টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে ১১ সেপ্টেম্বর সকালে ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা করা হয়েছিল।
নতুন দর কত
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনা বা তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দরে ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দর কার্যকর থাকবে। তবে গহনার নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি বা মেকিং চার্জ আলাদাভাবে প্রযোজ্য হবে।
ভ্যাট নিয়ে বাজুসের নির্দেশনা
বাজুসের নিয়ম অনুযায়ী, সোনা ও রুপার অলংকার বিক্রির নির্ধারিত দামের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকে। তাই ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মেকিং চার্জ ও পাথরের মূল্য বাদে অলংকারের বিনিময় ও ক্রয়সংক্রান্ত বাজুসের বিদ্যমান নিয়ম অপরিবর্তিত থাকবে।
২০২৬ সালে ১১৫ বার সোনার দর সমন্বয়
চলতি ২০২৬ সালে এ নিয়ে দেশের বাজারে ১১৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৭ বার দাম বাড়ানো হয়েছে, ৫৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সর্বশেষ ১১ সেপ্টেম্বর সকালে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তখন ২১ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন সোনা ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা প্রতি ভরি।
অপরিবর্তিত রুপার দাম
সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৯১ টাকা প্রতি ভরি দরে।
২০২৬ সালে এখন পর্যন্ত রুপার দাম ৬৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩৪ বার কমেছে।
সারাক্ষণ রিপোর্ট 


















