দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা সোপ্রানো শিল্পী সুুমি জো আন্তর্জাতিক ধ্রুপদি সংগীত ও অপেরায় অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ ‘মারিয়া কালাস বিশেষ সম্মাননা’ অর্জন করেছেন। এই সম্মাননা পাওয়া প্রথম এশীয় শিল্পী হিসেবে নতুন ইতিহাস গড়েছেন তিনি।
ইতালির ভেরোনায় আন্তর্জাতিক মারিয়া কালাস উৎসবের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সময় রোববার সম্মাননাটি গ্রহণ করেন সুুমি জো। তাঁর জনসংযোগ সংস্থা জানিয়েছে, এ বছর এই সম্মাননার ১২তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক অপেরায় অনন্য অবদান
বিশ্বজুড়ে অপেরা ও ধ্রুপদি সংগীতের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিল্পীদের সম্মান জানাতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। ২০১৪ সালে বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী অপেরা শিল্পী মারিয়া কালাসের স্মরণে সম্মাননাটি চালু করা হয়।
এর আগে এই সম্মাননা পেয়েছেন ইতালির চলচ্চিত্র ও অপেরা পরিচালক ফ্রাঙ্কো জেফিরেল্লি এবং খ্যাতনামা ইতালীয় ব্যারিটোন শিল্পী লিও নুচ্চিসহ আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
আজীবন স্মরণীয় মুহূর্ত
সম্মাননা গ্রহণের পর সুুমি জো বলেন, যে মহান শিল্পীর নামের সঙ্গে এই পুরস্কার জড়িয়ে আছে, তিনি একটি যুগকে আলোকিত করেছিলেন। সেই শিল্পীর নামে পাওয়া এই সম্মাননা তিনি সারা জীবন অত্যন্ত মূল্যবান একটি মুহূর্ত হিসেবে স্মরণ করবেন।
আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের সংগীতজীবনে সুুমি জো অপেরা ও ধ্রুপদি সংগীতের অন্যতম পরিচিত এশীয় মুখ হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন। মারিয়া কালাস বিশেষ সম্মাননা তাঁর সেই দীর্ঘ পথচলায় আরও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে যুক্ত হলো।

সারাক্ষণ রিপোর্ট 



















