সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পর্যটন খাতকে আবারও চাঙা করতে নতুন প্রণোদনা কর্মসূচি চালু করেছে কর্তৃপক্ষ। এই উদ্যোগের আওতায় যেসব বাসিন্দা তাদের বন্ধু বা পরিবারের সদস্যদের দুবাই ভ্রমণে আমন্ত্রণ জানাবেন, তারা তিন হাজার দিরহামেরও বেশি মূল্যের বিভিন্ন সুবিধা ও বিশেষ ছাড় পাবেন।
নতুন কর্মসূচির লক্ষ্য
দুবাইয়ের অর্থনীতি ও পর্যটন বিভাগ ‘একটি দুবাই আমন্ত্রণ’ নামে এই কর্মসূচি চালু করেছে। এর উদ্দেশ্য হলো, দুবাইয়ের বাসিন্দাদের শহরের দূত হিসেবে গড়ে তোলা এবং তাদের মাধ্যমে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা।
কর্মসূচিটি ২০ জুলাই থেকে শুরু হয়েছে এবং আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে বাসিন্দারা নির্ধারিত প্রক্রিয়ায় তাদের স্বজন বা বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবেন।
কী কী সুবিধা মিলবে

এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা তিন হাজার দিরহামেরও বেশি মূল্যের নানা সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে হোটেলে থাকার বিশেষ অফার, বিভিন্ন রেস্তোরাঁয় খাবারের ছাড়, দর্শনীয় স্থানে প্রবেশের টিকিট এবং আরও নানা আকর্ষণীয় সুযোগ।
যারা এই সুবিধা নিতে চান, তারা নির্ধারিত ব্যবস্থার মাধ্যমে আমন্ত্রিত ব্যক্তিদের নাম নিবন্ধন করলেই প্রণোদনার আওতায় আসতে পারবেন।
কেন এই উদ্যোগ
প্রতিবছর গ্রীষ্মকাল দুবাইয়ে পর্যটনের জন্য তুলনামূলকভাবে কম ব্যস্ত সময়। প্রচণ্ড গরমে তাপমাত্রা অনেক সময় ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। ফলে এই মৌসুমে পর্যটক বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
যুদ্ধের প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা
বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী দুবাই প্রতি বছর প্রায় এক কোটি ৯৫ লাখ পর্যটককে স্বাগত জানায়। তবে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত ও যুদ্ধের কারণে পর্যটন খাত বড় ধরনের ধাক্কা খেয়েছে।
যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ হোটেল ও পর্যটন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এতে শীতকালীন মৌসুমে অনেক বিদেশি পর্যটক ভ্রমণ পরিকল্পনা বাতিল করেন।
পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কিছু পর্যটক ফিরতে শুরু করলেও, এখনও অনেক হোটেল মূলত স্থানীয় অতিথিদের ওপর নির্ভর করছে।
ব্যবসা সচল রাখতে সহায়তা
পর্যটন ও ব্যবসা খাতের ক্ষতি সামাল দিতে এর আগে সংযুক্ত আরব আমিরাত সরকার কয়েক দফায় আর্থিক সহায়তা ঘোষণা করে। হোটেল ও রেস্তোরাঁর জন্য বিভিন্ন ফি মওকুফ, শুল্ক-সংক্রান্ত জরিমানা কমানো এবং বেসামরিক বিমান চলাচল খাতের বিভিন্ন ফি হ্রাসের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই পর্যটন উদ্যোগকে সেই পুনরুদ্ধার পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 


















