মস্তিষ্কে রক্তপ্রবাহের অবস্থা তাৎক্ষণিকভাবে জানার দাবি করা ৯০০ ডলারের একটি পরিধানযোগ্য যন্ত্র নিয়ে ভারতে বিতর্ক তৈরি হয়েছে। প্রযুক্তিটির উদ্ভাবক ও উদ্যোক্তা দীপিন্দর গোয়াল এটিকে স্বাস্থ্য ও শরীরচর্চার সহায়ক যন্ত্র হিসেবে দাবি করলেও দেশটির একাধিক চিকিৎসক এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, যন্ত্রটির প্রচারণায় যেসব স্বাস্থ্যগত সক্ষমতার কথা বলা হচ্ছে, সেগুলোর পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।
‘টেম্পল’ নামের যন্ত্রটি আকারে এক ইঞ্চিরও কম চওড়া এবং ওজন দুই গ্রামের নিচে। কপাল ও কানের মাঝামাঝি মাথার পাশের অংশে এটি লাগিয়ে ব্যবহার করতে হয়। এর দাম ৮৫ হাজার রুপি বা প্রায় ৯০৭ ডলার। ছয়টি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে যন্ত্রটি।
মস্তিষ্কে রক্তপ্রবাহ মাপার দাবি
টেম্পলের প্রচারমূলক তথ্য অনুযায়ী, এর ‘ব্রেইনফ্লো’ প্রযুক্তি মস্তিষ্কে কতটা রক্ত সরবরাহ হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে দেখাতে পারে। অন্যদিকে, ‘এনট্রপি’ নামের আরেকটি বৈশিষ্ট্য শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণ ও অতিরিক্ত তাপ বের করে দিতে কতটা পরিশ্রম করছে, তা পরিমাপের দাবি করে।
প্রতিষ্ঠানটির দাবি, যন্ত্রটি শরীরের তাপীয় অবস্থা, রোগ প্রতিরোধব্যবস্থা, হজম, চিন্তাশক্তি এবং আবেগসংক্রান্ত বিভিন্ন তথ্যও দিতে পারে। এসব তথ্যের মাধ্যমে একজন ব্যক্তি নিজের স্বাস্থ্য ব্যবস্থাপনা আরও ভালোভাবে করতে পারবেন।
ভারতের ক্রিকেট অধিনায়ক শুভমান গিল এবং অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর মতো পরিচিত ক্রীড়াবিদকেও যন্ত্রটি ব্যবহার করতে দেখা গেছে।

তবে চিকিৎসকদের একটি অংশ বলছেন, এসব সক্ষমতার পক্ষে এখন পর্যন্ত যথেষ্ট গবেষণাভিত্তিক প্রমাণ প্রকাশিত হয়নি। বিশেষ করে মস্তিষ্কে রক্তপ্রবাহ পরিমাপের দাবি নিয়ে তাঁদের আপত্তি বেশি।
চিকিৎসকদের আপত্তি ও নিয়ন্ত্রক সংস্থার প্রশ্ন
ভারতের পরিচিত যকৃৎরোগ বিশেষজ্ঞ সাইরিয়াক ফিলিপস, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দ্য লিভার ডক’ নামে পরিচিত, টেম্পলের কার্যকারিতা নিয়ে নিয়মিত সমালোচনা করছেন। তাঁর মতে, এ ধরনের স্বাস্থ্যসংক্রান্ত প্রযুক্তি চিকিৎসা সরঞ্জাম হিসেবে বাজারজাত না হলেও এর দাবি সম্পর্কে সাধারণ মানুষের সচেতন থাকা প্রয়োজন।
শিশুরোগ ও কিডনি রোগ বিশেষজ্ঞ সঞ্জীব বাগাইও যন্ত্রটির সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, প্রয়োজনীয় আনুষ্ঠানিক অনুমোদন বা স্বীকৃতি ছাড়াই এমন প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রচারণা চালানো হচ্ছে।
চিকিৎসক জেসন ফিলিপ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মস্তিষ্কে রক্তপ্রবাহ পরিমাপ করা সহজ কাজ নয়। মাথার ত্বকের ওপর স্থাপিত আলোকসংকেতভিত্তিক সেন্সর মূলত ত্বক ও মুখমণ্ডলে রক্ত সরবরাহকারী উপরিভাগের ধমনির তথ্য দিতে পারে। সেই তথ্য দিয়ে মস্তিষ্কে রক্তপ্রবাহের অবস্থা নির্ভরযোগ্যভাবে নির্ধারণ করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
অন্যদিকে, টেম্পলের প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়াল চিকিৎসকদের সমালোচনার জবাবে বলেছেন, এটি কোনো চিকিৎসা সরঞ্জাম নয়; বরং শরীরচর্চা ও সুস্থতা পর্যবেক্ষণের একটি যন্ত্র।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও জানানো হয়েছে, ব্রেইনফ্লো ও এনট্রপি নতুন ধরনের পরিমাপক ব্যবস্থা, যেগুলোর বৈজ্ঞানিক ভিত্তি এখনো বিকাশমান। এ বিষয়ে আরও গবেষণা করা হবে। তবে কিছু বৈশিষ্ট্যের জন্য ভবিষ্যতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হতে পারে বলেও স্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্বজুড়ে বাড়ছে পরিধানযোগ্য প্রযুক্তির নজরদারি
টেম্পল নিয়ে বিতর্ক এমন সময়ে সামনে এসেছে, যখন বিশ্বজুড়েই শরীরে পরিধানযোগ্য স্বাস্থ্য ও শরীরচর্চার যন্ত্রগুলোর কার্যকারিতা এবং নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা বাড়ছে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন অ্যাপল ওয়াচের উচ্চ রক্তচাপসংক্রান্ত সতর্কবার্তার মতো কিছু বৈশিষ্ট্যকে চিকিৎসাসংক্রান্ত সফটওয়্যার হিসেবে ব্যবহারের অনুমোদন দিয়েছে। অন্যদিকে, গত বছর সংস্থাটি ‘হুপ’ নামের একটি শরীরচর্চার যন্ত্রের রক্তচাপ পরিমাপের বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন তুলেছিল। সংস্থাটির মতে, এ ধরনের সুবিধা চিকিৎসা সরঞ্জামের আওতায় পড়তে পারে। তবে প্রতিষ্ঠানটি এ অবস্থানের সঙ্গে একমত নয়।
৬২টির বেশি দেশে অর্ডার
টেম্পলের প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়াল ভারতের বৃহত্তম তালিকাভুক্ত খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান জোম্যাটোর মূল কোম্পানি ‘ইটারনাল’-এর সহপ্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৩৫ বিলিয়ন ডলার। চলতি বছর ইটারনালের প্রধান নির্বাহীর পদ ছেড়ে তিনি টেম্পলের উন্নয়ন ও কার্যক্রমে মনোযোগ দিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে টেম্পল প্রায় ১৯০ মিলিয়ন ডলার মূল্যায়নে ৫৪ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে। প্রতিষ্ঠানটির উপদেষ্টা পর্ষদে অটোয়া বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরাও রয়েছেন।
গোয়ালের দাবি, গত ১ নভেম্বর থেকে বিশ্বের ৬২টির বেশি দেশ থেকে টেম্পলের অর্ডার পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে নাক ডাকা এবং দাঁত চেপে রাখার মতো শারীরিক সমস্যাও শনাক্ত করার প্রযুক্তি নিয়ে কাজ করছে।
তবে চিকিৎসকদের আপত্তির মধ্যে এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে, শরীরচর্চার যন্ত্র হিসেবে বাজারজাত করা কোনো প্রযুক্তি যখন মস্তিষ্কের রক্তপ্রবাহ বা শারীরিক কার্যক্রমের মতো চিকিৎসাসংশ্লিষ্ট তথ্য দেওয়ার দাবি করে, তখন সেটির বৈজ্ঞানিক যাচাই ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন কতটা জরুরি।












