শেরপুরের মৃগী নদী থেকে নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম সৈয়দ সাদমান জয় (২২)। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ভাটশালা ইউনিয়নের ভাটারাঘাট এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পরিবারের সদস্যদের ভাষ্য, শনিবার বিকেলে এক বন্ধুর সঙ্গে নদীর পাড়ে গিয়েছিলেন জয়। ওই সময় সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চলছিল। অভিযানে তার বন্ধুকে মাদকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পরিবারের দাবি, অভিযানের সময় আতঙ্কিত হয়ে জয় নদীর অপর পাড়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি নদীতে ঝাঁপ দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
জয়ের পরিবারের পক্ষ থেকে সহায়তা চাওয়া হলে পুলিশ বিষয়টি নিয়ে সহযোগিতা করে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে নদীতে তল্লাশির জন্য ব্যবস্থা করে বলে জানান শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, শনিবার সেখানে মাদকবিরোধী অভিযান চালানো হয়েছিল। অভিযানে মাদকসহ একজনকে আটক করা হয়। তবে ওই সময় কেউ নদীতে ঝাঁপ দিয়েছেন—এমন তথ্য তারা জানতে পারেননি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদনের সময় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি।












