সামাজিক জীবনের প্রচলিত সময়সূচিতে পরিবর্তন আসছে। একসময় সন্ধ্যা ও রাত ছিল তরুণদের আড্ডা, প্রেম, ডেটিং কিংবা পার্টির প্রধান সময়। কিন্তু নতুন প্রজন্মের একটি অংশ এখন এসবের জন্য বেছে নিচ্ছে সকাল। রাতের বদলে ভোরে কফি খাওয়া, পার্কে হাঁটা, ব্যায়াম কিংবা প্রেমের মানুষের সঙ্গে দেখা করার প্রবণতা বাড়ছে। এমনকি কর্মদিবস শুরুর আগেই আয়োজন করা হচ্ছে সংগীত ও নাচের অনুষ্ঠান।
সামাজিক যোগাযোগমাধ্যমে সকালের রুটিন নিয়ে বিপুল আগ্রহ এবং কর্মব্যস্ত জীবনে সময় ব্যবস্থাপনার নতুন প্রবণতা এই পরিবর্তনকে আরও দৃশ্যমান করেছে। তবে প্রশ্ন উঠছে, এটি কি সুস্থ জীবনযাপনের প্রতি আগ্রহ, নাকি কাজ ও ব্যক্তিগত সময়ের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরেকটি উপায়?
সকালের ডেটিংয়ে ঝুঁকছেন তরুণেরা
ডেটিং অ্যাপ টিন্ডারের গত বছরের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রজন্ম জেডের ৩৮ শতাংশ অবিবাহিত ব্যবহারকারী সন্ধ্যার ডেটের পরিবর্তে পার্কে দৌড়ানো বা হাঁটার মতো সকালের আয়োজন বেছে নিচ্ছেন। অন্যদিকে শরীরচর্চা ও সুস্থতা-বিষয়ক অ্যাপ ক্লাসপাসের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ৩৪ বছর বয়সী ব্যবহারকারীদের ৪৪ শতাংশ রাতের বাইরে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে সকালে ব্যায়াম করেছেন।
সকালের ডেটিংয়ের অভিজ্ঞতাও অবশ্য সবার জন্য এক রকম নয়। লন্ডনের এক তরুণী সাংবাদিক সকালে পার্কের একটি ক্যাফেতে কফি খেতে গিয়ে এমনই একটি ডেটে অংশ নেন। দিনের আলোয় পরিচিত হওয়ার সুযোগ থাকলেও সন্ধ্যার আবহ, পানীয় কিংবা রাতের স্বাভাবিক রোমান্টিক পরিবেশ সেখানে ছিল না।
তবে এর সুবিধাও রয়েছে। দুপুর হওয়ার আগেই ডেট শেষ হওয়ায় দিনের বাকি সময় নিজের মতো কাটানোর সুযোগ থাকে। ব্যস্ত কর্মজীবীদের কাছে এটাই সকালের ডেটিংয়ের বড় আকর্ষণ।
কাজের ব্যস্ততায় সন্ধ্যার সময় নেই
সকালে দেখা করার প্রবণতার পেছনে সময়ের সংকটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ৩৫ বছর বয়সী সম্পত্তি বিনিয়োগ উপদেষ্টা এমিলি ম্যাথিউজ জানান, একজনের সঙ্গে সকালে কফি খেতে গিয়ে দুজনেরই মনে হচ্ছিল, তাঁরা যেন কোনো ব্যবসায়িক বৈঠকে বসেছেন। কারণ, কাজের আগে সময় বের করাই ছিল তাঁদের জন্য সবচেয়ে বাস্তবসম্মত উপায়। তবে অপ্রচলিত পরিবেশেও তাঁদের সম্পর্ক এগিয়েছে এবং তাঁরা এখন প্রেমের সম্পর্কে রয়েছেন।
শিল্পী এলস্পেথ ভিন্সের অভিজ্ঞতায় আবার সকালের রুটিনের একটি নেতিবাচক দিকও উঠে এসেছে। আগে ঘুম থেকে দেরিতে উঠলেও শরীরের ঘুমের ধরন পর্যবেক্ষণকারী আংটির পরামর্শে তিনি দিনের শুরুতে উঠতে শুরু করেন। এতে কাজের উৎপাদনশীলতা বাড়লেও বন্ধুদের সঙ্গে রাতের আড্ডায় অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে।
তিনি জানান, বন্ধুরা সাধারণত রাতের খাবার ও পানীয়ের আয়োজন করতে চান। কিন্তু এখন তাঁর পক্ষে রাত জেগে থাকা কঠিন। ফলে পুরোনো সামাজিক সম্পর্কের স্বাভাবিক ছন্দ বজায় রাখাও চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
নিজের সময় নিয়ন্ত্রণের নতুন কৌশল
সকালের সামাজিকতার আরেকটি সুবিধা হলো ব্যক্তিগত সময় ফিরে পাওয়া। জনসংযোগ ব্যবস্থাপক ২৭ বছর বয়সী ইয়াওয়াইন ইয়েম জানান, তাঁর প্রেমিক রাতের সামাজিকতা পছন্দ করেন। তাই তিনি বন্ধুদের সঙ্গে সকালে দেখা করেন। এতে সন্ধ্যায় নিজের মতো সময় কাটানোর সুযোগ পান।
তবে গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ের আচরণবিজ্ঞানী মার্থা নিউসনের মতে, সকালের সামাজিকতার পেছনে শুধু সুস্থ জীবনযাপনের আকাঙ্ক্ষা নয়, সময় ও সম্পর্কের ওপর নিয়ন্ত্রণ রাখার প্রবণতাও কাজ করতে পারে।
তাঁর ব্যাখ্যায়, সকালে দেখা করার একটি স্বাভাবিক সময়সীমা থাকে। কর্মস্থলে যাওয়ার তাগিদে দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর সুযোগ কমে যায়। ফলে ব্যক্তিগত স্বাধীনতা ও কাজের অগ্রাধিকারের মধ্যে একটি নিরাপদ সীমারেখা তৈরি হয়।
রাতের স্বাধীনতা কি হারিয়ে যাচ্ছে?
ইতিহাসবিদ ক্রেইগ কোসলোফস্কি মনে করেন, একসময় রাত ছিল তাদের সামাজিক স্বাধীনতার জায়গা, যারা দিনের বেলায় কাজের কারণে স্বাধীনভাবে সময় কাটাতে পারতেন না। ইউরোপের প্রারম্ভিক আধুনিক যুগে গৃহকর্মী, শিক্ষানবিশ ও তরুণদের কাছে রাত ছিল প্রেম, আনন্দ ও নানা সামাজিক অভিজ্ঞতার সুযোগ।
কিন্তু বর্তমান প্রজন্মের কাছে সেই রাতের জায়গা ক্রমেই দখল করছে সকাল। এতে জীবনযাত্রা আরও গোছানো হচ্ছে ঠিকই, তবে কাজ, প্রযুক্তি ও নিজেকে সব সময় আরও উৎপাদনশীল করে তোলার প্রবণতা মানুষকে নতুন ধরনের সময়ের শৃঙ্খলে আটকে ফেলছে কি না, সেই প্রশ্নও সামনে আসছে।
শেষ পর্যন্ত সকালের জীবনযাপন ব্যক্তিগত পছন্দের বিষয় হলেও এর প্রভাব পড়ছে সামাজিক সম্পর্ক, বন্ধুত্ব ও অবসর কাটানোর প্রচলিত ধরনে।












