নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি করইতলা এলাকায় পণ্যবোঝাই একটি লরির টায়ারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, দুর্বৃত্তরা লরিটির একটি টায়ারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে গাড়িতে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে চালক ও তাঁর সহকারী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় লরির টায়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাশাপাশি বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ
আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
এদিকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নয়জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।












