বিশ্বকাপ ফাইনাল কেবল একটি ম্যাচ নয়; এটি ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ, যেখানে জয়-পরাজয়ের পাশাপাশি চরিত্র, আত্মসংযম ও ক্রীড়াসুলভ মানসিকতারও পরীক্ষা হয়। সেই পরীক্ষায় স্পেন চ্যাম্পিয়ন হয়েছে শুধু স্কোরলাইনে নয়, আচরণেও। অন্যদিকে আর্জেন্টিনা এমন এক সন্ধ্যা উপহার দিয়েছে, যা তাদের ফুটবল ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়।
পরাজয় কখনও লজ্জার নয়। কিন্তু পরাজয়কে যেভাবে গ্রহণ করা হয়, সেটিই একটি দলের প্রকৃত পরিচয় বহন করে। স্পেন যখন বিশ্বচ্যাম্পিয়নের ট্রফি গ্রহণের প্রস্তুতি নিচ্ছিল, তখন আর্জেন্টিনার অনেক খেলোয়াড় বিজয়ীদের দিকে না তাকিয়ে নিজেদের সমর্থকদের সামনে গিয়ে দাঁড়ালেন। এটি নিছক হতাশার বহিঃপ্রকাশ হিসেবে ব্যাখ্যা করা যায়, কিন্তু বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে প্রতিপক্ষের সাফল্যকে স্বীকৃতি দিতে অনীহা দেখানো খেলাটির চেতনাকেই প্রশ্নের মুখে দাঁড় করায়।
ফাইনালের আগে ধারণা ছিল, স্পেনের শৃঙ্খলাবদ্ধ, নিয়ন্ত্রিত এবং বলভিত্তিক ফুটবলের বিরুদ্ধে আর্জেন্টিনা লড়বে আবেগ, তীব্রতা এবং শারীরিক উপস্থিতি দিয়ে। বাস্তবেও তারা সেই পথই বেছে নিয়েছিল। তবে সমস্যা ছিল অন্য জায়গায়। প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা আর অপ্রয়োজনীয় উসকানিমূলক আচরণের মধ্যে একটি সূক্ষ্ম সীমারেখা আছে। আর্জেন্টিনা সেই সীমারেখা বারবার অতিক্রম করেছে।
স্পেন শুরু থেকেই বুঝিয়ে দিয়েছিল যে তারা এই মানসিক খেলায় অংশ নেবে না। উত্তেজনার জবাবে উত্তেজনা নয়, তারা বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ম্যাচের গতি নিজেদের হাতে রেখেছে। মাঠের বাইরের মনস্তাত্ত্বিক লড়াইকে তারা ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। সেটিই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি।
আর্জেন্টিনার খেলায় শারীরিক চ্যালেঞ্জ, কঠিন ট্যাকল এবং প্রতিবাদের প্রবণতা নতুন কিছু নয়। আগের ম্যাচগুলোতেও তার ইঙ্গিত ছিল। কিন্তু ফাইনালে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। একের পর এক কঠোর ফাউল, রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্য অসন্তোষ এবং প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলার ধারাবাহিক প্রচেষ্টা ম্যাচের সৌন্দর্যকে আড়াল করতে থাকে।
এখানে রেফারির ভূমিকাও আলোচনার দাবি রাখে। শুরুতেই কয়েকটি কঠোর ট্যাকলের যথাযথ শাস্তি হলে হয়তো ম্যাচের নিয়ন্ত্রণ ভিন্নভাবে প্রতিষ্ঠিত হতো। বরং নরম ব্যবস্থাপনা আর্জেন্টিনার কিছু খেলোয়াড়কে আরও বেশি ঝুঁকি নেওয়ার সুযোগ করে দেয়। ফলাফল—ম্যাচ যত এগোয়, উত্তেজনাও তত বাড়তে থাকে।
এর সবচেয়ে বড় প্রতীক হয়ে ওঠে এনজো ফার্নান্দেজের লাল কার্ড। বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে এমন বেপরোয়া সিদ্ধান্ত শুধু একজন খেলোয়াড়কে নয়, পুরো দলকেই বিপদে ফেলে। তখন পর্যন্ত আর্জেন্টিনা অন্তত লড়াইয়ে ছিল। কিন্তু একজন কমে যাওয়ার পর ম্যাচ কার্যত স্পেনের নিয়ন্ত্রণেই চলে যায়।
অবাক করার বিষয়, আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি লিওনেল মেসিও সেদিন ম্যাচের গতিপথ বদলাতে পারেননি। বহুবার যিনি অসম্ভবকে সম্ভব করেছেন, সেই মেসি এবার অনেকটাই বিচ্ছিন্ন ছিলেন। তার হতাশা স্বাভাবিক। কিন্তু যখন দলের অন্যরা আবেগের নিয়ন্ত্রণ হারায়, তখন সেই হতাশা পুরো দলের আচরণে ছড়িয়ে পড়ে।
শেষ বাঁশির পর পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি, উত্তপ্ত বাক্যবিনিময় এবং হাতাহাতির মতো দৃশ্য বিশ্বকাপ ফাইনালের মর্যাদার সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। যে মঞ্চে বিশ্ব ফুটবলের সেরা মুহূর্তগুলো তৈরি হওয়ার কথা, সেখানে এমন আচরণ দর্শকদের মনে অন্যরকম স্মৃতি রেখে যায়।

অথচ এই আর্জেন্টিনা দলকেই গত কয়েক বছরে ভিন্নভাবে দেখা হয়েছে। ২০২২ সালের বিশ্বকাপ জয়, কোপা আমেরিকার সাফল্য এবং বড় ম্যাচে তাদের অসাধারণ প্রত্যাবর্তনের পেছনে ছিল দুর্দান্ত দলীয় সংহতি। মেসিকে কেন্দ্র করে গড়ে ওঠা পারস্পরিক বিশ্বাস, জাতীয় পতাকার প্রতি গভীর আবেগ এবং সমর্থকদের সঙ্গে অদ্ভুত এক আত্মিক সম্পর্ক তাদের অন্যতম বড় শক্তি ছিল।
সেই আবেগই বহুবার তাদের জিতিয়েছে। কিন্তু আবেগ যখন আত্মসংযমকে ছাপিয়ে যায়, তখন সেটিই দুর্বলতায় পরিণত হয়। ফাইনালে সেটাই ঘটেছে। প্রতিপক্ষকে অস্থির করার কৌশল শেষ পর্যন্ত নিজেদেরই অস্থির করে তোলে।
স্পেনের জয় শুধু কৌশলগত শ্রেষ্ঠত্বের ফল নয়। তারা দেখিয়েছে, বড় ম্যাচে মানসিক দৃঢ়তা কীভাবে ফুটবলীয় শ্রেষ্ঠত্বকে আরও কার্যকর করে। উসকানির জবাবে তারা প্রতিশোধ নয়, পাস দিয়েছে; সংঘর্ষ নয়, নিয়ন্ত্রণ দেখিয়েছে। আধুনিক ফুটবলে এটিই সবচেয়ে কার্যকর উত্তর।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ম্যাচ শেষে স্বীকার করেছেন যে ফুটবলের দিক থেকে তার দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। এই স্বীকারোক্তিই সম্ভবত পুরো ম্যাচের সবচেয়ে বাস্তব মূল্যায়ন। কারণ শেষ পর্যন্ত ফুটবল জেতে পায়ের দক্ষতা, কৌশল ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দিয়ে; শুধু আবেগ দিয়ে নয়।
বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা অসংখ্য গৌরবময় অধ্যায় লিখেছে। মেসির এই প্রজন্মও সেই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু একটি অসাধারণ দলও ভুল করতে পারে। ফাইনালের এই আচরণ সেই ভুলগুলোর একটি, যা তাদের সাফল্যকে মুছে না ফেললেও তার উজ্জ্বলতাকে কিছুটা ম্লান করেছে।
বড় দল হওয়ার অর্থ শুধু ট্রফি জেতা নয়। বড় দল হওয়ার অর্থ প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নেওয়ার সাহসও রাখা। কারণ ফুটবলে পরাজয় সাময়িক, কিন্তু মর্যাদা দীর্ঘস্থায়ী। বিশ্বকাপ ফাইনালের সেই রাতে স্পেন ট্রফি জিতেছে, আর আর্জেন্টিনা হারিয়েছে এমন একটি সুযোগ—বিশ্বকে দেখানোর যে মহান দলগুলো হারতেও জানে।
আদাম ক্রাফটন 



















