েছেন। ৯৭ শতাংশ মানসিক নির্যাতন, ৮৯ শতাংশ আটকে রাখা বা একঘরে করে রাখা এবং ৭৭ শতাংশ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। পুরুষদের অর্ধেক বিদেশে গিয়ে কোনো কাজই পাননি। ৭৮ শতাংশ চাকরির প্রলোভনে প্রতারিত হয়েছেন, ৪২ শতাংশ মজুরি পাননি এবং ৩২ শতাংশকে কাজের অনুমতিপত্র দেওয়া হয়নি। প্রস্থানপূর্ব প্রশিক্ষণে না গিয়েই সনদ পেয়েছেন ১৫ শতাংশ কর্মী, নারীদের মধ্যে এ হার ২৩ শতাংশ আর পুরুষদের মধ্যে ১০ শতাংশ। এই চিত্রের সঙ্গে মিল পাওয়া যায় এক নারী গৃহকর্মীর অভিজ্ঞতায়। তিনি ২০২২ সালের ৭ এপ্রিল সৌদি আরবে যান। সেখানে দিনে প্রায় ১৮ ঘণ্টা দুই বাড়িতে কাজ করতে হতো, পর্যাপ্ত খাবার মিলত না, তিন মাসের ৩ হাজার ৩০০ রিয়াল মজুরিও দেওয়া হয়নি। তাঁর ছেলে রক্তের ক্যানসারে মারা যাওয়ার ১০ দিন পর, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর, নিজের খরচে তিনি দেশে ফেরেন। ২০২৫ সালের ১২ মার্চ নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অভিযোগ করলেও পরে তাঁকে জানানো হয়, আবেদনটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
বিএমইটির পরিচালক (কর্মসংস্থান) মো. মাসুদ রানা সমীক্ষার কয়েকটি তথ্যে দ্বিমত করেছেন। তাঁর ভাষ্য, সৌদি আরবে নারী গৃহকর্মীর ভিসা প্রক্রিয়া স্বাক্ষরিত চুক্তি অনলাইন প্ল্যাটফর্মে না তুললে শুরুই করা যায় না। প্রশিক্ষণে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক বলেও তিনি জানান। তাঁর মতে, বিএমইটিতে আসা অভিযোগের ৯০ শতাংশের বেশিতে কোনো দালিলিক প্রমাণ থাকে না। তবু সালিসের মাধ্যমে ২০২৪ সালে ৬ কোটি ৭২ লাখ, ২০২৫ সালে ৯ কোটি ৮৪ লাখ এবং চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত ৭ কোটি ৬১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে বলে জানান তিনি। আইওএম বাংলাদেশের সুরক্ষাপ্রধান সাদিয়া আলিম অবশ্য এ ধরনের ঘটনাকে সাধারণ চুক্তিবিরোধ নয়, পাচারের মতো অপরাধ হিসেবে দেখার কথা বলেছেন।
ওকাপ আইনি সুরক্ষা জোরদার, বাধ্যতামূলক সালিস এবং ক্ষতি নিরূপণের একটি অভিন্ন কাঠামোর সুপারিশ করেছে। এতে অভিবাসন ব্যয়, ঋণ, বকেয়া মজুরি, দেশে ফেরার খরচ এবং সামাজিক ও মানসিক ক্ষতি বিবেচনায় আসবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক প্রস্তাবটি গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছেন। তিনি স্বীকার করেন, অভিযোগ নিষ্পত্তি মানেই ন্যায়বিচার নয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান জানান, দেশের ৬৪ জেলার ৩৪টিতে বোর্ডের অফিস আছে। বোর্ড গালফ দেশ ও মালয়েশিয়ার ২২টি আইনি প্রতিষ্ঠানকে বকেয়া আদায়ে যুক্ত করেছে। মামলা জিতলে তারা আদায়ের সর্বোচ্চ ১০ শতাংশ পায়, হারলে কিছুই পায় না। অভিবাসী কর্মীদের অভিযোগ নিষ্পত্তির পথ সহজ না হলে প্রবাসী আয়ের এই বড় উৎসের ভিত্তিই দুর্বল থাকবে।












