বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৫২। এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বায়ুমানের এই অবস্থার অর্থ হলো, ঢাকার বাতাসে দূষণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা মানুষের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক।
বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪৪৮ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি, স্কোর ২১৫। ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা।
একিউআইয়ের মাত্রা ও স্বাস্থ্যঝুঁকি
বায়ুমান সূচকের ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোরকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বিপজ্জনক হিসেবে ধরা হয়। এ পর্যায়ে বাতাসে দূষণের মাত্রা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে প্রধানত পাঁচ ধরনের দূষণকারী উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো পিএম১০ ও পিএম২.৫ নামে পরিচিত বস্তুকণা, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং ওজোন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদ্রোগ, দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসতন্ত্রের তীব্র সংক্রমণ।












