যুদ্ধের ময়দানে এখন আর শুধু আকাশ, স্থল কিংবা সমুদ্রের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই হচ্ছে না। আধুনিক ড্রোনের নজরদারি ও হামলা এড়াতে ইউক্রেনের সেনারা এবার আশ্রয় নিচ্ছেন মাটির গভীরে। পরিত্যক্ত প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনকে ব্যবহার করা হচ্ছে সেনা চলাচল, অস্ত্র ও খাদ্য সরবরাহ এবং আহত সেনাদের সরিয়ে নেওয়ার কাজে। এমনকি এসব সংকীর্ণ পাইপের ভেতরেই রুশ সেনাদের সঙ্গে সরাসরি লড়াই করছেন ইউক্রেনীয় যোদ্ধারা।
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের কুপিয়ানস্ক শহরের কাছে পরিত্যক্ত গ্যাস পাইপলাইনগুলো এখন দেশটির সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। একসময় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রাকৃতিক গ্যাস পরিবহনে ব্যবহৃত এসব পাইপলাইন বর্তমানে পরিণত হয়েছে ভূগর্ভস্থ সামরিক যোগাযোগ ও রসদ সরবরাহের পথে।
পাইপগুলোর ব্যাস চার ফুটেরও কম। ফলে ভেতরে দাঁড়িয়ে চলাফেরা করা সম্ভব নয়। সেনাদের হামাগুড়ি দিয়ে কিংবা শরীর নিচু করে চলতে হয়। তারপরও একটানা কয়েক সপ্তাহ পর্যন্ত এসব পাইপের ভেতরে অবস্থান করছেন তাঁরা। অস্ত্র ও গ্রেনেড নিয়ে শত্রুপক্ষের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি আহত ও নিহত সহযোদ্ধাদের সরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় খাবার ও গোলাবারুদ পৌঁছে দেওয়াও তাঁদের দায়িত্বের অংশ।

ড্রোনের চোখ এড়াতে ভূগর্ভস্থ পথ
পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এখন ড্রোনের উপস্থিতি এতটাই ব্যাপক যে, খোলা জায়গায় চলাচল করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রুশ ড্রোনগুলো আকাশ থেকে সামরিক যান, সেনা চলাচল এবং সামান্য নড়াচড়াও শনাক্ত করতে পারে। এ কারণে সামরিক যান নিয়ে চলাচলের সময়ও ইউক্রেনীয় সেনাদের বারবার সতর্ক থাকতে হচ্ছে।
কুপিয়ানস্কের কাছে ভূগর্ভস্থ পাইপলাইনে পৌঁছাতে সাংবাদিকদেরও প্রথমে খোলা মাঠ পেরোতে হয়েছিল। তাঁদের সঙ্গে থাকা সেনারা আকাশে ড্রোন শনাক্ত করার যন্ত্র এবং মুঠোফোনের মাধ্যমে নজরদারি দলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। একপর্যায়ে যন্ত্রে সতর্কসংকেত বেজে উঠলে সবাইকে দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে হয়।
এমন পরিস্থিতিতে মাটির নিচের পথকে তুলনামূলক নিরাপদ মনে করছেন ইউক্রেনীয় সেনারা। যদিও সেখানে রয়েছে বাতাসের স্বল্পতা, ধুলাবালি, গ্যাসের অবশিষ্ট গন্ধ এবং দীর্ঘ সময় আবদ্ধ থাকার শারীরিক ও মানসিক চাপ।
পাইপের ভেতরেই রুশ সেনাদের সঙ্গে লড়াই
কুপিয়ানস্কের আশপাশে প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ পরিত্যক্ত গ্যাস পাইপলাইন রয়েছে। রুশ সেনারাই প্রথম এসব শিল্পকারখানার পরিত্যক্ত পাইপ ব্যবহার করে সামরিক অভিযান চালায়। গত বছরের শেষ দিকে তারা পাইপলাইনের ভেতর দিয়ে কুপিয়ানস্কে প্রবেশ করেছিল।

পরে ইউক্রেনের খার্তিয়া কোর্পস একই ধরনের ভূগর্ভস্থ অভিযান পরিচালনার পরিকল্পনা করে। এ জন্য তারা পুরোনো পাইপলাইনের নকশা সংগ্রহ করে এবং নেটওয়ার্কটি নির্মাণের সঙ্গে যুক্ত অবসরপ্রাপ্ত গ্যাস বিশেষজ্ঞদের সহায়তা নেয়। পাইপের ভেতরে বাতাস চলাচলের ব্যবস্থা তৈরি করাই ছিল সবচেয়ে কঠিন কাজ।
অভিযানের প্রথম দিকে একটি পাইপের ভেতরেই রুশ ও ইউক্রেনীয় সেনাদের মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র গোলাগুলির পরও ইউক্রেনীয় সেনারা রুশ বাহিনীকে পেছনে ঠেলে দিতে পারেননি। পরে তাঁরা পাইপের একটি অংশে নতুন বের হওয়ার পথ তৈরি করেন। সেখান থেকে পাশের আরেকটি পাইপের দিকে সুড়ঙ্গ খুঁড়ে আবার প্রথম পাইপে প্রবেশ করেন রুশ সেনাদের অবস্থানের পেছন দিক দিয়ে।
এভাবে রুশ সেনাদের ঘিরে ফেলা সম্ভব হয়। খার্তিয়া কোর্পসের উপপ্রধান কমান্ডার কর্নেল ভলোদিমির লিসিউকের দাবি, ওই অভিযানে কয়েক ডজন রুশ সেনা নিহত হন এবং কয়েকজনকে বন্দি করা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং স্বাধীন সামরিক বিশ্লেষকেরাও মনে করেন, কুপিয়ানস্ক রক্ষায় এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে শহরটিকে ঘিরে যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। ভিয়েনাভিত্তিক সামরিক বিশ্লেষক ফ্রানৎস-স্টেফান গ্যাডির নেতৃত্বাধীন একটি দল মাঠপর্যায়ের গবেষণার ভিত্তিতে অভিযানটিকে কৌশলগত সাফল্য হিসেবে মূল্যায়ন করেছে।

ভূগর্ভস্থ জীবনেও বাড়ছে ঝুঁকি
ড্রোনের আক্রমণ থেকে রক্ষা পেলেও পাইপের ভেতরে অবস্থান করা মোটেও নিরাপদ নয়। সেখানে দীর্ঘ সময় তাজা বাতাস পাওয়া যায় না। সেনাদের অস্থায়ীভাবে প্লাস্টিকের ব্যাগ ও বোতল ব্যবহার করে শৌচকর্ম সারতে হয়। শরীর ও অস্ত্র ধুলাবালি এবং রাসায়নিক অবশিষ্টাংশে ঢেকে যায়।
ওলেকসান্দর নামের এক ইউক্রেনীয় সেনা জানিয়েছেন, কয়েক মাস ধরে নিয়মিত পাইপের ভেতরে দায়িত্ব পালনের কারণে তাঁর ঠোঁট শুকিয়ে ফেটে গেছে। দীর্ঘ সময় আকাশ ও খোলা বাতাস থেকে বিচ্ছিন্ন থাকাও কঠিন। তবে ড্রোনের সামনে থাকার চেয়ে তিনি পাইপের ভেতরে থাকাকেই বেশি নিরাপদ মনে করেন।
৪৬ বছর বয়সী আরেক সেনা রোস্তিস্লাভ জানিয়েছেন, দীর্ঘ সময় ভূগর্ভে থাকার পর স্বাভাবিক জীবনে ফিরে আসতেও সমস্যা হয়। ছুটিতে বাড়ি ফিরে কখনো ঘুম থেকে উঠে প্রথমে ঘরের ছাদের উচ্চতা বোঝার চেষ্টা করেন তিনি। পরে বুঝতে পারেন, তিনি আর পাইপের ভেতরে নেই; নিজের ঘরেই আছেন।
একবার রুশ বোমার আঘাতে পাইপের প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক সেনার মৃত্যুও হয়েছে।

যুদ্ধের নতুন অবকাঠামো তৈরির পরিকল্পনা
ভূগর্ভস্থ অভিযানের অভিজ্ঞতা থেকে ইউক্রেন এখন আরও বড় পরিসরে মাটির নিচে সামরিক অবকাঠামো তৈরির বিষয়টি বিবেচনা করছে। প্রতিরক্ষা উৎপাদন ও রসদ সরবরাহের কিছু কার্যক্রম ইতিমধ্যে ভূগর্ভে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি যুদ্ধক্ষেত্রের পর্যবেক্ষণকেন্দ্রগুলোর সঙ্গে পেছনের সরবরাহব্যবস্থার যোগাযোগ উন্নত করতে সুড়ঙ্গের নেটওয়ার্ক তৈরির সম্ভাব্য ব্যয়ও হিসাব করছে দেশটির সামরিক বাহিনী।
কুপিয়ানস্কের কাছে এসব পাইপলাইনের ভেতরে ছোট বৈদ্যুতিক যান ব্যবহার করে সেনা ও রসদ পরিবহন করা হচ্ছে। এসব যান ঘণ্টায় প্রায় ১৬ কিলোমিটার গতিতে চলতে পারে। ছয় মাইল বা প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় ৪০ মিনিট।
দিনের বেলায় এসব যান মূলত খাবার ও গোলাবারুদ বহন করে। রাতে একই পথে মাটি সরিয়ে নেওয়া হয়। তবে পাইপের প্রবেশপথে রুশ ড্রোনের উপস্থিতি শনাক্ত হলেই সেনাদের দ্রুত আরও গভীরে সরে যেতে হয়। কিছু ড্রোন শরীরের তাপ শনাক্ত করার প্রযুক্তিও ব্যবহার করছে।
সব মিলিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। আকাশে ড্রোনের আধিপত্য বাড়ায় মাটির নিচে তৈরি হচ্ছে বিকল্প যুদ্ধপথ। যেখানে কয়েক দশক আগেও গ্যাস পরিবহন হতো, সেখানেই এখন চলছে সেনা মোতায়েন, গোলাবারুদ সরবরাহ এবং সরাসরি যুদ্ধ। আধুনিক যুদ্ধের এই পরিবর্তন ভবিষ্যতের সামরিক কৌশল ও অবকাঠামোর ধারণাকেও নতুনভাবে সামনে আনছে।











