ইতালিতে একটি বিখ্যাত মদ উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদাম থেকে প্রায় ৩০ হাজার বোতল মূল্যবান ওয়াইন চুরি হয়েছে। চুরি হওয়া এসব ওয়াইনের আনুমানিক মূল্য ৫০ লাখ ইউরো বা প্রায় ৫৮ লাখ ডলার। দেশটিতে নথিভুক্ত ওয়াইন চুরির ঘটনাগুলোর মধ্যে এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা বলে মনে করা হচ্ছে।
শুক্রবার (৯ অক্টোবর) কর্মকর্তারা এ তথ্য জানান। ইতালির তুসকানি অঞ্চলের আরেজ্জো প্রদেশের কর্টোনা শহরের কাছে অবস্থিত মার্চেসি আন্তিনোরি প্রতিষ্ঠানের একটি স্থাপনায় এ চুরির ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্তত সাত সদস্যের একটি সুসংগঠিত চক্র এ চুরির সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার রাতে চক্রটি নিরাপত্তাব্যবস্থা অকার্যকর করে দেয়। এরপর নজরদারি ক্যামেরা ও সতর্কসংকেত ব্যবস্থায় বাধা সৃষ্টি করে প্রতিষ্ঠানের নিজস্ব ফর্কলিফট ব্যবহার করে দুটি ট্রাকে ওয়াইনের বোতল তোলে তারা। পরে ট্রাক দুটি নিয়ে পালিয়ে যায়।
সোমবার চুরির বিষয়টি ধরা পড়ে। তবে পুলিশের তদন্তে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য শুক্রবার পর্যন্ত ঘটনাটি প্রকাশ করা হয়নি।
চুরি হয়েছে দুর্লভ ও দামি ওয়াইন
চুরি হওয়া ওয়াইনগুলোর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির পরিচিত ব্র্যান্ড সোলাইয়া, তিগনানেলো ও গুয়াদো আল তাসোর ২০২৩ সালের সংগ্রহ। এর মধ্যে শুধু সোলাইয়া ব্র্যান্ডের প্রায় ১০ হাজার বোতল চুরি হয়েছে বলে জানা গেছে।
চুরি হওয়া প্রতিটি বোতলের খুচরা বাজারমূল্য ১৫০ থেকে ৫০০ ইউরোর মধ্যে। সব মিলিয়ে বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি এই চুরিতে দুর্লভ ও মূল্যবান ওয়াইনের সংগ্রহও হারিয়েছে প্রতিষ্ঠানটি।
মার্চেসি আন্তিনোরির প্রধান নির্বাহী রেনজো কোটারেল্লা বলেছেন, ইতালির বিভিন্ন ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি হামলার সঙ্গে এই চক্রের যোগসূত্র থাকতে পারে। তবে এসব ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি।
তদন্তে ইতালির পুলিশ
চুরির ঘটনায় ইতালির পুলিশ ও কারাবিনিয়েরি বাহিনী তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা নিরাপত্তা ক্যামেরার ধারণ করা ভিডিওসহ বিভিন্ন আলামত পরীক্ষা করছেন। চুরি হওয়া ওয়াইন কোন পথে পরিবহন করা হয়েছে, তা শনাক্ত করে চালানটির সন্ধান পাওয়া সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।
প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ক্রেতাদের সতর্ক করে জানিয়েছে, অনানুষ্ঠানিক বা অননুমোদিত বিক্রয়প্রস্তাবের বিষয়ে সতর্ক থাকতে হবে। চুরি হওয়া ওয়াইন বাজারে বিক্রির চেষ্টা হতে পারে—এমন আশঙ্কা থেকেই এ সতর্কতা দেওয়া হয়েছে।
৬০০ বছরের বেশি পুরোনো প্রতিষ্ঠান
মার্চেসি আন্তিনোরি প্রতিষ্ঠিত হয় ১৩৮৫ সালে। পরিবারটির ২৬ প্রজন্ম ধরে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। দীর্ঘ ইতিহাস, বিশেষ ধরনের ওয়াইন উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে পরিচিতির কারণে প্রতিষ্ঠানটির পণ্য সংগ্রাহকদের কাছেও মূল্যবান।
এর আগে ২০১৭ সালে ইতালির আদ্রিয়াটিক উপকূলের অবকাশযাপনকেন্দ্র চেরভিয়ার কাছে একটি চুরির ঘটনায় প্রায় ২ হাজার বোতল দুর্লভ ওয়াইন চুরি হয়েছিল। সেগুলোর আনুমানিক মূল্য ছিল ৭ লাখ ৫০ হাজার ইউরো।
সেই ঘটনাকে ছাড়িয়ে এবারের চুরির পরিমাণ ও আর্থিক মূল্য অনেক বেশি। তদন্তকারীরা এখন চুরি হওয়া বিপুলসংখ্যক বোতল উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছেন।












