রুশ অনুপ্রবেশকারী দল ইউক্রেনের সম্মুখযুদ্ধের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ছোট ছোট এই দলগুলো গোপনে ইউক্রেনীয় সেনাদের প্রতিরক্ষা অবস্থানের মাঝখান দিয়ে ঢুকে পেছনের এলাকায় পৌঁছে যাচ্ছে। এতে সেনাদের নিরাপদে অবস্থান পরিবর্তন, বিশ্রাম নেওয়া এবং প্রয়োজনীয় খাবার ও অস্ত্র সরবরাহের পথ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কোনো কোনো ক্ষেত্রে ইউক্রেনীয় সৈন্যদের দিনের পর দিন, এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত সম্মুখযুদ্ধের অবস্থানে আটকে থাকতে হচ্ছে।
ইউক্রেনীয় সেনাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ শুধু রুশ বাহিনীর সরাসরি আক্রমণ মোকাবিলা করা নয়, বরং নিজেদের অবস্থানের আশপাশে লুকিয়ে থাকা ছোট ছোট শত্রু দলের গতিবিধি সম্পর্কে সতর্ক থাকাও। এসব দল কখন কোথা থেকে হামলা চালাবে, তা আগে থেকে বোঝা কঠিন। ফলে নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকাতেও এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাওয়া নিরাপদ থাকছে না।
ইয়াঙ্কি ছদ্মনামে পরিচিত ইউক্রেনীয় সেনাবাহিনীর এক সার্জেন্ট জানিয়েছেন, রাশিয়া এখন ছোট ছোট দলে সেনা পাঠিয়ে অনুপ্রবেশের কৌশল আরও বাড়িয়েছে। তাঁর ভাষায়, এটি সম্মুখযুদ্ধে থাকা সেনাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, একবার তাঁর অবস্থানের পেছনে প্রায় ১২ জন রুশ সেনা অনুপ্রবেশ করেছিল। তাদের উপস্থিতির কারণে তিনি প্রায় এক মাস ওই অবস্থান থেকে বের হতে পারেননি।
সম্মুখযুদ্ধের অবস্থান থেকে বের হওয়াও বিপজ্জনক
যুদ্ধের ময়দানে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর সেনাদের নিয়মিত পরিবর্তন করা জরুরি। এতে ক্লান্ত সৈন্যরা বিশ্রাম ও শারীরিকভাবে সুস্থ হওয়ার সুযোগ পান। নতুন সেনারা দায়িত্ব নেওয়ায় প্রতিরক্ষাব্যবস্থাও সচল থাকে। কিন্তু ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এই নিয়মিত পরিবর্তন এখন কঠিন হয়ে পড়েছে।
রাশিয়ার নজরদারি ড্রোন ও হামলাকারী ড্রোনের কারণে এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাওয়ার পথ ক্রমেই বিপজ্জনক হচ্ছে। বিশেষ করে সেনাদের যখন নিজেদের লুকানো আশ্রয় ছেড়ে খোলা জায়গা দিয়ে চলাচল করতে হয়, তখন তারা সহজেই শত্রুপক্ষের নজরে পড়ে যান। এর পাশাপাশি রুশ অনুপ্রবেশকারী দলও নতুন বিপদ তৈরি করছে। ইয়াঙ্কি বলেন, কখন কোন পদক্ষেপে শত্রুপক্ষের হামলার মুখে পড়তে হবে, তা জানা যায় না। এ কারণে দায়িত্ব শেষে অবস্থান থেকে বের হওয়ার সময় সেনাদের মধ্যে মানসিক চাপও তৈরি হয়।
তিনি ইউক্রেনের সম্মুখযুদ্ধের একটি ইউনিটে দায়িত্ব পালন করেন। তাঁর ইউনিট কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে। এসব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রুশ যুদ্ধবিমান ও অন্যান্য আকাশপথের হুমকি মোকাবিলায় পদাতিক সেনাদের সহায়তা দেওয়া হয়।
ইউক্রেনের দা ভিঞ্চি উলভস ব্যাটালিয়নের রোবটিক ব্যবস্থা বিভাগের প্রধান ওলেক্সান্দর ইয়াবচানকা বলেন, বর্তমানে সেনাদের অবস্থান পরিবর্তন করানো সামরিক বাহিনীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তাঁর মতে, রাশিয়া এখন এক বা দুই সদস্যের ছোট ছোট পদাতিক দল পাঠিয়ে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থার ভেতরে ঢোকার চেষ্টা করছে। আগে রাশিয়া বড় আকারের সেনা দল নিয়ে সরাসরি আক্রমণের ওপর বেশি নির্ভর করত। এখন সেই পদ্ধতির পাশাপাশি ছোট ছোট দল ব্যবহার করে গোপনে অনুপ্রবেশের চেষ্টা বাড়িয়েছে।
ছোট দল, বড় ধরনের বিপর্যয়
রুশ সেনাদের এই কৌশল ইউক্রেনের সামরিক অভিযানের ক্ষেত্রেও বড় বাধা তৈরি করছে। ইউক্রেনের স্থলবাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিট থার্ড আর্মি কর্পস জানিয়েছে, তাদের পরিচালিত ‘অপারেশন ভিভালদি’ চলাকালে রুশ অনুপ্রবেশকারী দল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। অক্টোবর মাসে শেষ হওয়া ওই পাল্টা অভিযানে ইউক্রেনীয় বাহিনী প্রায় ১০৬ বর্গমাইল এলাকা পুনর্দখল করেছিল। অভিযানের সময় রুশ সেনারা ইউক্রেনীয় অবস্থানের মাঝখান দিয়ে ঢুকে পড়ার চেষ্টা করে। কোনো কোনো ক্ষেত্রে তারা বেসামরিক মানুষের ছদ্মবেশও ব্যবহার করে বলে অভিযোগ করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।
এসব অনুপ্রবেশকারী দল ইউক্রেনের সেনাদের পেছনের এলাকায় হামলা চালানোর পাশাপাশি রসদ সরবরাহের পথেও বাধা সৃষ্টি করে। পরিস্থিতি মোকাবিলায় অনুপ্রবেশকারীদের শনাক্ত ও ধ্বংস করতে বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়ের জন্য একটি যৌথ সদর দপ্তরও গঠন করা হয়।
ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের স্থলযুদ্ধ বিশেষজ্ঞ জ্যাক ওয়াটলিং এর আগে জানিয়েছেন, রুশ অনুপ্রবেশকারী দল সাধারণত দুই থেকে পাঁচজনের হয়ে থাকে। তারা ধীরে ধীরে ইউক্রেনের প্রতিরক্ষা অবস্থানের মাঝখানে নিজেদের উপস্থিতি বাড়ায়। এর ফলে ইউক্রেনীয় সেনাদের কাছে অস্ত্র, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানো কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে এক অবস্থানে থাকা সেনারা পাশের অবস্থানে থাকা সহযোদ্ধাদের সহায়তা করতেও বাধার মুখে পড়েন।
এসব দল শুধু হামলা চালায় না, ইউক্রেনীয় সেনাদের অবস্থান ও প্রতিরক্ষাব্যবস্থা সম্পর্কেও তথ্য সংগ্রহ করে। তাদের খুঁজে বের করতে ইউক্রেনীয় বাহিনীকে অতিরিক্ত সেনা, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করতে হয়। এতে বড় ধরনের হামলা চালানোর আগেই রুশ বাহিনী ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থাকে দুর্বল করার সুযোগ পায়।
দীর্ঘদিন একই অবস্থানে থাকতে হচ্ছে সেনাদের
ইউক্রেনের সামরিক নেতৃত্বও স্বীকার করেছে, ড্রোনের ব্যাপক উপস্থিতির কারণে সম্মুখযুদ্ধের অবস্থান থেকে সেনাদের সরিয়ে নেওয়া এখন অত্যন্ত জটিল কাজ। দেশটির সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কি জুলাই মাসে জানিয়েছিলেন, সম্মুখযুদ্ধের সবচেয়ে বিপজ্জনক এলাকায় থাকা সেনাদের পরিবর্তন করতে বিশেষ পরিকল্পনা প্রয়োজন হচ্ছে। এ কাজে ড্রোন, যুদ্ধক্ষেত্রের গোয়েন্দা তথ্য এবং আবহাওয়ার পরিস্থিতি কাজে লাগাতে হচ্ছে। বিশেষ করে অন্ধকার ও খারাপ আবহাওয়া সেনাদের চলাচল আড়াল করতে সহায়তা করে।
তিনি আরও জানিয়েছিলেন, প্রায় দুই ডজন সেনা ২০০ দিন বা তার বেশি সময় ধরে সম্মুখযুদ্ধের অবস্থানে দায়িত্ব পালন করছিলেন। সাধারণত দীর্ঘদিন একই অবস্থানে থাকলে সেনাদের শারীরিক ও মানসিক ক্লান্তি বাড়ে। প্রয়োজনীয় বিশ্রাম না পাওয়ায় তাদের যুদ্ধ করার সক্ষমতাও কমে যেতে পারে। কিন্তু রুশ ড্রোন ও অনুপ্রবেশকারী দলের কারণে অনেক সময় সেনাদের সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে না।
ঝুঁকি কমাতে রোবট ও ড্রোনের ব্যবহার বাড়াচ্ছে ইউক্রেন
সেনাদের দীর্ঘদিন সম্মুখযুদ্ধে আটকে থাকার সমস্যা কমাতে ইউক্রেনের সামরিক বাহিনী অবস্থান পরিবর্তনের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। সিরস্কি এপ্রিল মাসে বলেছিলেন, সাধারণ পরিস্থিতিতে কোনো সেনার সম্মুখযুদ্ধের অবস্থানে দুই মাসের বেশি থাকার কথা নয়। এই সময় শেষ হলে পরবর্তী এক মাসের মধ্যে তাঁকে সরিয়ে নতুন সেনা দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে যুদ্ধের বাস্তব পরিস্থিতিতে এই সময়সীমা মেনে চলা সব সময় সম্ভব হচ্ছে না। বিশেষ করে যেখানে তীব্র লড়াই চলছে এবং রুশ ড্রোনের নজরদারি বেশি, সেখানে সেনাদের নিরাপদে সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে।
এই সমস্যা মোকাবিলায় ইউক্রেন এখন ড্রোনের পাশাপাশি স্থলভিত্তিক রোবটের ব্যবহার বাড়াচ্ছে। যেসব বিপজ্জনক কাজ আগে সরাসরি সেনাদের করতে হতো, সেগুলোর কিছু দায়িত্ব এখন চালকবিহীন যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করার চেষ্টা চলছে। ইয়াবচানকা বলেন, সেনাদের অবস্থান পরিবর্তনের সময় খোলা জায়গায় থাকার সময় যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে আকাশে উড়তে পারে এমন ড্রোন এবং মাটিতে চলতে সক্ষম রোবটকে দিয়ে বেশি সংখ্যক কাজ করানো হচ্ছে।
এ ছাড়া রুশ অনুপ্রবেশকারী দলগুলোকে খুঁজে বের করতে বিশেষ অনুসন্ধান ও হামলাকারী দলও ব্যবহার করছে ইউক্রেন। দেশটির ৬৬তম পৃথক যান্ত্রিক পদাতিক ব্রিগেড জানিয়েছে, তাদের ড্রোন পরিচালনাকারীরা ছোট ছোট রুশ সেনাদলের অবস্থান শনাক্ত করে সেগুলো ধ্বংস করার চেষ্টা করছেন। এর উদ্দেশ্য হলো, রুশ সেনাদের ছোট দলগুলো যেন একত্র হয়ে বড় আকারের আক্রমণ চালানোর মতো শক্তি অর্জন করতে না পারে।
সব মিলিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এখন নতুন ধরনের চাপ তৈরি হয়েছে। সরাসরি সম্মুখযুদ্ধের পাশাপাশি ছোট ছোট রুশ অনুপ্রবেশকারী দল, ড্রোনের নজরদারি এবং নিরাপদে সেনা সরানোর জটিলতা সামরিক বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ফলে যুদ্ধের ময়দানে শুধু নতুন অস্ত্র বা বেশি সেনা মোতায়েনই নয়, সেনাদের নিরাপদে অবস্থান পরিবর্তন করাও এখন একটি গুরুত্বপূর্ণ সামরিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।












