মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেস ওব্রাদরের ছেলে আন্দ্রেস মানুয়েল লোপেস বেলত্রান অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তাঁর ভিসা বাতিল করেছে। তিনি এ সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউকে দায়ী করেছেন।
৩৯ বছর বয়সী লোপেস বেলত্রান, যিনি ‘অ্যান্ডি’ নামে পরিচিত, বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে এ অভিযোগ করেন। তাঁর দাবি, ভিসা বাতিলের কারণ হিসেবে মার্কিন কর্তৃপক্ষ কোনো অপরাধ বা অনিয়মের প্রমাণ তাঁকে দেয়নি।
মাদকচক্রবিরোধী অভিযানে ভিসা বাতিল
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন মেক্সিকোর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মকর্তাদের বিরুদ্ধে মাদকচক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে অন্তত ৫০ জন মেক্সিকান রাজনীতিক ও কর্মকর্তার ভিসা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
মার্কিন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, মাদক পাচার, দুর্নীতি কিংবা অবৈধ অভিবাসনে সহায়তার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের ভিসা বাতিল করা হতে পারে। তবে লোপেস বেলত্রান দাবি করেছেন, তাঁর ক্ষেত্রে এমন কোনো অভিযোগের প্রমাণ দেখানো হয়নি।
মেক্সিকোর প্রেসিডেন্টের প্রতিক্রিয়া
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেছেন, লোপেস বেলত্রানের বিরুদ্ধে মেক্সিকোর কোনো সরকারি তদন্ত চলছে বলে তিনি জানেন না। যুক্তরাষ্ট্রের এমন ভিসা বাতিলের সিদ্ধান্তকে তিনি মেক্সিকোর অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে দেখছেন।
শেইনবাউম বলেন, এর পেছনে অন্য কোনো কারণ তিনি দেখতে পাচ্ছেন না এবং বিষয়টি মেক্সিকোর সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত।
মেক্সিকোতে অবস্থিত মার্কিন দূতাবাস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি।
রাজনীতিতে নতুন প্রস্তুতি
লোপেস বেলত্রান সম্প্রতি ক্ষমতাসীন মোরেনা দলের নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। দলটির প্রতিষ্ঠাতা তাঁর বাবা লোপেস ওব্রাদর। আগামী ২০২৭ সালের মধ্যবর্তী নির্বাচনে মেক্সিকোর নিম্নকক্ষের আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর নিজ রাজ্য তাবাসকোর একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে।
ট্রাম্পের কাছে পাঠানো চিঠিতে লোপেস বেলত্রান ভিসা বাতিলের ঘটনাকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের একটি ‘রূঢ় ও বিকৃত’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, কিছু মার্কিন কট্টরপন্থী বিদেশি রাজনীতিকদের কখনো ‘কমিউনিস্ট’, কখনো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, আবার কখনো মাদকসন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।
তবে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ হারানো নিয়ে তাঁর বিশেষ আপত্তি নেই। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র বর্তমানে ঘৃণা, বর্ণবাদ ও মাদকাসক্তির এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
এর আগে গত জুনে তাঁর বাবা লোপেস ওব্রাদরও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেক্সিকোর রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি ছিল, ওয়াশিংটন মেক্সিকোর ডানপন্থী বিরোধীদের শক্তিশালী করতে এবং তাঁর নেতৃত্বাধীন বামপন্থী রাজনৈতিক আন্দোলনকে দুর্বল করতে হস্তক্ষেপমূলক ও অসাধু কৌশল ব্যবহার করছে।
লোপেস বেলত্রান এখন ট্রাম্পের কাছে তাঁর ভিসা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
সারাক্ষণ রিপোর্ট 


















