দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতাকে কেবল সীমান্ত নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখলে এর বৃহত্তর রাজনৈতিক তাৎপর্য আড়ালে থেকে যাবে। সামরিক অভিযান, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ এবং দ্রুজ সম্প্রদায়ের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ঘিরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে সিরিয়ার ভূখণ্ডে নতুন এক নিরাপত্তা ও প্রভাববলয় প্রতিষ্ঠার সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠছে। এর লক্ষ্য শুধু সীমান্ত থেকে সম্ভাব্য হুমকি দূরে রাখা নয়; বরং প্রতিবেশী রাষ্ট্রের দুর্বলতাকে কাজে লাগিয়ে এমন একটি বাস্তবতা তৈরি করা, যেখানে দামেস্কের কেন্দ্রীয় কর্তৃত্ব ক্রমেই সীমিত হয়ে পড়ে।
সিরিয়া ও লেবানন—দুই সীমান্তেই ইসরায়েলের কৌশলের মধ্যে একটি মৌলিক মিল রয়েছে। সামরিক ও রাজনৈতিকভাবে দুর্বল প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগিয়ে সীমান্তবর্তী এলাকায় নিজেদের প্রভাব বাড়ানো এবং প্রতিপক্ষের সামরিক উপস্থিতি ঠেকাতে বাফার বা নিরাপত্তা অঞ্চল তৈরি করা। দক্ষিণ লেবাননে অতীতে যে নিরাপত্তাবলয় প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল, দক্ষিণ সিরিয়ায় তার অনুরূপ ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা এখন সামনে আসছে।
কিন্তু সামরিক শক্তি দিয়ে কোনো এলাকায় প্রভাব প্রতিষ্ঠা করা আর সেই প্রভাব দীর্ঘদিন টিকিয়ে রাখা এক বিষয় নয়। ইসরায়েল হয়তো বর্তমান আঞ্চলিক পরিস্থিতিকে নিজেদের জন্য অনুকূল মনে করছে। তবে এই সুযোগ কাজে লাগিয়ে যে ব্যবস্থা গড়ে তোলা হবে, তা ভবিষ্যতে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণ হয়ে উঠতে পারে।
দ্রুজ সম্প্রদায়কে ঘিরে কৌশলগত হিসাব
দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের অবস্থান ইসরায়েলের হিসাব-নিকাশে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও সামরিক কাঠামোর সঙ্গে দ্রুজদের সম্পর্ক দীর্ঘদিনের। দেশটির দ্রুজ পুরুষদের মধ্যে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের হার ৮০ শতাংশের বেশি। আরবি ভাষায় দক্ষতা, স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জ্ঞান এবং সামরিক অভিজ্ঞতার কারণে ইসরায়েলের নিরাপত্তা কাঠামোয় এই সম্প্রদায়ের সদস্যদের বিশেষ ভূমিকা রয়েছে।
ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক আলোচনায় দ্রুজদের সঙ্গে সম্পর্ককে প্রায়ই ‘রক্তের বন্ধন’ হিসেবে তুলে ধরা হয়। তবে এই সম্পর্ককে শুধু ঐতিহাসিক বা সামাজিক ঘনিষ্ঠতার জায়গা থেকে ব্যাখ্যা করা যথেষ্ট নয়। ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্বার্থের সঙ্গেও এর সরাসরি যোগ রয়েছে। আরবি ভাষা ও স্থানীয় সমাজ সম্পর্কে পরিচিতি তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং আরব জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সুবিধা দেয়।
এই বাস্তবতার কারণে দক্ষিণ সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে ঘিরে ইসরায়েলের আগ্রহ শুধু তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে সীমাবদ্ধ নয়। স্থানীয় নেতৃত্ব, সশস্ত্র গোষ্ঠী এবং রাজনৈতিক কর্তৃত্বের বিন্যাসে প্রভাব বিস্তারের সুযোগও এতে তৈরি হতে পারে।
সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিভিন্ন প্রতিবেদনে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান ও স্থল তৎপরতার কথা উঠে এসেছে। সুয়েইদা প্রদেশে ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ এবং দ্রুজ সশস্ত্র গোষ্ঠীর জন্য অস্ত্র সরবরাহের অভিযোগও সামনে এসেছে। এসব অভিযোগের তাৎপর্য হলো, স্থানীয় বিরোধ যদি সরাসরি বাইরের সামরিক সহায়তার সঙ্গে যুক্ত হয়, তাহলে তা সিরিয়ার অভ্যন্তরীণ সংকটকে নতুন মাত্রা দিতে পারে।
স্বায়ত্তশাসনের দাবি, নাকি নতুন বিভাজনের পথ?
সুয়েইদায় শেখ হিকমত আল-হিজরির সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো সিরীয় সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাতে পারে—এমন আশঙ্কা দামেস্কে বাড়ছে। এ ধরনের সংঘাতের পরিণতিতে দক্ষিণ সিরিয়ায় স্বায়ত্তশাসিত কোনো রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠার দাবি জোরালো হতে পারে। উত্তর সিরিয়ায় কুর্দি অভিজ্ঞতার সঙ্গে এর তুলনা করা হচ্ছে।
তবে দ্রুজ নেতৃত্বের বড় অংশই এমন পথকে সমর্থন করে না বলে ধারণা করা হচ্ছে। তাদের আশঙ্কা, পৃথক রাজনৈতিক বা সামরিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ দ্রুজদের দীর্ঘদিনের জাতীয় পরিচয় এবং আরব প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে দুর্বল করতে পারে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠী এমন এক আঞ্চলিক সমীকরণের অংশ হয়ে পড়তে পারে, যার লক্ষ্য তাদের নিজস্ব স্বার্থের চেয়ে অনেক বিস্তৃত।
এখানেই স্বায়ত্তশাসনের প্রশ্নটি জটিল হয়ে ওঠে। স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা, প্রশাসনিক অধিকার ও নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের দাবি বাস্তব হতে পারে। কিন্তু সেই দাবিকে যদি বাইরের কোনো শক্তি নিজের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করে, তাহলে তার রাজনৈতিক চরিত্র বদলে যায়। স্থানীয় স্বার্থের নামে প্রতিষ্ঠিত ব্যবস্থা তখন বৃহত্তর ভূরাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ারে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে।
ইসরায়েলের দৃষ্টিতে দক্ষিণ সিরিয়ায় এমন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল কৌশলগত সুবিধা দিতে পারে। গোলান মালভূমির কাছাকাছি এলাকায় ইরান-সমর্থিত গোষ্ঠী বা ইসরায়েল যাদের প্রতিপক্ষ মনে করে, তাদের পুনরায় অবস্থান নেওয়া ঠেকাতে এটি বাফার হিসেবে কাজ করতে পারে। কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য সিরিয়ার ভেতরে নতুন রাজনৈতিক বিভাজন তৈরি হলে দেশটির রাষ্ট্রীয় অখণ্ডতা আরও দুর্বল হবে।
দামেস্কের সঙ্গে সমঝোতার পথও অনিশ্চিত
গত কয়েক মাসে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে যোগাযোগ এবং নিরাপত্তা সমঝোতার চেষ্টা হয়েছে। আলোচনায় দ্রুজ ইস্যু মোকাবিলায় বিশেষ কাঠামোর প্রস্তাবও উঠে এসেছে। এমন ব্যবস্থায় স্থানীয় পরিস্থিতি ইসরায়েলের নির্ধারিত নিরাপত্তা সীমা অতিক্রম করলে দ্রুত সামরিক হস্তক্ষেপের সুযোগ রাখার কথা বিবেচনা করা হয়েছে বলে বিভিন্ন প্রস্তাবে ইঙ্গিত রয়েছে।
কিন্তু সাম্প্রতিক উত্তেজনা এবং দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দেখাচ্ছে, সমঝোতার পথে বড় বাধা রয়ে গেছে। আস্থার অভাব, সীমান্ত নিরাপত্তা নিয়ে ভিন্ন অবস্থান এবং সিরিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা—সব মিলিয়ে কোনো স্থায়ী বোঝাপড়ায় পৌঁছানো কঠিন।
ইসরায়েল বর্তমান পরিস্থিতিকে নিজেদের কৌশল বাস্তবায়নের সুযোগ হিসেবে দেখছে। ইরানের আঞ্চলিক প্রভাব কমে আসা, সিরিয়ার নতুন সরকারের সামনে সামরিক ও অর্থনৈতিক সংকট, সাম্প্রদায়িক বিভাজন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের দুরূহ কাজ—এসব বিষয়কে কাজে লাগাতে চাইছে দেশটি। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের দুর্বলতা সাময়িকভাবে সুবিধা দিলেও তা দীর্ঘমেয়াদে নিরাপত্তার নিশ্চয়তা দেয় না।
সামরিক নিয়ন্ত্রণ স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করে না
কোনো অঞ্চলে সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করা তুলনামূলক সহজ হতে পারে, কিন্তু সেই উপস্থিতিকে রাজনৈতিক ও সামাজিক স্বীকৃতি দেওয়া অনেক কঠিন। বিশেষ করে যেখানে জাতীয় পরিচয়, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক এবং স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহাসিক স্মৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেখানে বাইরের শক্তির পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা ব্যবস্থা সহজে স্থিতিশীল হয় না।
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েল যদি নিরাপত্তাবলয় বা প্রভাবাধীন অঞ্চল প্রতিষ্ঠা করে, তাহলে স্থানীয় ও আঞ্চলিক শক্তিগুলোর জন্য তা প্রতিরোধের নতুন ভিত্তি তৈরি করতে পারে। দখল বা বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে প্রতিরোধকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার সুযোগও তৈরি হবে। ফলে যে ব্যবস্থা সীমান্তের ঝুঁকি কমানোর কথা, সেটিই সীমান্তে দীর্ঘস্থায়ী উত্তেজনার অন্যতম কারণ হয়ে উঠতে পারে।
স্থানীয় জনগোষ্ঠী যদি মনে করে তাদের রাজনৈতিক পরিচয় ও জাতীয় স্বার্থকে পাশ কাটিয়ে বাইরের কোনো নিরাপত্তা প্রকল্পে যুক্ত করা হচ্ছে, তাহলে সেই ব্যবস্থার বিরুদ্ধে বিরোধিতা বাড়ার আশঙ্কা রয়েছে। তখন ইসরায়েলের সামনে দুটি কঠিন পথ তৈরি হবে। একদিকে, স্থানীয় মিত্রদের ওপর নির্ভর করে প্রভাব ধরে রাখার চেষ্টা করতে হবে; অন্যদিকে, সেই মিত্রদের সুরক্ষায় সরাসরি ও দীর্ঘমেয়াদি সামরিক সম্পৃক্ততার ঝুঁকি নিতে হবে। দুই পথেরই মূল্য রয়েছে।
দক্ষিণ লেবাননে ইসরায়েলের অতীত অভিজ্ঞতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেখানে প্রতিষ্ঠিত নিরাপত্তাবলয় ২২ বছর টিকে থাকলেও শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতি ও প্রতিরোধের মুখে বিশৃঙ্খল প্রত্যাহারের মধ্য দিয়ে তার অবসান ঘটে। দক্ষিণ সিরিয়ায় একই ধরনের ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা আরও বেশি অনিশ্চিত হতে পারে। কারণ, সিরিয়ার সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা লেবাননের মতো নয়। প্রস্তাবিত প্রভাববলয়ের জন্য সংলগ্ন ও স্থিতিশীল ভূখণ্ডের অভাব রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে বাইরের শক্তির কৌশলগত হিসাবের অংশ হয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে সচেতনতা রয়েছে।
নিরাপত্তার কৌশলই হয়ে উঠতে পারে নতুন সংকট
ইসরায়েলের বর্তমান পদক্ষেপে তাৎক্ষণিক কিছু সামরিক সুবিধা আসতে পারে। সীমান্তের কাছাকাছি প্রতিপক্ষের উপস্থিতি ঠেকানো এবং নিজেদের পছন্দের স্থানীয় শক্তির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা সেই সুবিধার অংশ। কিন্তু অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব দুর্বল করে নিজের নিরাপত্তা নিশ্চিত করার কৌশল দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা তৈরি করে না।
বরং রাষ্ট্রীয় কর্তৃত্ব ভেঙে পড়লে সীমান্তবর্তী এলাকায় একাধিক সশস্ত্র শক্তির উত্থান ঘটতে পারে। তাদের আনুগত্য, লক্ষ্য ও রাজনৈতিক অবস্থান সময়ের সঙ্গে বদলে যেতে পারে। আজ যে গোষ্ঠীকে নিরাপত্তার অংশীদার মনে হচ্ছে, ভবিষ্যতে তারাই নতুন সংঘাতের উৎস হয়ে উঠতে পারে। স্থানীয় বিরোধ, আঞ্চলিক প্রতিযোগিতা এবং বিদেশি হস্তক্ষেপ একে অন্যকে শক্তিশালী করে অস্থিতিশীলতার চক্র তৈরি করতে পারে।
এখানেই ইসরায়েলের কৌশলের মৌলিক স্ববিরোধিতা। সীমান্ত থেকে হুমকি দূরে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে দক্ষিণ সিরিয়ায় সামরিক ও রাজনৈতিক প্রভাব বাড়ানো হলেও সেই উপস্থিতিই নতুন প্রতিরোধ ও সংঘাতের জন্ম দিতে পারে। নিরাপত্তা যদি প্রতিবেশী রাষ্ট্রের বিভাজন ও সার্বভৌমত্ব ক্ষয়ের ওপর দাঁড়ায়, তাহলে তা সাময়িক সুবিধা দিলেও স্থায়ী শান্তির ভিত্তি হতে পারে না।
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের সামনে তাই শুধু সামরিক সাফল্য ধরে রাখার প্রশ্ন নয়; বরং এমন এক বাস্তবতার ঝুঁকিও রয়েছে, যেখানে নিরাপত্তা প্রতিষ্ঠার নামে নেওয়া পদক্ষেপই ভবিষ্যতের নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়াবে। ইতিহাসের শিক্ষা হলো, সামরিক নিয়ন্ত্রণ দিয়ে ভূখণ্ডে প্রভাব বিস্তার করা যায়, কিন্তু মানুষের রাজনৈতিক আনুগত্য কিংবা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করা যায় না।













