দেশের বাজারে টানা সাতবার দাম কমার পর আবারও সোনার দাম বেড়েছে। প্রতি ভরিতে ২,১৫৭ টাকা বৃদ্ধি পেয়ে নতুন এই দর শনিবার থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা (১১.৬৬৪ গ্রাম)।
বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, স্থানীয় বাজারে খাঁটি সোনা (তেজাবি সোনা)র দাম বৃদ্ধির প্রভাব এবং সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ হয়েছে প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকায়। আর সনাতন পদ্ধতিতে তৈরি সোনার দাম রাখা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা।

এর আগে গত ২৭ মার্চ সর্বশেষ দফায় সোনার দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম ৬,৫৯০ টাকা কমিয়ে প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়।
২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৮ বার সোনার দামে পরিবর্তন এসেছে। এর মধ্যে ২৭ বার দাম বেড়েছে এবং ২১ বার কমেছে।
অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
বর্তমানে ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ৫,৩৬৫ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম ৫,১৩২ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪,৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩,৩২৪ টাকা প্রতি ভরি দরে বিক্রি হচ্ছে।
২০২৬ সালে এখন পর্যন্ত রুপার দাম মোট ২৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমেছে।

সারাক্ষণ রিপোর্ট 



















