দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন।
৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, মৃত ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ছয়জনের সবাই ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে মারা গেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৬ হাজার
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৪৫ জন। এ নিয়ে চলতি বছর সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪০ হাজার ৯০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণের এই পরিসংখ্যান পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরছে।












