চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিকদের ওপর হামলা, বাস আটকে রাখা এবং মহাসড়কে নিয়মবহির্ভূত ইজিবাইক চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে এ ধর্মঘট ডেকেছে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ। দাবি পূরণ না হলে মঙ্গলবার সকাল ৬টা থেকে জেলার দূরপাল্লার সব বাসও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের জরুরি সভায় ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। এর ফলে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
হামলার অভিযোগে ক্ষোভ
রোববার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া এলাকায় ইজিবাইক ও পাখিভ্যান চালকদের সঙ্গে বাসশ্রমিকদের বিরোধের ঘটনা ঘটে। এ সময় বাসচালক ও সহকারীদের ওপর হামলা এবং মহাসড়কে বাস আটকে রাখার অভিযোগ ওঠে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকা দিয়ে নিয়মবহির্ভূতভাবে এক ইজিবাইক চালক শহরে প্রবেশের চেষ্টা করেন। সেখানে দায়িত্বে থাকা পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে ফিরিয়ে দেন। পরে ওই ঘটনার জেরে ইজিবাইক চালক সহযোগীদের নিয়ে আলোকদিয়া এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে দেন বলে অভিযোগ রয়েছে।
বাসচালক ও সুপারভাইজারকে লাঞ্ছিত এবং বাসে হামলার পাশাপাশি তাদের জিম্মি করার অভিযোগও ওঠে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে চালক ও সুপারভাইজারকে উদ্ধার করে।
প্রশাসনের মধ্যস্থতায় আগের ধর্মঘট প্রত্যাহার
ওই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা জেলার পাঁচটি অভ্যন্তরীণ রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন। পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় বাস মালিক গ্রুপের নেতারা ধর্মঘট প্রত্যাহার করেন।
তবে রোববার একই ধরনের ঘটনার পর সোমবার জরুরি সভা করে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।
দাবি পূরণ না হলে দূরপাল্লার বাসও বন্ধ
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পরিবহন শ্রমিকদের ওপর হামলা, বাস আটকে রাখা এবং মহাসড়কে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধসহ বিভিন্ন দাবি প্রশাসনকে জানানো হয়েছে। এসব দাবি পূরণ না হলে মঙ্গলবার সকাল ৬টা থেকে দূরপাল্লার বাস চলাচলও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ যোগাযোগে এরই মধ্যে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দূরপাল্লার বাসও বন্ধ হলে চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত আরও সীমিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।












