শিশু-কিশোরদের ক্ষতিকর বিষয়বস্তুর মুখোমুখি করা এবং অ্যালগরিদমের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় একটি দলগত মামলা হয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলায় অভিযোগ করা হয়েছে, তাদের প্ল্যাটফর্ম শিশুদের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল আদালতে চলতি মাসে মামলাটি দায়ের করেছে আইনজীবী প্রতিষ্ঠান মিন্টারএলিসন। দেশটির বিচারব্যবস্থায় ফেডারেল আদালত দ্বিতীয় সর্বোচ্চ আদালত। মামলাটি অস্ট্রেলিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে ব্যবহারকারীদের ক্ষতির অভিযোগকে কেন্দ্র করে দায়ের হওয়া প্রথম মামলাগুলোর একটি হতে পারে। বিশেষ করে শিশু ও কিশোরদের ওপর এসব প্ল্যাটফর্মের প্রভাব এখানে গুরুত্ব পেয়েছে।
মামলাটি করা হয়েছে আটজন অভিযোগকারীর পক্ষে। তাঁদের দাবি, ১৮ বছরের কম বয়সে তাঁরা মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে গিয়ে ক্ষতির শিকার হয়েছেন। এ কারণে তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে আদালতের নির্দেশে মামলাসংশ্লিষ্ট এমন কোনো তথ্য প্রকাশ করা নিষিদ্ধ করা হয়েছে, যা অভিযোগকারীদের পরিচয় প্রকাশ করতে পারে। সোমবার জারি করা ওই নির্দেশে মামলার আরজি বা অভিযোগপত্রের তথ্য প্রকাশেও বিধিনিষেধ আরোপ করা হয়।
মেটার এক মুখপাত্র ই-মেইলে জানিয়েছেন, প্রতিষ্ঠানটি মামলার বিষয়ে অবগত এবং নিজেদের পক্ষে জোরালোভাবে আইনি লড়াই চালাবে।
অস্ট্রেলিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে সরকার ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই মামলাটি সামনে এল। গত বছর দেশটিতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হয়। শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই পদক্ষেপ বিশ্বে প্রথম বলে বিবেচিত হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমনির্ভর কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যবহারকারীদের আরও বেশি সুযোগ দেওয়ার জন্য নতুন নিয়মের প্রস্তাবও করেছে অস্ট্রেলিয়া সরকার। এসব নিয়ম কার্যকর হলে ব্যবহারকারীরা তাঁদের ফিডে অ্যালগরিদমের মাধ্যমে বাছাই করা বিষয়বস্তু বন্ধ করার সুযোগ পেতে পারেন।
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলার অভিযোগে মেটা এর আগেও যুক্তরাষ্ট্রে বড় ধরনের আইনি চাপের মুখে পড়েছে। চলতি বছরের আগস্টে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যের সঙ্গে সমঝোতায় সম্মত হয়। শিশুদের আসক্ত করে রাখতে পারে—এমনভাবে সামাজিক যোগাযোগমাধ্যম নকশা করার অভিযোগ নিষ্পত্তিতে মেটা ১৮ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল।
অস্ট্রেলিয়ার মামলাটি শেষ পর্যন্ত কীভাবে এগোয়, তা শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত মেটার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করতে হবে।












