চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন ওই গ্রামের মোফিজুল হক (৭৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৬০)।
দীর্ঘদিনের বিরোধের পর মর্মান্তিক পরিণতি
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মোফিজুল হক ও মনোয়ারা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার তাদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোফিজুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মনোয়ারাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
এরপর তিনি তাদের ঘরের সিলিং ফ্যানের হুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

জানালা দিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পান পুত্রবধূ
ঘটনাটি প্রথমে নজরে আসে নিহত দম্পতির পুত্রবধূ শাপলা বেগমের। সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পর তিনি জানালা দিয়ে ঘরের মেঝেতে শাশুড়ি মনোয়ারা বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। সেখানে মোফিজুল হকের ঝুলন্ত মরদেহও দেখতে পাওয়া যায়।
মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত চলছে।

সারাক্ষণ রিপোর্ট 



















