চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ে তোলা এবং সেখানে মানুষের বসবাস ও কর্মপরিবেশ তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই লক্ষ্য বাস্তবায়নে নতুন প্রজন্মের নভোচারী নিয়োগের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। ভবিষ্যতে যারা চাঁদে অবস্থান করবেন, সেখানে গবেষণা ও প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করবেন এবং একসময় মঙ্গলগ্রহে মানুষের অভিযানেও অংশ নিতে পারেন, তাঁদের খুঁজছে নাসা।
নিজেদের আর্টেমিস কর্মসূচির সম্প্রসারণের অংশ হিসেবে নতুন নভোচারী প্রার্থীদের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে সংস্থাটি। নাসার ভাষ্য, নির্বাচিত প্রার্থীরা মহাকাশে মানবজাতির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবেন। চাঁদে একটি স্থায়ী ঘাঁটি নির্মাণের পাশাপাশি মঙ্গলগ্রহে প্রথম মানববাহী অভিযান পরিচালনার প্রস্তুতিও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
গত সপ্তাহান্তে কেনেডি স্পেস সেন্টারে আয়োজিত একটি এয়ারশোতে নতুন নিয়োগের ঘোষণা দেওয়া হয়। চন্দ্র অভিযান, বিমান চলাচল এবং প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরতে এই আয়োজন করা হয়েছিল।
নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, নভোচারী দলে যোগ দেওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী সময়। নতুন করে নির্বাচিত ব্যক্তিদের কেউ চাঁদের মাটিতে হাঁটার সুযোগ পেতে পারেন, আবার কেউ চাঁদের ঘাঁটিতে বসবাস ও কাজ করতে পারেন। একই সঙ্গে ভবিষ্যতে মঙ্গলগ্রহে নভোচারী পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, ব্যবস্থা ও পরিচালন পদ্ধতি তৈরিতেও তাঁদের ভূমিকা থাকবে।
২০২৭ সালের শেষ দিকে চূড়ান্ত নির্বাচন
নাসা জানিয়েছে, নতুন নভোচারী প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্ত নির্বাচন করা হবে ২০২৭ সালের শেষ দিকে। এরপর নির্বাচিত ব্যক্তিদের প্রশিক্ষণ শুরু হবে। এর আগে ২০২৪ সালে সর্বশেষ নতুন নভোচারী নিয়োগের আবেদন গ্রহণ করেছিল সংস্থাটি। সে সময় আট হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরে মাত্র ১০ জনকে নির্বাচিত করা হয়।
নাসার জনসন স্পেস সেন্টারের প্রধান নভোচারী এবং নভোচারী নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্কট টিঙ্গল বলেন, নাসার নভোচারী হওয়া কেবল একটি পেশাগত সুযোগ নয়। এটি এমন একদল অভিযাত্রীর উত্তরসূরি হওয়ার সুযোগ, যাঁরা আবিষ্কার ও অনুসন্ধানের সীমানা ক্রমাগত বিস্তৃত করেছেন। মহাকাশে মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে—এমন গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নেওয়ার সুযোগও তৈরি হবে এর মাধ্যমে।
১৯৬০-এর দশক থেকে এখন পর্যন্ত নাসা মোট ৩৭০ জনকে নভোচারী প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রশিক্ষণ দিয়েছে। সময়ের সঙ্গে মহাকাশ অভিযান আরও জটিল ও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বর্তমানে সংস্থাটির সক্রিয় নভোচারীর সংখ্যা ৩২।
২০২৮ সালে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য
চাঁদে মানুষের প্রত্যাবর্তন এবং সেখানে দীর্ঘমেয়াদি অবস্থানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে নাসা। সম্প্রতি সংস্থাটির প্রশাসক ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ২০২৮ সালের মধ্যে আবারও মার্কিন নভোচারীদের চাঁদে পাঠানোর উচ্চাভিলাষী লক্ষ্য তুলে ধরেছেন।
এই অভিযানে বেসরকারি মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স ও ব্লু অরিজিন সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে। প্রতিষ্ঠান দুটি চাঁদে মানববাহী অবতরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নাসার পরিকল্পনায় চাঁদে অবতরণই শেষ লক্ষ্য নয়। সেখানে ঘাঁটি তৈরি করে দীর্ঘ সময় ধরে মানুষের বসবাস, বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনার সক্ষমতা অর্জন করতে চায় সংস্থাটি। এই অভিজ্ঞতা ভবিষ্যতে মঙ্গলগ্রহে মানববাহী অভিযান পরিচালনার ভিত্তি হিসেবে কাজ করবে।
আবেদনের জন্য যেসব যোগ্যতা প্রয়োজন
নাসা জানিয়েছে, নতুন নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। পাশাপাশি নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকতে হবে।
আবেদনকারীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল অথবা গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিকল্প হিসেবে চিকিৎসাবিজ্ঞানে প্রয়োজনীয় যোগ্যতা, পাইলট হিসেবে প্রশিক্ষণ অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরাল পর্যায়ে অন্তত দুই বছরের গবেষণার অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।
এ ছাড়া সংশ্লিষ্ট পেশায় অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নতুন এই নিয়োগ উদ্যোগের মধ্য দিয়ে চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি মঙ্গলগ্রহে মানব অভিযানের প্রস্তুতিকেও আরও এগিয়ে নিতে চায় নাসা। ফলে নতুন নভোচারী দল শুধু মহাকাশে যাত্রা করবে না, বরং পৃথিবীর বাইরে মানুষের ভবিষ্যৎ বসতি ও অনুসন্ধানের নতুন অধ্যায় তৈরিতেও অংশ নেবে।












