প্রিয় পোশাকটি ধোয়া বা শুকানোর পর হঠাৎ ছোট হয়ে গেলে হতাশ হওয়ারই কথা। বিশেষ করে পছন্দের সোয়েটার, শার্ট বা প্যান্ট যদি শরীরের সঙ্গে আঁটসাঁট হয়ে যায় কিংবা হাতার দৈর্ঘ্য কনুই পর্যন্ত উঠে আসে, তখন পোশাকটি আর পরার উপযোগী নেই বলেই মনে হতে পারে। তবে কিছু ক্ষেত্রে সঠিক পদ্ধতিতে পোশাককে আবার আগের আকৃতির কাছাকাছি ফিরিয়ে আনা সম্ভব।
পেশাদার পোশাক পরিচর্যা বিশেষজ্ঞ জ্যাকারি পজনিয়াকের মতে, সঙ্কুচিত পোশাক উদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াহুড়ো না করা।
ঘরে বসে জোর করে টানবেন না
পোশাক ছোট হয়ে গেছে বুঝতে পারার সঙ্গে সঙ্গে সেটিকে জোর করে টেনে লম্বা করার চেষ্টা করা উচিত নয়। এতে কাপড়ের তন্তু আরও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পোশাকের স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে যেতে পারে।

বিশেষজ্ঞের পরামর্শ হলো, পোশাকটি এক পাশে রেখে প্রথমে পেশাদার পরিচর্যার ব্যবস্থা করা। বিশেষ ধরনের ধোয়ার উপকরণ, বাষ্প প্রয়োগ এবং কাপড়ের প্রকৃতি অনুযায়ী নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করে অনেক সময় পোশাকের সঙ্কোচন কিছুটা কমানো সম্ভব।
কাপড়ের ধরনই সবচেয়ে গুরুত্বপূর্ণ
কোন পোশাক কতটা আগের মাপে ফিরবে, তা অনেকটাই নির্ভর করে সেটি কোন উপাদানে তৈরি তার ওপর।
সুতির পোশাক সামান্য, যেমন এক থেকে দুই ইঞ্চি সঙ্কুচিত হলে তা অনেক সময় আগের আকারের কাছাকাছি ফিরিয়ে আনা সম্ভব। রেশমের পোশাকও তুলনামূলকভাবে সহজে সামলানো যায়।
তবে পশমজাতীয় তন্তুর ক্ষেত্রে বিষয়টি অনেক কঠিন। বিশেষজ্ঞের মতে, পশমের তন্তুর গঠনের কারণে বেশি মাত্রায় সঙ্কুচিত হয়ে গেলে সেটিকে পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে। তাই পশমের সোয়েটার শুকানোর সময় বিশেষ সতর্কতা প্রয়োজন।
বাষ্প দিয়ে ধীরে ধীরে প্রসারিত করা যায়
সামান্য সঙ্কুচিত পোশাকের ক্ষেত্রে বাষ্প প্রয়োগ করে ধীরে ধীরে কাপড় প্রসারিত করা যেতে পারে। প্রথমে পোশাকে পর্যাপ্ত বাষ্প দেওয়া হয়। এরপর সমতল জায়গায় রেখে কাপড়টি খুব সাবধানে মূল আকৃতির দিকে টেনে নেওয়া হয়।
প্রয়োজনে সামান্য ওজন ব্যবহার করে পোশাকটিকে সেই অবস্থায় রাখা যায়। আবার পোশাকটি ঝুলিয়ে হাত দিয়েও ধীরে ধীরে প্রসারিত করা সম্ভব।
তবে অতিরিক্ত টান দেওয়া যাবে না। বেশি জোর প্রয়োগ করলে পোশাকের আকৃতি বিকৃত হয়ে যেতে পারে এবং আগের সমস্যার বদলে নতুন সমস্যা তৈরি হতে পারে।
শুধু লম্বা করলেই হবে না, আকৃতিও ঠিক করতে হবে
পোশাককে কিছুটা প্রসারিত করার পর সেটির মূল আকৃতি ফিরিয়ে আনা জরুরি। এজন্য কাপড়ের উপযোগী পরিচর্যার উপকরণ, বাষ্প এবং নির্দিষ্ট আকৃতিতে ধরে রাখার পদ্ধতি ব্যবহার করা হয়।
বিশেষ করে পশমের পোশাকের ক্ষেত্রে এই ধাপটি বেশি গুরুত্বপূর্ণ। পরিচর্যার মাধ্যমে তন্তুগুলোকে কিছুটা সুরক্ষিত ও মসৃণ করার পর পোশাকটিকে নির্দিষ্ট আকৃতিতে বিছিয়ে পিন দিয়ে ধরে রাখা যায়। এতে পোশাকটি শুকানোর সময় কাঙ্ক্ষিত আকৃতি ধরে রাখে।
ভুলভাবে শুকানোই বড় কারণ
অনেক পোশাকের গায়ে পরিষ্কারভাবে লেখা থাকে কীভাবে সেটি পরিষ্কার ও শুকাতে হবে। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত তাপের যন্ত্রে শুকালে পোশাক সঙ্কুচিত হয়ে যেতে পারে।
তাই পছন্দের পোশাকটি ছোট হয়ে যাওয়ার পর সেটিকে জোর করে টানার বদলে প্রথমেই পোশাকের উপাদান ও পরিচর্যার নির্দেশনা পরীক্ষা করা উচিত। সামান্য সঙ্কোচন হলে উদ্ধার করা সম্ভব হলেও বড় ধরনের সঙ্কোচনের ক্ষেত্রে পোশাককে পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে আনা কঠিন হতে পারে।
সারাক্ষণ রিপোর্ট 


















