দেশে হামের সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে পরীক্ষায় ৮২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩২ হাজার ৮২৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ জনে। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে সংক্রমণ সবচেয়ে বেশি ছিল। এ বিভাগে নতুন করে ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ঢাকা বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন।
হাসপাতালে রোগী ভর্তির চাপও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম নিয়ে নতুন করে ১ হাজার ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন। ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।












