যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি সামরিক ঘাঁটিতে ভারী যন্ত্রের দুর্ঘটনায় ২৩ বছর বয়সী এক তরুণ সেনাসদস্যের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ সেনাসদস্য
বৃহস্পতিবার ভ্যান্ডেনবার্গ মহাকাশ ঘাঁটিতে কাজ করার সময় এয়ারম্যান ফার্স্ট ক্লাস সেড্রিক এনেলুনা দুর্ঘটনার শিকার হন। তিনি ক্যালিফোর্নিয়ার ওই ঘাঁটির ৩০তম সিভিল ইঞ্জিনিয়ার স্কোয়াড্রনের সড়ক ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ইউনিটে কর্মরত ছিলেন।
ঘাঁটির কর্মকর্তারা জানান, ভারী যন্ত্র পরিচালনার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে। এ ঘটনায় আর কেউ আহত হননি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
![]()
সহকর্মীদের মধ্যে শোক
সেড্রিক এনেলুনার মৃত্যুতে ঘাঁটির সদস্যদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। কর্মকর্তারা তাকে দায়িত্বশীল, পরিশ্রমী এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল একজন সদস্য হিসেবে স্মরণ করেছেন।
ঘাঁটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি কাজের প্রতি নিষ্ঠা, ইতিবাচক মনোভাব এবং অন্যদের সহযোগিতা করার মানসিকতার কারণে সবার কাছে প্রিয় হয়ে উঠেছিলেন।
প্রথম কর্মস্থলেই থেমে গেল যাত্রা
সেড্রিক এনেলুনা উত্তর ক্যারোলিনার ফায়েটভিল এলাকার বাসিন্দা ছিলেন। শৈশবের একটি অংশ তিনি ফিলিপাইনেও কাটিয়েছেন। তিনি ২০২৪ সালের মার্চ মাসে সামরিক বাহিনীতে যোগ দেন এবং একই বছরের আগস্টে ভ্যান্ডেনবার্গ ঘাঁটিতে প্রথম কর্মস্থলে যোগ দেন।
ভারী যন্ত্র ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ দলের সদস্য হিসেবে তিনি ঘাঁটির গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সহকর্মীরা জানান, অল্প সময়ের মধ্যেই তিনি নিজের কর্মদক্ষতা ও আচরণের মাধ্যমে সবার আস্থা অর্জন করেছিলেন।
তদন্ত চলছে
দুর্ঘটনার বিষয়ে নিরাপত্তা তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার বিস্তারিত কারণ খুঁজে বের করতে কাজ করছে।
সারাক্ষণ রিপোর্ট 



















