খুলনা শহরের ব্যস্ত ডাকবাংলা মোড়ে গুলি ও ধারালো অস্ত্রের হামলায় নিহত হয়েছেন শ্রমিক দলের সাবেক নেতা মাসুম বিল্লাহ। বুধবার রাতে সংঘটিত এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকেই এক সন্দেহভাজনকে আটক করেছে।
নিহত মাসুম বিল্লাহ (৫৫) রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি এবং রূপসা–বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নেরও সাবেক সভাপতি ছিলেন।
পরিকল্পিত হামলার অভিযোগ
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বুধবার রাতে মাসুম বিল্লাহ খুলনা শহরের ডাকবাংলা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে হঠাৎ গুলি চালায়।
গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে সন্দেহভাজন আটক
খুলনা মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রায় ছয় থেকে সাতজন হামলাকারী এই হামলায় অংশ নেয়।
তিনি বলেন, হামলাকারীরা পরিকল্পনা করেই মাসুম বিল্লাহকে হত্যা করতে আসে। গুলি চালানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা দ্রুত পালিয়ে যায়।
এ সময় দায়িত্বে থাকা এক ট্রাফিক পরিদর্শক পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির কোমরে পিস্তল দেখতে পান। স্থানীয়দের সহায়তায় তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম অশোক ঘোষ। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
অন্যদের গ্রেপ্তারে অভিযান
পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার পেছনের কারণ এবং পরিকল্পনাকারীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















