ভারতের বিহারের বেগুসরাইয়ে গণধর্ষণের শিকার ৩০ বছর বয়সী এক নারীকে ১৫ ফুট উঁচু ভবনের ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের স্বজনদের বিরুদ্ধে। মঙ্গলবার জেলার চাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই নারীকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী নারীর নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে পুলিশ। তাঁর বাড়িতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তাঁর বক্তব্যের ভিত্তিতে ভোঙ্গল কুমার নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য এক অজ্ঞাতপরিচয় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
বেগুসরাই পুলিশের উপপুলিশ সুপার (সদর) নিখিল কুমার জানান, মহকুমা পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে চাকিয়া থানার একটি দল ঘটনাটি তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে, ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি আগের গণধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত নন। আগের মামলায় চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আরও একজনের সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগের মামলার কোনো আসামিই এখন পর্যন্ত জামিনে মুক্তি পাননি। মামলাটির দ্রুত বিচার চলছে।
মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ
ভুক্তভোগীর স্বামী অভিযোগ করেছেন, গত ১১ জুন গণধর্ষণের ঘটনার পর থেকেই আসামিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের মামলা তুলে নিতে চাপ দিচ্ছিলেন। মামলা প্রত্যাহার না করলে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হচ্ছিল।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। সর্বশেষ তাঁর স্ত্রীকে ভবনের ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে।
গত ১১ জুন ধর্ষণের শিকার হওয়ার পর ওই নারীকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে পাঁচ দিন পর তিনি শারীরিক ব্যথার কথা জানালে আলট্রাসনোগ্রাম পরীক্ষায় তাঁর গোপনাঙ্গে কাঠ ও পাথরের টুকরার উপস্থিতি ধরা পড়ে। এরপর তাঁকে আবারও কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।
এ ঘটনায় তদন্তের জন্য বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছিল। তদন্তের পর চারজনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে আগের গণধর্ষণ মামলার দ্রুত বিচার কার্যক্রম চলছে।










