ভারতের ওড়িশা রাজ্যের গঞ্জাম জেলায় ঘূর্ণিঝড় অর্ণবের পর ভয়াবহ বন্যাকে ‘মানবসৃষ্ট’ বলে বিরোধীদের করা অভিযোগ নাকচ করেছে রাজ্য সরকার। সরকারের দাবি, টানা তিন দিনের নজিরবিহীন ভারী বৃষ্টিপাতের কারণেই ওই অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যা নিয়ন্ত্রণ কিংবা জলাধারের গেট পরিচালনায় কোনো ধরনের অবহেলা ছিল না বলেও দাবি করেছে প্রশাসন।
বুধবার ওড়িশার মুখ্য সচিব অনু গর্গ বলেন, গঞ্জাম জেলায় সাম্প্রতিক বন্যার জন্য টানা তিন দিনের নজিরবিহীন বৃষ্টিপাতই দায়ী। বন্যা মোকাবিলা এবং জলাধারের গেট পরিচালনায় কোনো ধরনের গাফিলতি হয়নি।
তবে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ওড়িশায় বিভিন্ন ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন। গত ২৮ অক্টোবর ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে।
বন্যা নিয়ে রাজনৈতিক বিতর্ক
ওড়িশার সাবেক মুখ্যমন্ত্রী ও বিজু জনতা দলের (বিজেডি) প্রধান নবীন পট্টনায়েক গঞ্জামের বন্যাকে ‘মানবসৃষ্ট’ বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, বিজেপি সরকারের অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার কারণে সাধারণ মানুষকে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয়েছে। এ ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তিনি।
নবীন পট্টনায়েকের অভিযোগ, আবহাওয়ার সতর্কবার্তা থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ বাঁধের পানির স্তর যথাযথভাবে পর্যবেক্ষণ করেনি। ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার পর জলাধার থেকে পানি ছাড়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটে। এতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে মুখ্য সচিব অনু গর্গ বলেন, কেন্দ্রীয় পরিদর্শক দলও সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করে জানিয়েছে, নজিরবিহীন বৃষ্টিপাতের কারণেই বন্যা হয়েছে।
ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত গঞ্জাম, গজপতি ও কন্ধমাল জেলার ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম পর্যালোচনা করেন মুখ্য সচিব। এ সময় তিনি জানান, কেন্দ্রীয় পরিদর্শক দলের মধ্যে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও ছিলেন।
ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল ও অর্থসহায়তা
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। বুধবার গঞ্জাম, গজপতি ও কন্ধমাল জেলার সব ব্লকে জরুরি ত্রাণসহায়তা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঘোষিত ত্রাণ প্যাকেজ অনুযায়ী, তিন জেলার ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০ কেজি চাল এবং ২ হাজার ৫০০ রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
ঘূর্ণিঝড় অর্ণবের পর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।











