চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার তৈরি শুয়ানথিয়ে প্রসেসর প্রযুক্তিভিত্তিক চিপের চালান ৬০০ কোটি ছাড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং ও গাড়ির প্রযুক্তিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি এখন উন্মুক্ত রিস্ক-ভি প্রযুক্তির উন্নয়নে জোর দিচ্ছে। চিপশিল্পে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোর চীনা প্রচেষ্টার মধ্যেও এই অর্জনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সোমবার চীনের শেনঝেনে অনুষ্ঠিত বার্ষিক রিস্ক-ভি সম্মেলনে এ তথ্য জানান আলিবাবার গবেষণা শাখা ডামো একাডেমির প্রধান বিজ্ঞানী মেং জিয়ানই। তাঁর ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুয়ানথিয়ে প্রসেসর প্রযুক্তির বৈশ্বিক বিস্তারের চিত্র সামনে এসেছে।
এআই প্রযুক্তিতে আলিবাবার নতুন লক্ষ্য
চীনের হাংঝৌভিত্তিক আলিবাবা রিস্ক-ভি প্রযুক্তি ব্যবহারে দেশটির প্রথম দিকের প্রতিষ্ঠানগুলোর একটি। এই প্রযুক্তি উন্মুক্ত মানের হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রসেসরের নকশা তৈরি ও পরিবর্তন করতে পারে। ফলে চিপ নকশার ক্ষেত্রে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন রপ্তানি নিয়ন্ত্রণের কারণে উন্নত চিপ ও প্রযুক্তি সংগ্রহে চীনা প্রতিষ্ঠানগুলো নানা সীমাবদ্ধতার মুখে পড়ছে। এ পরিস্থিতিতে নিজস্ব প্রযুক্তির উন্নয়ন এবং বিকল্প প্রসেসর স্থাপত্য তৈরির গুরুত্ব বেড়েছে।
গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার পূর্বাভাস অনুযায়ী, বিশ্বজুড়ে রিস্ক-ভি প্রসেসরের চালান বছরে প্রায় ৩০ শতাংশ হারে বাড়তে পারে। ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক প্রসেসর চালানের বাজারে এই প্রযুক্তির অংশ প্রায় ২৫ শতাংশে পৌঁছাতে পারে।
নতুন প্রসেসরে বাড়ছে গণনাশক্তি
চলতি বছরের শুরুর দিকে আলিবাবা শুয়ানথিয়ে সি৯৫০ নামে উচ্চক্ষমতার একটি প্রসেসর উন্মোচন করে। প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রিস্ক-ভি প্রসেসর। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্ট, ক্লাউড কম্পিউটিং এবং উচ্চক্ষমতার কম্পিউটিংয়ের মতো জটিল কাজের উপযোগী করে এটি তৈরি করা হয়েছে।
আলিবাবার দাবি অনুযায়ী, আগের প্রজন্মের সি৯২০ প্রসেসরের তুলনায় সি৯৫০-এর কার্যক্ষমতা তিন গুণেরও বেশি। উন্নত এই প্রসেসরের মাধ্যমে বড় কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল চালানো এবং স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম সফটওয়্যারের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
এদিকে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা, টেনসেন্ট ও বাইটড্যান্স নিজেদের অ্যাপ ও ডিজিটাল সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্ট যুক্ত করার প্রতিযোগিতায় নেমেছে। এসব সফটওয়্যার ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে। এর জন্য প্রয়োজন উন্নত প্রসেসিং ক্ষমতা ও নির্ভরযোগ্য কম্পিউটিং অবকাঠামো।
রিস্ক-ভি প্রযুক্তি কেন গুরুত্বপূর্ণ
রিস্ক-ভি হলো প্রসেসর তৈরির একটি উন্মুক্ত নির্দেশনা কাঠামো। এর মাধ্যমে কম্পিউটারের কেন্দ্রীয় প্রসেসর বা সিপিইউর নকশা তৈরি করা যায়। অলাভজনক আন্তর্জাতিক সংস্থা রিস্ক-ভি ইন্টারন্যাশনাল এই প্রযুক্তির মান ব্যবস্থাপনা করে।
ইন্টেলের এক্স৮৬ এবং আর্মের প্রসেসর স্থাপত্যের বিকল্প হিসেবে রিস্ক-ভি ক্রমেই গুরুত্ব পাচ্ছে। প্রচলিত কম্পিউটার ও স্মার্টফোনের বিভিন্ন ব্যবস্থায় এই দুটি প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে। অন্যদিকে, রিস্ক-ভি উন্মুক্ত হওয়ায় নির্মাতারা নিজেদের প্রয়োজন অনুযায়ী এর নকশা পরিবর্তন ও উন্নত করতে পারেন।
চীনের জন্য এর কৌশলগত গুরুত্বও রয়েছে। নিজস্ব প্রসেসর প্রযুক্তি উন্নত করতে পারলে বিদেশি নকশা ও সংশ্লিষ্ট প্রযুক্তির ওপর নির্ভরতা কমানো সম্ভব। তবে শুধু উন্মুক্ত নকশা ব্যবহার করলেই উন্নত চিপ তৈরির সব বাধা দূর হয় না। উৎপাদন সক্ষমতা, সফটওয়্যারের সামঞ্জস্য, বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা এবং প্রসেসরের কার্যক্ষমতাও গুরুত্বপূর্ণ।
বড় এআই মডেল চালাতে প্রকৌশলগত চ্যালেঞ্জ
রিস্ক-ভি প্রযুক্তির প্রসার ঘটলেও বড় কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল চালানোর ক্ষেত্রে বেশ কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন মেং জিয়ানই। তাঁর মতে, শুধু প্রসেসরের গণনাশক্তি বাড়ানো যথেষ্ট নয়। গণনা, তথ্য স্থানান্তর এবং সফটওয়্যারের কার্যকারিতার মধ্যে সমন্বয় করতে হবে।
রিস্ক-ভি ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বড় ভাষাভিত্তিক মডেলের ক্ষেত্রে তথ্যের আকার ও নির্ভুলতা নিয়ন্ত্রণের কৌশল, ম্যাট্রিক্সভিত্তিক নির্দেশনা এবং মেমোরির তথ্য সরবরাহের গতি একসঙ্গে উন্নত করা প্রয়োজন।
কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করে। এ কাজে প্রসেসর দ্রুত হিসাব করতে পারলেও মেমোরি থেকে প্রয়োজনীয় তথ্য যথাসময়ে সরবরাহ করা না গেলে সামগ্রিক কার্যক্ষমতা কমে যায়। তাই হার্ডওয়্যার ও সফটওয়্যারকে সমন্বিতভাবে নকশা করা জরুরি।
আলিবাবার সামনে এখন মূল লক্ষ্য শুধু চিপের চালান বাড়ানো নয়, বরং সেগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড অবকাঠামো এবং গাড়ির প্রযুক্তিতে কার্যকরভাবে ব্যবহারযোগ্য করে তোলা। ৬০০ কোটি চিপ সরবরাহের মাইলফলক প্রতিষ্ঠানটির প্রযুক্তির বিস্তার তুলে ধরলেও দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে প্রসেসর, মেমোরি ও সফটওয়্যারের সমন্বিত উন্নয়নই হবে গুরুত্বপূর্ণ।












