সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের পর তাঁকে নিয়ে কটাক্ষ করেছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির দাবি, ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছেড়ে দিয়ে জাতীয় উপদেষ্টা পরিষদের (এনএসসি) চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেওয়ার মাধ্যমে কার্যত ‘সুপার প্রধানমন্ত্রী’ হয়েছিলেন সোনিয়া।
বুধবার এক সংবাদ সম্মেলনে বিজেপির সংসদ সদস্য সুধাংশু ত্রিবেদী এ মন্তব্য করেন। সোনিয়ার প্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়টি উঠে এসেছে। ওই সময় তাঁর পরিবর্তে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হন।
সোনিয়ার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ত্রিবেদী বলেন, ১৯৯৯ সালের এপ্রিলে অটল বিহারি বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকার সংসদে মাত্র এক ভোটে হেরে যাওয়ার পর সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ জন সংসদ সদস্যের সমর্থন রয়েছে বলে দাবি করেছিলেন।
বিজেপি নেতার ভাষ্য, তৎকালীন রাষ্ট্রপতি তাঁকে সমর্থনকারী সংসদ সদস্যদের লিখিত চিঠি জমা দিতে বলেছিলেন। কারণ, ১৯৯৮ সালে বাজপেয়ীর ক্ষেত্রেও একই শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু সোনিয়া সেই চিঠি জমা দিতে পারেননি। ফলে তখন সরকার গঠনের উদ্যোগ ব্যর্থ হয়।
ত্রিবেদীর দাবি, ২০০৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) ক্ষমতায় আসার সময় সব সমর্থনপত্র সোনিয়ার নামেই সংগ্রহ করা হয়েছিল। এরপর তিনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ না করে জাতীয় উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন হন।
বিজেপি নেতা বলেন, মন্ত্রিসভার সদস্যের সমমর্যাদায় জাতীয় উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালন করে সোনিয়া কার্যত সরকারের ওপর প্রভাব বিস্তার করেছিলেন। তাঁর এই পদটি লাভজনক পদ কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হলে তাঁকে পদত্যাগ করতে হয়। পরে মনমোহন সিংয়ের সরকার সংশ্লিষ্ট নিয়ম পরিবর্তন করে জাতীয় উপদেষ্টা পরিষদের চেয়ারপারসনের পদকে লাভজনক পদের তালিকা থেকে বাদ দেয়। এরপর উপনির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হওয়ার পর সোনিয়া আবারও ওই দায়িত্ব গ্রহণ করেন বলে দাবি করেন ত্রিবেদী।
দীপাবলি নিয়ে কংগ্রেস নেতার মন্তব্যেও বিজেপির আপত্তি
সংবাদ সম্মেলনে কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতি ও হিন্দুধর্মকে অপমান করার অভিযোগও তোলেন ত্রিবেদী।
উত্তর প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি ইমরান মাসুদের সাম্প্রতিক দীপাবলি-সংক্রান্ত মন্তব্যের সমালোচনা করেন তিনি। মাসুদ বলেছিলেন, দীপাবলি ও দূষণ—দুটিই মানুষের তৈরি সমস্যা।
ত্রিবেদী প্রশ্ন তোলেন, উত্তর প্রদেশের নির্বাচনে কট্টরপন্থী ভোট পাওয়ার আশায় কংগ্রেস কি হিন্দুধর্মকে অপমান করার মতো অবস্থান নিচ্ছে?
সমাজবাদী পার্টিকেও আক্রমণ করেন বিজেপির এই নেতা। দলটির নেতা সনাতন পাণ্ডের সাম্প্রতিক এক মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অযোধ্যায় সংবিধান রক্ষার জন্য তৎকালীন সমাজবাদী পার্টি সরকার গুলি চালানোর নির্দেশ দিয়েছিল বলে দাবি করা হয়েছে।
সোনিয়ার স্মৃতিকথা প্রকাশকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বিতর্ক নতুন করে সামনে এসেছে। স্মৃতিকথায় সোনিয়ার নিজের রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি ২০০৪ সালে প্রধানমন্ত্রী পদ গ্রহণ না করার সিদ্ধান্তও আলোচনায় এসেছে।










