আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর মামলায় অভিযুক্ত চিকিৎসক লিওপোলদো লুকের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেছেন তাঁর আইনজীবীরা। তাঁদের দাবি, ম্যারাডোনার মৃত্যুর জন্য লুকেকে অন্যায়ভাবে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগে চলমান ম্যারাডোনার মৃত্যুর মামলায় সমাপনী যুক্তিতর্কে বুধবার এ দাবি করেন তাঁরা।
লুকের আইনজীবী রবার্তো রালিন প্রসিকিউশনের সেই যুক্তি প্রত্যাখ্যান করেন, যেখানে বলা হয়েছে, ম্যারাডোনার মৃত্যু আগে থেকেই অনুমান করা সম্ভব ছিল। আরেক আইনজীবী ফ্রান্সিসকো ওনেতো দাবি করেন, মৃত্যু হয়েছিল আকস্মিক ও অননুমেয় হৃদ্রোগজনিত জটিলতায়। প্রসিকিউটররা লুকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন।
চিকিৎসায় অবহেলার অভিযোগ ও বিচার
২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। মস্তিষ্কের আবরণে রক্ত জমাট বাঁধার অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে বুয়েনস এইরেসের উত্তরে তিগ্রে এলাকার একটি ভাড়া বাড়িতে রাখা হয়েছিল। সেখানেই নিজের বিছানায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
গত এপ্রিল থেকে এই ম্যারাডোনার মৃত্যুর মামলায় সাতজন স্বাস্থ্যকর্মীর বিচার চলছে। ছয়জনের বিরুদ্ধে চার থেকে ১২ বছর পর্যন্ত কারাদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা। তাঁদের অভিযোগ, ম্যারাডোনার শারীরিক অবস্থার অবনতির লক্ষণ দেখা গেলেও চিকিৎসকেরা যথাযথ ব্যবস্থা নেননি। বিশেষ করে লুকের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছে প্রসিকিউশন। লুকের আইনজীবীরা এসব অভিযোগের বিরোধিতা করে বলেছেন, মৃত্যুর জন্য চিকিৎসককে এককভাবে দায়ী করা যথাযথ নয়।
হৃদ্রোগের ইতিহাস নিয়ে বিতর্ক
মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ম্যারাডোনার আগের হৃদ্রোগসংক্রান্ত ইতিহাস। ২০২১ সালে আদালতের নির্দেশে গঠিত একটি আন্তবিভাগীয় চিকিৎসা কমিশন জানায়, ম্যারাডোনার আগে থেকেই হৃদ্যন্ত্রের সমস্যা ছিল এবং চিকিৎসার সময় বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত ছিল। প্রসিকিউশন এই সিদ্ধান্ত তাদের যুক্তির পক্ষে তুলে ধরেছে।
লুকের আইনজীবীরা কমিশনের মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, অস্ত্রোপচারের আগে যেসব পরীক্ষা করা হয়েছিল, তাতে হৃদ্যন্ত্রের কোনো সমস্যা ধরা পড়েনি। আদালতে লুকে বলেন, ম্যারাডোনার সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ ছিল তাঁর, তাই তাঁকে আক্রমণ করাও সহজ। তিনি ম্যারাডোনাকে গভীরভাবে ভালোবাসতেন বলেও জানান।
অন্য অভিযুক্তদের ভূমিকা
চিকিৎসা সমন্বয়ক ন্যান্সি ফোরলিনির আইনজীবী নিকোলাস ডি’আলবোরা ম্যারাডোনার মৃত্যুর জন্য লুকে ও আরেক চিকিৎসকের ভূমিকার দিকে ইঙ্গিত করেছেন। ফোরলিনির বিরুদ্ধে বাড়িতে চিকিৎসার জন্য প্রয়োজনীয় মৌলিক সরঞ্জাম সরবরাহে ব্যর্থতার অভিযোগ রয়েছে। এ অভিযোগে প্রসিকিউশন তাঁর জন্য ১০ বছরের কারাদণ্ড চেয়েছে।
সমাপনী যুক্তিতর্ক বৃহস্পতিবার পর্যন্ত চলার কথা। এরপর আদালত উপস্থাপিত প্রমাণ, চিকিৎসা-সংক্রান্ত মতামত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।












