ভারতের বড় ব্যবসায়ী পরিবারগুলোর অভ্যন্তরীণ বিরোধ এখন আর নিছক পারিবারিক বিবাদে সীমাবদ্ধ নেই। এসব দ্বন্দ্ব ক্রমেই বড় করপোরেট প্রতিষ্ঠানের পরিচালনা, বিনিয়োগকারীদের আস্থা এবং দেশের ব্যবসায়িক পরিবেশের ওপর প্রভাব ফেলছে। উত্তরাধিকার, সম্পদের ভাগ এবং প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে বহু বছরের গড়ে তোলা ব্যবসায়িক সাম্রাজ্য বিভক্ত হয়ে পড়ছে। প্রতিষ্ঠাতার মৃত্যুর পর কিংবা তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালে উত্তরসূরিদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হচ্ছে। এর পরিণতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠান, কর্মী, বিনিয়োগকারী এবং শেষ পর্যন্ত দেশের অর্থনীতি।
চেন্নাইয়ের টিভিএস গোষ্ঠীতে পরিবারের কর্তার সঙ্গে স্ত্রী ও মেয়ের আইনি পাল্টাপাল্টি পদক্ষেপ, নয়াদিল্লিতে গডফ্রে ফিলিপস সাম্রাজ্যের উত্তরাধিকারী ও তাঁর মায়ের বিরোধ এবং পুনের কল্যাণী পরিবারের দীর্ঘদিনের সম্পত্তি-সংক্রান্ত বিরোধ—সবই একই সমস্যার ভিন্ন প্রকাশ। ভারতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারগুলোর মধ্যে এমন বিরোধের তালিকা দীর্ঘ হচ্ছে। কোথাও আদালতের দ্বারস্থ হতে হচ্ছে, কোথাও বছরের পর বছর ধরে মধ্যস্থতার চেষ্টা চলছে।
এই সংঘাতের অর্থনৈতিক মূল্যও কম নয়। মালিক পরিবারের সদস্যরা যখন ব্যক্তিগত বিরোধে ব্যস্ত থাকেন, তখন ব্যবসার স্বাভাবিক সিদ্ধান্ত গ্রহণ বাধাগ্রস্ত হয়। প্রতিষ্ঠানের ব্র্যান্ডের প্রতি গ্রাহকের আস্থা কমতে পারে, কর্মীরা নেতৃত্বের অনিশ্চয়তায় পড়েন এবং শেয়ারহোল্ডারদের সম্পদের মূল্য ক্ষতিগ্রস্ত হয়। কোনো কোনো বিরোধ নিষ্পত্তি হতে বছরের পর বছর লেগে যায়। এতে ভারতের স্থিতিশীল ও নিয়ন্ত্রিত ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ধারণাও নেতিবাচক হতে পারে।
এ পরিস্থিতি বদলাতে শুধু ব্যবসায়ী পরিবারগুলোর স্বেচ্ছানিয়ন্ত্রণের ওপর নির্ভর করা যথেষ্ট নয়। উত্তরাধিকার নির্ধারণের জন্য সরকারের একটি সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করা প্রয়োজন। তবে সেই আইনের উদ্দেশ্য হবে না পরিবারের সম্পদ কীভাবে ভাগ হবে, তা সরকার নির্ধারণ করে দেওয়া। বরং উত্তরাধিকার প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য, সময়সীমাবদ্ধ এবং আইনগতভাবে কার্যকর করা।
আধুনিক ব্যবসা, পুরোনো পারিবারিক নিয়ন্ত্রণ
১৯৯১ সালে সমাজতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো থেকে সরে এসে বাজারমুখী সংস্কার শুরু করার পর ভারতের পারিবারিক ব্যবসাগুলোতে বড় পরিবর্তন এসেছে। অনেক প্রতিষ্ঠান আধুনিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে, পেশাদার নেতৃত্ব তৈরি করেছে এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে। কিন্তু মালিকানার প্রশ্নে পুরোনো পারিবারিক মানসিকতা অনেক ক্ষেত্রেই রয়ে গেছে।
ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী পরিবারগুলো সাধারণত নিজেদের প্রতিষ্ঠানের মালিকানা পরিবারের মধ্যেই ধরে রাখতে চায়। গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার দায়িত্বও দেওয়া হয় আত্মীয়স্বজন বা ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের। ফলে ব্যবসা পরিচালনায় পেশাদার নিয়ম ও জবাবদিহির চেয়ে ব্যক্তিগত সম্পর্কের প্রভাব বেশি থাকে।
এই ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হলো, পুরো প্রতিষ্ঠান অনেক সময় একজন পরিবারের কর্তার ব্যক্তিগত কর্তৃত্বের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। সাধারণত তিনিই পরিবারের বিভিন্ন পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখেন এবং বিরোধ প্রকাশ্যে আসতে দেন না। কিন্তু তাঁর মৃত্যু বা অবসরের পর সেই নিয়ন্ত্রণ ভেঙে গেলে প্রতিষ্ঠান দীর্ঘ সময়ের জন্য অস্থায়ী নেতৃত্ব ও অনিশ্চয়তার মধ্যে পড়ে। বিদেশি বিনিয়োগকারীদের জন্যও তখন নিজেদের বিনিয়োগের ভবিষ্যৎ নির্ধারণ কঠিন হয়ে যায়।
উত্তরাধিকার নিয়ে অনিশ্চয়তার মূল্য
টাটা গোষ্ঠীর অভিজ্ঞতা এই সমস্যার জটিলতা বোঝার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। দেড় শতাব্দীরও বেশি আগে ভারতের শিল্পায়নে ভূমিকা রাখা এই ব্যবসায়ী গোষ্ঠীর সম্পদের বড় অংশ বর্তমানে জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। কিন্তু ব্যবসায় পুনর্বিনিয়োগ এবং দাতব্য কার্যক্রমে অর্থ ব্যয়ের মধ্যে অগ্রাধিকার নির্ধারণের প্রশ্নটি প্রতিষ্ঠানটির কাঠামোর মধ্যেই একটি টানাপোড়েন তৈরি করে।
রতন টাটার জীবদ্দশায় তাঁর ব্যক্তিগত কর্তৃত্ব ও মূল্যবোধ এই দুই দিকের মধ্যে ভারসাম্য বজায় রেখেছিল। ২০২৪ সালে তাঁর মৃত্যুর পর সেই ভারসাম্য নিয়ে বিরোধ প্রকাশ্যে আসে। এ ঘটনা দেখায়, একজন প্রভাবশালী কর্তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা দিয়ে দীর্ঘদিন যে সমঝোতা টিকিয়ে রাখা যায়, তা সব সময় প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বিকল্প হতে পারে না।
ভারতের বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠীগুলোর উত্তরাধিকার নির্ধারণ তাই শুধু পরিবারের অভ্যন্তরীণ বিষয় নয়। এসব প্রতিষ্ঠানের সঙ্গে বিপুল কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। ফলে উত্তরাধিকার নিয়ে সিদ্ধান্ত যদি ব্যক্তিগত ইচ্ছা, পারিবারিক দর-কষাকষি কিংবা সম্পর্কের ওপর নির্ভর করে, তাহলে তার প্রভাব পরিবারের সীমানা ছাড়িয়ে যায়।
এ ক্ষেত্রে আইনের ভূমিকা হওয়া উচিত প্রক্রিয়াগত ন্যায্যতা নিশ্চিত করা। কোন উত্তরাধিকারী কত সম্পদ পাবেন, তা পরিবার বা আদালতের মাধ্যমে নির্ধারিত হতে পারে। কিন্তু সম্পদের মূল্যায়ন, আর্থিক তথ্যের প্রবেশাধিকার এবং সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ সবার জন্য সমান থাকা জরুরি।
টিভিএস গোষ্ঠীর বিরোধে ২০২৪ সালে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারককে ঘিরে প্রশ্ন উঠেছে—এটি কি শুধু ব্যবস্থাপনার দায়িত্ব ভাগ করেছে, নাকি ১১৫ বছরের পুরোনো এবং ৫০০ কোটি ডলারের বেশি সম্পদমূল্যের গাড়ি নির্মাতা গোষ্ঠীর সম্পদের স্থায়ী বিভাজন ঘটিয়েছে? বিষয়টি পরিবারের সদস্যদের কিংবা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রভাব ফেলবে এমন সিদ্ধান্ত যদি যথাযথ মূল্যায়ন ছাড়াই নেওয়া হয়, তাহলে তা বড় সমস্যা তৈরি করতে পারে।
প্রয়োজন স্বচ্ছ ও বাধ্যতামূলক উত্তরাধিকার আইন
একটি কার্যকর উত্তরাধিকার কাঠামোর প্রথম শর্ত হওয়া উচিত প্রতিষ্ঠানের সব ব্যবসা, সম্পদ, দায়, ট্রাস্ট এবং মালিকানার অংশের স্বাধীন মূল্যায়ন। যোগ্য প্রত্যেক উত্তরাধিকারীর এসব আর্থিক তথ্য জানার সমান অধিকার থাকতে হবে। স্বাধীন উপদেষ্টা ও তদারকি ব্যবস্থা নিশ্চিত করতে পারে, যাতে পরিবারের কোনো শক্তিশালী পক্ষ পুরো প্রক্রিয়াকে নিজেদের অনুকূলে প্রভাবিত করতে না পারে। মূল্যায়ন কিংবা সম্পদ বণ্টনের প্রস্তাব নিয়ে আপত্তি জানানোর সুযোগও থাকতে হবে সব উত্তরাধিকারীর।
এ ধরনের আইন প্রতিষ্ঠাতার মৃত্যুর পর কার্যকর হলে অনেক সময় তত দিনে বিরোধ গভীর হয়ে যায়। তাই প্রতিষ্ঠাতা জীবিত থাকতেই উত্তরাধিকার পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় নথি প্রস্তুতের ব্যবস্থা থাকা উচিত। একই সঙ্গে প্রতিষ্ঠাতার স্বার্থও সুরক্ষিত করতে হবে। কারণ, সম্পদ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনের পর কখনো কখনো প্রতিষ্ঠাতাই নিজের সম্পদের ওপর নিয়ন্ত্রণ হারাতে পারেন।
রিলায়েন্স গোষ্ঠীর অভিজ্ঞতা এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি কোনো উইল রেখে না যাওয়ায় ২০০২ সালে তাঁর মৃত্যুর পর দুই ছেলে মুকেশ ও অনিলের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। শেষ পর্যন্ত ব্যবসায়িক সাম্রাজ্য ভাগ হয়ে যায়। উত্তরাধিকার নিয়ে আগেই বাধ্যতামূলক আইনি ব্যবস্থা থাকলে হয়তো বিরোধ দ্রুত ও তুলনামূলক ন্যায্যভাবে নিষ্পত্তি করা সম্ভব হতো। একই সঙ্গে প্রতিষ্ঠান ও শেয়ারহোল্ডারদের দীর্ঘদিনের অনিশ্চয়তা থেকেও রক্ষা করা যেত।
তবে উত্তরাধিকার আইন শুধু পরবর্তী প্রজন্মের সম্পদ বণ্টন নিয়ে তৈরি হলে চলবে না। প্রতিষ্ঠাতার মর্যাদা ও আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। রেমন্ড গোষ্ঠীর প্রতিষ্ঠাতা বিজয়পত সিংহানিয়ার ঘটনা এই প্রয়োজনীয়তা তুলে ধরে। তিনি ছেলের গৌতমের হাতে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার পর তাঁদের সম্পর্ক ভেঙে পড়ে। একসময় নিজের বাড়ি থেকেও তাঁকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিজয়পত। চলতি বছরের শুরুতে ছেলে-সংক্রান্ত বিরোধের সমাধান না করেই তাঁর মৃত্যু হয়।
উত্তরাধিকারে নারীর অধিকারও নিশ্চিত করতে হবে
ভারতের করপোরেট জগৎ আধুনিকতার পরিচয় দিলেও পারিবারিক সম্পদ বণ্টনে লিঙ্গবৈষম্য এখনো একটি বড় সমস্যা। অনেক ক্ষেত্রে মেয়েরা পরিবারের ব্যবসায়িক সম্পদ থেকে সামান্য অংশ পান, কখনো কখনো পারিবারিক সমঝোতা থেকেই বাদ পড়ে যান।
চেন্নাইভিত্তিক মুরুগাপ্পা গোষ্ঠীর ঘটনা এ বৈষম্যের উদাহরণ। প্রতিষ্ঠানের কর্তা এমভি মুরুগাপ্পনের মৃত্যুর পর তাঁর মেয়ে ভল্লি অরুণাচালামকে পরিবারের সদস্যরাই পরিচালনা পর্ষদে জায়গা দিতে অস্বীকৃতি জানান। তাঁকে বারবার বলা হয়, ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় অভিজ্ঞতা তাঁর নেই। অথচ তাঁর পিএইচডি ডিগ্রির পাশাপাশি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজের ২৪ বছরের অভিজ্ঞতা ছিল।
এ ধরনের ঘটনা দেখায়, উত্তরাধিকার নির্ধারণের ক্ষেত্রে শুধু সম্পদের মূল্যায়ন নয়, উত্তরাধিকারীদের সমান অধিকারও আইনি সুরক্ষার আওতায় আনতে হবে। পরিবারের পুরুষ সদস্যদের মতো নারীদেরও আর্থিক তথ্য, সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পদ বণ্টনের প্রক্রিয়ায় সমান অংশগ্রহণের সুযোগ থাকতে হবে।
আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা
এ বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে ভারত শিক্ষা নিতে পারে। ইতালিতে ‘পাত্তো দি ফামিলিয়া’ নামে একটি আইনি ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে ব্যবসার মালিক জীবিত থাকতেই পরবর্তী প্রজন্মের কাছে প্রতিষ্ঠান হস্তান্তর করতে পারেন। তবে ভারতের প্রয়োজন আরও বিস্তৃত কাঠামো। কারণ, প্রতিষ্ঠাতার ইচ্ছা অজানা থাকলে কিংবা পরিবারের সদস্যরা সেই ইচ্ছা নিয়ে একমত না হলে কীভাবে বিরোধ নিষ্পত্তি হবে, তারও আইনি সমাধান থাকা দরকার।
ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যেও এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সম্পদ ও দায়িত্ব হস্তান্তরের বিষয়টি গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতায় পরিবারকে মূল্যবোধ ও দায়িত্বের ধারাবাহিকতা রক্ষার একটি মাধ্যম হিসেবে দেখা হয়েছে। ব্যবসায়ী পরিবারগুলোর ক্ষেত্রেও এই দায়িত্বের অর্থ শুধু সম্পদ ধরে রাখা নয়; বরং ন্যায্যতা ও শৃঙ্খলার সঙ্গে তা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া।
ভারতের অর্থনীতিতে বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর অবদান অস্বীকার করার সুযোগ নেই। এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ যদি উত্তরাধিকার নিয়ে ব্যক্তিগত দ্বন্দ্বের ওপর নির্ভর করে, তাহলে তার প্রভাব বিনিয়োগ পরিবেশেও পড়বে। যে দেশে ব্যক্তিগত সম্পদের মালিকানা ও ব্যবসার ভবিষ্যৎ পারিবারিক বিরোধের কারণে অনিশ্চিত হয়ে পড়ে, সেখানে বিদেশি বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই ঝুঁকি বেশি দেখবেন এবং সম্পদের মূল্য কম ধরে হিসাব করবেন।
অতএব, ভারতের সামনে এখন গুরুত্বপূর্ণ কাজ হলো পারিবারিক ব্যবসার উত্তরাধিকারকে ব্যক্তিগত সদিচ্ছা ও ক্ষমতার লড়াইয়ের বাইরে এনে আইনের আওতায় একটি স্বচ্ছ প্রক্রিয়া প্রতিষ্ঠা করা। পরিবার নিজের সম্পদ কীভাবে ভাগ করবে, সেই সিদ্ধান্ত পরিবারেরই থাকা উচিত। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি হতে হবে ন্যায্য, জবাবদিহিমূলক এবং সবার জন্য সমান। অন্যথায়, ভারতের বৃহৎ ব্যবসায়িক সাম্রাজ্যগুলো অর্থনৈতিক শক্তির উৎস না হয়ে উত্তরাধিকার-সংঘাতের স্থায়ী ক্ষেত্র হয়ে উঠতে পারে।












