পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে চারজন জঙ্গি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা ভারতের মদদপুষ্ট বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
শনিবার (৭ নভেম্বর) নিরাপত্তা সূত্র জানায়, জঙ্গিবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। পাকিস্তানের ‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ এবং প্রদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে নিহত ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। এলাকায় আরও কোনো জঙ্গি অবস্থান করছে কি না, তা খুঁজে বের করতে অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে।
পাকিস্তানে বেড়েছে জঙ্গি হামলা
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সীমান্তপারের জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে এসব হামলার প্রবণতা বেশি।
২০২৬ সালের সেপ্টেম্বরে গত ১২ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ সংখ্যক জঙ্গি হামলার ঘটনা রেকর্ড করেছে পাকিস্তান।
ইসলামাবাদ বারবার কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে, আফগান ভূখণ্ড যেন কোনো সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানের ভেতরে হামলা চালানোর জন্য ব্যবহার করতে না পারে।
পাকিস্তানের অভিযোগ, দেশটির নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য দায়ী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে আফগান তালেবান সরকার।
এ নিয়ে দুই দেশের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও মতপার্থক্য কাটেনি। বিশেষ করে আফগান ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান ও তৎপরতা নিয়ে বিরোধ এখনো দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান অমীমাংসিত বিষয়।












