বাংলাদেশে কার্যক্রম শুরুর ৭৫ বছর পূর্তি উদ্যাপন করেছে ব্রিটিশ কাউন্সিল। এ উপলক্ষে ঢাকায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা, শিল্পকলা ও সংস্কৃতিতে দীর্ঘদিনের অবদানের পাশাপাশি তরুণ প্রজন্মের সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতার বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রাইস-জোনস।
১৯৫১ সালে বাংলাদেশে প্রথম কার্যালয় চালুর পর থেকে ব্রিটিশ কাউন্সিল শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক জোরদারে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তির আয়োজনে সাবেক শিক্ষার্থী, বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা ব্যক্তি, বিশিষ্টজন ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায় তরুণদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কর্মসূচি ও অংশীদারত্ব। শিক্ষা, সৃজনশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতায় এসব উদ্যোগের ভূমিকা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
তরুণদের উদ্যোগের সঙ্গে পরিচিত হলেন ডাচেস
অনুষ্ঠানে ডাচেস অব এডিনবরা নারীর ক্ষমতায়ন, পরিবেশবান্ধব উদ্যোগ এবং আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত তরুণদের সঙ্গে কথা বলেন। তাঁদের কাজ ও অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন তিনি।
এ সময় ব্রিটিশ কাউন্সিলের তরুণ শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রতিযোগিতায় বিজয়ী এক শিক্ষার্থীর আঁকা ছবি ডাচেসকে উপহার দেওয়া হয়। আন্তর্জাতিক ‘শু বিং স্পেস আর্ট রেসিডেন্সি প্রতিযোগিতা ২০২৬-২৭’-এর সঙ্গে যুক্ত হয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পৃথিবীর বাইরের জগতে শিল্পকলার সম্ভাবনা নিয়ে কল্পনা করতে উৎসাহিত করা হয়। শিল্প, বিজ্ঞান ও মহাকাশ কীভাবে একসঙ্গে মানুষের মধ্যে সংযোগ এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের ধারণাকে এগিয়ে নিতে পারে, তা ছিল এর মূল ভাবনা।
শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতায় ৭৫ বছর
বাংলাদেশে দীর্ঘ ৭৫ বছরের কার্যক্রমে ব্রিটিশ কাউন্সিল ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে কাজ করেছে। ইংরেজি ভাষা শিক্ষার প্রসার, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ে সংস্থাটির বিভিন্ন কর্মসূচি কয়েক প্রজন্মের শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যুক্ত হয়েছে।
অনুষ্ঠানে সংস্থাটির কাজের তিনটি প্রধান ক্ষেত্র তুলে ধরা হয়—তরুণদের ক্ষমতায়ন, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য অংশীদারত্ব তৈরি।
পরিবেশবান্ধব উদ্যোক্তা কার্যক্রম, ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ এবং আন্তর্জাতিক শিক্ষা ও বৃত্তি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সাবেক অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের মতে, এসব উদ্যোগ কাজের নতুন সুযোগ তৈরি করেছে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও অংশগ্রহণের পথ খুলেছে।
ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতা উন্নয়নে গুরুত্ব
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ৭৫ বছর ধরে সংস্থাটি বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা, ইংরেজি ভাষা এবং শিল্পকলার মাধ্যমে নতুন সুযোগ তৈরিতে কাজ করছে। দেশের চাহিদা ও লক্ষ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাজের ধরনও বদলাতে হবে।
তিনি বলেন, তরুণদের এমন দক্ষতা, আত্মবিশ্বাস ও আন্তর্জাতিক যোগাযোগের সুযোগ তৈরি করা প্রয়োজন, যাতে তাঁরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে নিতে পারেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির প্রত্যাশাও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ কাউন্সিলের ইতিহাস বহু প্রজন্ম ধরে পরস্পরের সঙ্গে যুক্ত। শিক্ষা, আলোচনা, সংস্কৃতি ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে দুই প্রতিষ্ঠান দীর্ঘদিনের অংশীদার।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নতুন দক্ষতা, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, ডিজিটাল সক্ষমতা, সৃজনশীলতা ও প্রতিকূলতা মোকাবিলার যোগ্যতা অর্জন করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ কাউন্সিলের মতো প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।
বাংলাদেশে ৭৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ কাউন্সিলের ধারাবাহিক আয়োজনের অংশ ছিল এ অনুষ্ঠান। সংস্থাটি জানিয়েছে, ভবিষ্যতেও শিক্ষা, ইংরেজি ভাষা, শিল্পকলা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের মধ্যে পারস্পরিক শিক্ষা ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার কাজ চালিয়ে যাবে।












